আসলে তো গেইল-কোহলির লড়াই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিশ্বজুড়েই ছড়িয়ে আছে তাঁর ভক্ত। এই ভক্তদের অনেকেই নিজেদের ভুবনে বড় তারকা। তারপরও ক্রিস গেইল যে তাঁর ভক্ত, এটা জেনে বিস্মিত হয়েছেন অমিতাভ বচ্চন। সেই বিখ্যাত ভক্তের সঙ্গে কয়েক দিন আগে দেখাও হলো। দুজনের মধ্যে উপহারও বিনিময় হলো। এরই মধ্যে বিগ ‘বি’ ছোট্ট একটা অনুরোধ করে বসলেন গেইলের কাছে, ‘আর যা-ই করো বাপু, ভারতের বিপক্ষে সেমিফাইনালে বেশি রান করতে যেয়ো না। আর যদি করেও ফেলো, তাহলেও যেন ভারতই জেতে!’
নিমন্ত্রণ খেয়ে গেইল বলে দিয়েছেন, অমিতাভের সঙ্গে দেখা করে খুব ভালো লেগেছে তাঁর। তবে অনুরোধটা সম্ভবত রাখতে পারবেন না। সেমিফাইনালে রান তো করতে চাইবেনই। যদি তিনি রান না-ও পান, দল জিতলে তাতেই খুশি!
কী করবেন অমিতাভ? এত খাতির-টাতির হলো, কিন্তু গেইল যে তাঁর কথাটা কানেই নিলেন না!
এই পর্যন্ত ঘটনাটা বাস্তব। তবে গল্পটা এগিয়ে নিতে এবার একটু কল্পনার আশ্রয় নেওয়া যাক। ধরা যাক, শেষ পর্যন্ত অমিতাভ একটা নম্বরে ফোন করে বলেছেন, ‘এখন শেষ ভরসা তুমি। ভারতকে জিতিয়ে আনো।’ নম্বরটা বিরাট কোহলির। গেইলের ব্যাটের জবাব এই মুহূর্তে ভারতীয় দলে তিনি ছাড়া আর কে হতে পারবেন!
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের সবচেয়ে বড় বিজ্ঞাপনও এই গেইল আর কোহলি। স্বয়ং গেইল অবশ্য পরশু অনুশীলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারবার বলে গেছেন, ওয়েস্ট ইন্ডিজ দলটা শুধু তাঁর ওপর নির্ভরশীল নয়। উদাহরণ হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে আন্দ্রে ফ্লেচার আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মারলন স্যামুয়েলসের ইনিংস দুটির কথাও বলেছেন। কিন্তু ওসব কে কানে তোলে!
ভারতের অবশ্য এসব যুক্তি দেখানোরও উপায় নেই। ওদের এই টুর্নামেন্টটা আসলে কোহলিময়। নিউজিল্যান্ডের কাছে হার দিয়ে শুরুর পর ভারতকে পাকিস্তানের বিপক্ষে জিতিয়েছেন কোহলিই। বাংলাদেশের বিপক্ষে জয়টা যতটা না ভারতের কৃতিত্ব, তার চেয়ে বেশি প্রতিপক্ষের অনভিজ্ঞতার। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে কোহলির ইনিংসটা তো ক্রিকেট রূপকথারই নতুন অধ্যায় হয়ে গেছে। ওই ম্যাচের পর ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও মেনে নিয়েছেন, ‘সব সময় শুধু একজন ব্যাটসম্যানের ওপর নির্ভর করে ম্যাচ জেতা যায় না।’ যেটা ঘুরিয়ে বললে মানে দাঁড়ায়, ভারত কোহলিতে ভর করেই এত দূর এসেছে।
মুম্বাইয়ে আজও ভারত-ওয়েস্ট ইন্ডিজ লড়াইটা শেষ পর্যন্ত গেইল-কোহলির লড়াই হয়ে গেলে বিস্ময়ের কিছু হবে না।
এটা হওয়ার সম্ভাবনাই যে বেশি সেটা সম্ভবত ভেতরে-ভেতরে গেইলও জানেন। জানেন বলেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সতীর্থকে নিয়ে আগেই মজা করে বলে রাখলেন, ‘এই ম্যাচে বেশি কিছু করতে যেয়ো না। প্লিজ, ডোন্ট ফায়ার!’ কিন্তু তিনি কী করবেন? এবার গেইলের সহাস্য জবাব, ‘আমি তো পেটাবই। ক্রিস গেইল কী সেটা দেখিয়ে দেব সবাইকে।’ এই ওয়াংখেড়েতেই তাঁর অসাধারণ সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে ১৮২ তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রিয় মাঠে আরেকটা বিধ্বংসী ইনিংস খেলতে যে মুখিয়ে আছেন, সেই কথাটা তিনি বলেই দিয়েছেন, ‘আমি তো খুব বেশি ব্যাট করার সুযোগ পাইনি এ পর্যন্ত। এই ম্যাচটাই সুযোগ, যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করার।’
গেইলের চরিত্রের ধরনটাই এমন। সব সময় ফুরফুরে মেজাজে থাকেন। আফগানিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ যে ম্যাচটা হেরেছে, সেটিতে তিনি ম্যাচ শেষে প্রতিপক্ষ দলের সঙ্গে তাল মিলিয়ে নেচেছেন। কোহলি প্রায় উল্টো স্বভাবের। পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচজয়ী ইনিংসের পর ভারত ছাড়িয়ে ক্রিকেট-বিশ্বজুড়েই তাঁকে নিয়ে মাতামাতি। সমকালীনদের ছাড়িয়ে তাঁকে সর্বকালের সেরাদের দলে দেখছেন কেউ কেউ। কিন্তু এসবের মধ্যেও কী ভীষণ নিরুত্তাপ কোহলি। যেন পণ করেছেন, ভারতকে ট্রফি জেতানোর আগ পর্যন্ত উচ্ছ্বাসের জোয়ারে গা ভাসাবেন না মোটেই।
গেইলের হুমকি-ধমকির চেয়ে কোহলির এই ধনুকভাঙা পণও কম ভয়ংকর না কোনো অংশে!