আসলেই এগিয়ে বাংলাদেশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জস বাটলার মানেই আকর্ষণীয় ব্যাটিংয়ের বিজ্ঞাপন। বাটলার মানেই যেন ব্যাকরণকে ভেঙেচুরে রান করে চলা এক ব্যাটসম্যান। সে তুলনায় অধিনায়ক বাটলার অনেকটাই শান্তশিষ্ট, পুরোপুরি নিয়মনিষ্ঠ একজন। বাংলাদেশ সফরের প্রথম সংবাদ সম্মেলনে কাল এতটাই গৎবাঁধা উত্তর দিতে থাকলেন যে, একপর্যায়ে প্রশ্ন করার আগ্রহী লোকই খুঁজে পাওয়া গেল না! তবে এর মাঝেও খানিকটা চমক জাগালেন ভারপ্রাপ্ত ইংলিশ অধিনায়ক। ওয়ানডে সিরিজে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন বাটলার।
দুই দলের সর্বশেষ চার ওয়ানডের তিনটিতেই জিতেছে বাংলাদেশ। আর স্বাগতিক বাংলাদেশ তো এখন মহাশক্তিধর। এ সিরিজে তাই বাংলাদেশই ফেবারিট কি না—এই প্রশ্ন তোলা হয়েছিল বাটলারের কাছে। উত্তর দিতে খানিক ভেবেছেন, শেষ পর্যন্ত ইংলিশ অধিনায়ক দ্বিমত করেননি, ‘সম্ভবত (হেসে) বাংলাদেশই এগিয়ে। বাংলাদেশ আমাদের বিপক্ষে তিনবার জিতেছে। তবে গত ১৮ মাসে আমরাও খুব ভালো খেলছি, রোমাঞ্চকর ক্রিকেট খেলছি।’
বাটলারের কথা মিথ্যা নয়, ২০১৫ বিশ্বকাপের পর আসলেই বদলে গেছে ইংল্যান্ড দল। এ সময় ৩০টি ওয়ানডে খেলেছে ইংল্যান্ড। বৃষ্টিতে ভেসে যাওয়া দুটি ম্যাচ বাদে বাকি ম্যাচগুলোর ১৭টিতেই জয়ী তারা। ৩০ ম্যাচের ১৩টিতেই ৩০০ ছাড়িয়েছে ইংল্যান্ডের ইনিংস। দুবার ৪০০ পেরিয়েছে। গত আগস্টে পাকিস্তানের বিপক্ষে ৪৪৪ রান করে ওয়ানডের বিশ্ব রেকর্ডও গড়েছে তারা।
বাংলাদেশের কন্ডিশনে খেলার ধরনটা একটু বদলাতে হবে ইংল্যান্ডকে। তবে আক্রমণাত্মক মানসিকতায় কোনো ছাড় দেবেন না বাটলার, ‘বাংলাদেশ নিজেদের মাঠে খুব ভালো করছে। কিন্তু আমরা নিজেদের নিয়েই ভাবতে চাই, আমাদের শক্তি কোথায় এবং কীভাবে প্রতিপক্ষের সঙ্গে লড়ব। অবশ্য কন্ডিশনও নিয়ন্ত্রণ করবে কীভাবে আমরা খেলব। আমি সবাইকে আক্রমণাত্মক খেলতেই বলব। এখানে হয়তো আক্রমণের ধরনটা একটু পাল্টাতে হবে।’
ধরনটা শুধু কন্ডিশন না বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্সের জন্যও বদলাতে হবে ইংল্যান্ডকে। বিশ্বকাপের পর বাংলাদেশও যে স্বপ্নযাত্রার মধ্য দিয়ে যাচ্ছে। এ সময় বাংলাদেশ সফর করে গেছে দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তানের মতো দলও। ১৫টি ওয়ানডের ১২টিতেই জিতেছে বাংলাদেশ। অর্থাৎ ৮০ শতাংশ ম্যাচেই জয় নিয়ে ফিরেছে মাশরাফির দল। উল্টো দিকে আক্রমণাত্মক-উত্তেজনাপূর্ণ ক্রিকেটের পসরা সাজিয়েও ৬০ শতাংশেরও কম সফলতা ইংল্যান্ডের। সফরকারীরা যুক্তি দিতে পারত, বাংলাদেশ তো সব ম্যাচ নিজের মাঠেই খেলেছে।
কিন্তু এ সিরিজেও স্বাগতিক দলের নাম বাংলাদেশ। বাটলারকে তাই মেনে নিতেই হচ্ছে, কোনো দ্বিপাক্ষিক সিরিজে ইংল্যান্ড নয়, বাংলাদেশই এগিয়ে!

২০১৫ বিশ্বকাপের পর

             ওয়ানডে       জয়        হার      সাফল্য হার      ৩০০+ ইনিংস

বাংলাদেশ     ১৫        ১২           ৩        ৮০.০০            ২

ইংল্যান্ড        ৩০        ১৭          ১০       ৫৬.৬৭           ১৩