আসলেই টেস্ট খেলতে চান না সাকিব-মোস্তাফিজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ানডে সিরিজের আগে টেস্ট নিয়েই এবার কথা হচ্ছে বেশি! ছবি: এএফপি
ওয়ানডে সিরিজের আগে টেস্ট নিয়েই এবার কথা হচ্ছে বেশি! ছবি: এএফপি

গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। অথচ দেশের ক্রিকেটের বায়ুমণ্ডলে এখনো ভেসে বেড়াচ্ছে টেস্টের আলোচনা। ৪৩ এবং ৪৩-পরবর্তী লজ্জার পর পরশু আলোচনাটিকে নতুন মোড় দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান টেস্ট খেলতে চান না—এর চেয়ে বড় খবর নিশ্চয়ই ‘আজ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে’ও নয়।

বোর্ড সভাপতি বলেছেন, সাকিব-মোস্তাফিজ সরাসরি কখনো বলেননি তাঁরা টেস্ট খেলতে চান না। কিন্তু বিসিবির একাধিক সূত্র থেকে জানা গেছে, জাতীয় দলের এই দুই ক্রিকেটার টেস্ট খেলার প্রতি তাঁদের অনীহার কথা কয়েকবারই প্রকাশ্যে বলেছেন। বোর্ড সভায় এ নিয়ে কথা হয়েছে। দলের অন্য দু-একজন ক্রিকেটার এ নিয়ে বোর্ড কর্মকর্তাদের কাছে অনুযোগও করেছেন।

মোস্তাফিজ নাকি প্রথম আইপিএল খেলে আসার পরই জানান, তিনি দীর্ঘ পরিসরের ক্রিকেট খেলতে আগ্রহী নন। কিন্তু বিসিবি থেকে কড়াভাবে বলে দেওয়া হয়, টেস্ট না খেললে ভবিষ্যতে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও খেলা বন্ধ। মোস্তাফিজের মধ্যে এরপরও বিসিবি বিভিন্ন সময় টেস্ট খেলতে না চাওয়ার মানসিকতা লক্ষ করেছে। চোটে পড়ার প্রবণতা তাঁর ক্যারিয়ারের শুরু থেকেই। সে জন্যই দীর্ঘ পরিসরের ক্রিকেট থেকে দূরে থেকে শুধু সীমিত ওভারের ক্রিকেট খেলতে চান এই বাঁহাতি পেসার।

টেস্টের প্রতি সাকিবের অনীহার কারণও অনেকটা এ রকমই বলে জানিয়েছে বোর্ড সূত্র। টেস্ট খেললে খেলার পরিমাণ বেড়ে যায়, ক্লান্তি চলে আসে দ্রুত। ক্যারিয়ার লম্বা করতে তাই বিশ্বের অনেক ক্রিকেটারই টেস্ট বাদ দিয়ে শুধু ওয়ানডে, টি-টোয়েন্টি এবং বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেন। এসব কারণে সাকিবও একাধিকবার টেস্ট থেকে দূরে থাকতে চেয়েছেন। টেস্টের প্রতি অনাগ্রহের কথা জানিয়েছেন বোর্ড কর্মকর্তাদের। গত দক্ষিণ আফ্রিকা সফরে তো টেস্ট সিরিজের সময়টা ছুটিতেই কাটিয়েছেন সাকিব।

কিন্তু সাকিব যদি টেস্ট খেলতে না-ই চাইবেন, গত ডিসেম্বরে তাঁকে নতুন করে টেস্ট দলের অধিনায়ক কেন করল বিসিবি? বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুসের ব্যাখ্যা, ‘আমাদের মনে হয়েছে সে-ই খেলাটার প্রতি বেশি মনোযোগী, আন্তর্জাতিকভাবেও তার পরিচিতি বেশি। সে জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তার ওপর আমাদের এখনো আস্থা আছে।’

শেষ কথাটি নিয়ে খোদ বিসিবিতেই দেখা যাচ্ছে দ্বিমত। টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক সাকিব দলের সঙ্গে কতটা সম্পৃক্ত থাকতে পারছেন, সেটা নিয়েই উল্টো সন্দিহান কোনো কোনো বোর্ড কর্মকর্তা। দেরাদুনের আফগানিস্তান সিরিজে সাকিব দলের সঙ্গে যোগ দিয়েছিলেন আইপিএল খেলে আসার পর। ওয়েস্ট ইন্ডিজ সফরেও তাই। দেশ থেকে দলের সঙ্গে না গিয়ে তিনি গেছেন যুক্তরাষ্ট্র থেকে। এসব প্রসঙ্গ তুলে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্মকর্তা জালাল ইউনুসের উল্টো কথাটাই বললেন, ‘সাকিবকে তখন টেস্ট অধিনায়কত্ব দেওয়া হয়েছিল আর কোনো বিকল্প ছিল না বলে। তাঁর সামর্থ্য, যোগ্যতা নিয়েও আমাদের কোনো প্রশ্ন নেই। কিন্তু এভাবে চলতে থাকলে আমাদের বিকল্প ভাবতে হতে পারে।’

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে খেলার বাধ্যবাধকতা বিসিবি অনেকবার দিলেও সেটি কঠোরভাবে পালন হয়নি কখনোই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট বিপর্যয়ের পর বিষয়টি নতুন করে ভাবাচ্ছে। বিসিবি সভাপতি যে টেস্টের জন্য আলাদা দলের কথা বলেছেন, সেটি করতে গেলেও প্রয়োজন দীর্ঘ পরিসরের ক্রিকেটে অভিজ্ঞ খেলোয়াড়। কিন্তু জাতীয় দলের বাইরে সে রকম ক্রিকেটার খুব বেশি নেই বিসিবির হাতে। নতুন প্রজন্মের খেলোয়াড়েরাও বড় হচ্ছে টি-টোয়েন্টির ‘গ্ল্যামার’ দেখে। আর সাকিবরাই যদি টেস্ট খেলতে না চান, তাঁরা অনুপ্রাণিত হবেন কীভাবে!

পরশু রাতে মুঠোফোনে এসব নিয়েই কথা বলার চেষ্টা হয়েছে সাকিবের সঙ্গে। কিন্তু তিনি কথা বলতে রাজি হননি। সাকিবকে তাই মুঠোফোন বার্তা পাঠিয়ে করতে হলো প্রশ্নটা। তিনি কি আসলেই টেস্ট খেলতে চান না? জবাবে শুধু কয়েকটি মজার স্টিকার পাঠিয়েই থেমে গেলেন সাকিব। অর্থাৎ এ নিয়ে তাঁর কোনো প্রতিক্রিয়া নেই।
সাকিবের মৌনতার অর্থ হতে পারে দুটি। হয় বিসিবি সভাপতির বক্তব্যের পাল্টা কিছু তিনি বলতে চান না। অথবা ধরে নিতে হবে ‘মৌনতাই সম্মতির লক্ষণ’।