আসলে কোনটি সত্যি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলভিরো পিটারসেন
আলভিরো পিটারসেন

ম্যাচ পাতানোয় জড়িত থাকার অভিযোগ উঠেছে আলভিরো পিটারসেনের বিরুদ্ধে। তবে সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান আগেই জানতেন তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ আনতে যাচ্ছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ক্রিকেট (সিএসএ)। অভিযোগ গঠনের আগে নাকি ক্ষমা চাওয়ার প্রস্তাব পাঠানো হয়েছিল পিটারসেনের কাছে। এই ব্যাটসম্যানের আইনজীবী রবিন টোয়াডলের দাবি তা-ই।
পিটারসেনের বিরুদ্ধে সিএসএর যে ৬টি অভিযোগ, সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ম্যাচ পাতানোর তথ্য জেনেও কর্তৃপক্ষকে জানাননি তিনি। কিন্তু টোয়াডলের দাবি উল্টো, ‘আলভিরো স্বীকার করছেন ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত খেলোয়াড়দের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক ছিল। কারণ তিনি তাঁদের সতর্ক করতে চাননি, যাতে তাঁরা বুঝতে না পারেন তদন্ত হচ্ছে এ নিয়ে। কিন্তু তিনি সব সময় তদন্তকারী দলকে সহযোগিতা করেছেন।’ পিটারসেন আগেও দাবি করেছেন, ম্যাচ পাতানোর ব্যাপারটি বুঝতে পেরে তিনি নিজেই যোগাযোগ করেছেন আকসুর সঙ্গে।
তবে সিএসএ পিটারসেনের এই যুক্তি মানেনি বলেই ভুলের জন্য তাঁকে ক্ষমা চাইতে বলে। কিন্তু তা চাইতে রাজি হননি পিটারসেন। বরং বিচারের মুখোমুখি হয়েই নিজেকে নির্দোষ প্রমাণ করতে চান প্রোটিয়াদের হয়ে ৩৬টি টেস্ট, ২১টি ওয়ানডে ও ২টি টি–টোয়েন্টি খেলা পিটারসেন। ক্রিকইনফো।