আসছেন না কোহলি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাহলে কি গত বছরেরই পুনরাবৃত্তি হচ্ছে? সেরা খেলোয়াড়দের অনেকের ‘বিশ্রাম’-এর দাবি মিটিয়ে বাংলাদেশে দ্বিতীয় সারির দল পাঠাতে যাচ্ছে ভারত? সম্ভাবনা বা শঙ্কা যা-ই বলুন, সেটি আগে থেকেই ছিল। তা আরও জোরালো হয়ে উঠেছে গতকাল ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত খবরে। ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি এরই মধ্যে বাংলাদেশ সফর থেকে অব্যাহতি চেয়েছেন।
অস্ট্রেলিয়ায় লম্বা সফরের পর পরই বিশ্বকাপ, বিশ্বকাপ থেকে ফেরার পর একটু বিরতি দিয়েই শুরু হয়ে গেছে আইপিএল, আগামী দুই মাসে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা সফরও আছে ভারতের। বিশ্রাম নেওয়ার জন্য কোহলির তাই বাংলাদেশ সফরটাকেই ‘উপযুক্ত’ বলে মনে হয়েছে। শুধু কোহলিই নন, ভারতের আরও কয়েকজন শীর্ষস্থানীয় খেলোয়াড়ও নাকি এই সফরে আসতে অনিচ্ছার কথা জানিয়েছেন। শেষ পর্যন্ত কোহলির ইচ্ছাই পূর্ণ হলে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে কে ভারতকে নেতৃত্ব দেবেন, এ নিয়ে জল্পনা-কল্পনাও চলছে। সুরেশ রায়না ও রোহিত শর্মার তো বটেই, অজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পুজারার নাম পর্যন্ত শোনা যাচ্ছে।
গত বছর জুনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতেও দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল ভারত। মহেন্দ্র সিং ধোনির বদলে নেতৃত্ব দিয়েছিলেন সুরেশ রায়না। সেরা খেলোয়াড়দের ছাড়াই অবশ্য ভারত তিন ম্যাচের দুটিতে অনায়াসে জিতেছিল, বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল অন্য ম্যাচটি।
ভারতের বিপক্ষে খেলা হলে টিভি স্বত্ব থেকে বড় একটা আয়ের হাতছানি থাকে। সেরা খেলোয়াড়েরা না এলে তাতে প্রভাব পড়তে বাধ্য। ভারতীয় দলটা যেন একেবারে তারকাদ্যুতিহীন না হয়, বিসিসিআই সেই চেষ্টা করছে বলেও জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। তাতে কাজ হলেই ভালো!