আসছেন বেয়ারস্টো-মঈন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনি বেয়ারস্টো
জনি বেয়ারস্টো

অ্যালিস্টার কুক আগেই ইসিবিকে জানিয়েছেন, বাংলাদেশ সফরে তিনি আসছেন। কিন্তু ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক সংবাদমাধ্যমকে প্রকাশ্যে কিছু বলেননি। এবার ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান জনি বেয়ারস্টো ও সহকারী কোচ পল ফারব্রেস পরশু জানিয়েছেন, বাংলাদেশে আসতে তাঁদের কোনো সমস্যা নেই। কাল অলরাউন্ডার মঈন আলী নিশ্চিত করে দিলেন নির্বাচিত হলে তিনিও আসছেন বাংলাদেশ সফরে।
কয়েক দিন আগেই ইসিবি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ইংল্যান্ডের বাংলাদেশ সফর সময়মতোই হবে। কিন্তু কোনো ক্রিকেটারকে বাংলাদেশে যাওয়ার ব্যাপারে চাপাচাপি করা হবে না। প্রশ্নটা উঠেছিল তখনই, ইংল্যান্ডের সিনিয়র ক্রিকেটাররা সবাই আসছেন তো? ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক এউইন মরগানের অবশ্য বাংলাদেশ সফর নিয়ে একটু দ্বিধা আছে। পরশু অবশ্য পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, পাকিস্তানের সফর শেষেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেবেন। বাকি একটি ওয়ানডে ও একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে ৭ সেপ্টেম্বরই শেষ হয়ে যাবে পাকিস্তানের সফর। তাহলে ৭ সেপ্টেম্বরের পরই জানা যাবে মরগান বাংলাদেশে আসবেন কি আসবেন না। তবে সহকারী কোচ ফারব্রেস, বেয়ারস্টো ও মঈনের সম্মতি থেকে এটি অন্তত এখন পরিষ্কার হলো, প্রায় পুরো শক্তির ইংল্যান্ড দলকেই পাওয়া যাবে বাংলাদেশে।
রেগ ডিকাসনের নেতৃত্বে ইংল্যান্ডের তিন সদস্যের নিরাপত্তা প্রতিনিধি গত মাসেই ঢাকা ঘুরে গেছে। তাদের প্রতিবেদনের ওপর ভিত্তি করেই সবুজসংকেত দিয়েছে ইসিবি। ওই প্রতিনিধিদলের প্রতিবেদনেই আস্থা রাখছেন বেয়ারস্টোও, ‘এখনো শতভাগ সিদ্ধান্ত আমি নিইনি, কিন্তু রেগের ওপর আমার অনেক আস্থা আছে। তাঁর সঙ্গে আমি অনেক অনেক সফর করেছি। সেই ছোটবেলা থেকেই তিনি আমাকে চেনেন। আমি তাঁকে অনেক প্রশ্ন করেছি, সেটাই অবশ্য স্বাভাবিক। তবে রেগ এ ব্যাপারে একজন বিশেষজ্ঞ। আমি জানি ও নিজের কাজে দারুণ, সে জন্যই সে ইংল্যান্ডের নিরাপত্তা দলের প্রধান।’ অবশ্য শতভাগ নিশ্চিত না করলেও বেয়ারস্টোর সিদ্ধান্ত যে ইতিবাচকই হবে, সেই ইঙ্গিত তাঁর কথায় স্পষ্ট, ‘দেখুন, এ মুহূর্তে বিশ্বের কোথাও কেউ নিরাপদ নয়। সেটা ইংল্যান্ড হোক বা অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা বা বাংলাদেশ। এখনো কোনো সিদ্ধান্ত নিইনি, কিন্তু আমি আত্মবিশ্বাসী শিগগিরই সে রকম একটা কিছু নেব এবং সেটা ইতিবাচকই হবে।’

মঈন আলী
মঈন আলী

বেয়ারস্টোর কথায় একটু ‘কিন্তু’ থাকলেও মঈন নিজের কাছে পরিষ্কার, ‘দলে নির্বাচিত হলে আমি অবশ্যই যাব। সবকিছু যেভাবে চলছে তাতে আমি খুব খুশি। আমি ওখানে পাঁচ বা ছয়বার খেলেছি।’ ইংলিশ অলরাউন্ডার মনে করিয়ে দিচ্ছেন, বাংলাদেশকে আলাদাভাবে ঝুঁকিপূর্ণ বিবেচনা করার কারণ নেই, ‘আমার কথা হচ্ছে বিশ্বের কোথাও এখন কেউ নিরাপদ নন। যে কেউই যেকোনো সময় আক্রান্ত হতে পারেন।’
ফারব্রেসের ‘হ্যাঁ’ বলাটাও দারুণ গুরুত্বপূর্ণ অন্য একটা কারণে। ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের হয়ে কাজ করছিলেন। লাহোরে ওই বোমা হামলায় মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন। সেই বিভীষিকা মাথায় রেখেও ফারব্রেস বাংলাদেশে আসতে চাইছেন, ‘এখানে সিদ্ধান্ত নেওয়ার তো কিছু নেই। গত সপ্তাহে আমরা লন্ডনে বৈঠক করেছি, ওখানে এমন কিছু হয়নি যাতে এ সফরের ব্যাপারে আমি উদ্বিগ্ন হব।’ বেয়ারস্টোর মতো ডিকাসনের ওপর ফারব্রেসের অগাধ আস্থা, ‘রেফ ডিকাসন বা বোর্ডকে নিয়ে প্রশ্ন তোলার কোনো কারণ আমি দেখিনি। ল্যাংহাম হোটেলে রেগ যা বলেছে সেটা আমার কাছে শতভাগ নিখুঁত মনে হয়েছে।’
ফারব্রেস ও বেয়ারস্টোর সিদ্ধান্ত বাকিদের কতটুকু প্রভাবিত করবে, সেটা কদিনের মধ্যেই জানা যাবে। এএফপি, মেইল অনলাইন।