আসলেই 'মহারাজ'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেশব মহারাজ: ৪০ রানে ৬ উইকেট l এএফপি
কেশব মহারাজ: ৪০ রানে ৬ উইকেট l এএফপি

নামের মধ্যেই ‘মহারাজ’ আছে। সুতরাং রাজকীয় কিছু করতে না পারলে কি হয়! সেটিই করলেন কেশব মহারাজ। অবিশ্বাস্যভাবে জিতিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকাকে।
আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পেয়েছেন অনেক দেরিতে। প্রায় ১০ বছর প্রথম শ্রেণির ক্রিকেট খেলার পর গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট অভিষেক বাঁহাতি এই স্পিনারের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই সিরিজে দুই টেস্টে ৪টি উইকেট পেলেন বটে, কিন্তু সেটাকে তো আর রাজকীয় কিছু বলা যায় না। হলো না শ্রীলঙ্কার বিপক্ষে পরের সিরিজেও।
কে জানে, হয়তো নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজটার জন্যই সব জমিয়ে রেখেছিলেন কি না! ডানেডিনে প্রথম টেস্টে একটা ইনিংসেই বল করার সুযোগ পেলেন। ৯৪ রানে ৫ উইকেট। টেস্টটা অবশ্য ড্র হয়েছিল। তারপর ওয়েলিংটনে এই টেস্ট। প্রথম ইনিংসে ব্যাটিং ধসের পরও কুইন্টন ডি কক আর টেম্বা বাভুমা ম্যাচের লাগামটা এনে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার হাতে। কাল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার পর নিউজিল্যান্ডের সুযোগ ছিল ঘুরে দাঁড়ানোর। আর তখনই বল হাতে সত্যিকারের ‘মহারাজ’ হয়ে গেলেন কেশব। ৪০ রানে ৬ উইকেট নিয়ে ধসিয়ে দিলেন কিউইদের দ্বিতীয় ইনিংস। জেতার জন্য ৮১ রানের লক্ষ্য পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। ফাফ ডু প্লেসির দল সেটা তুলে ফেলল ৮ উইকেট হাতে রেখেই। তিন টেস্টের সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
অথচ পরশু সকালেও কী অসহায় লাগছিল দক্ষিণ আফ্রিকাকে! প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ২৬৮ রানের জবাব দিতে নেমে ৯৪ রানেই ৬ উইকেট নেই। দ্বিতীয় দিনের অর্ধেক না যেতেই যে দলের এই অবস্থা, তারা তৃতীয় দিন শেষ না হতেই টেস্ট জিতে গেল। অবিশ্বাস্য নয় তো কী! পেসবান্ধব বেসিন রিজার্ভে স্পিনের জাদু দেখিয়ে সেই জয়ের নায়ক কিনা মহারাজ!
তাঁর ঘূর্ণির সামনে একমাত্র প্রতিরোধ গড়েছিলেন জিত রাভাল। কিন্তু ১৭৪ বলে ৮০ রান করে রাভালও মহারাজের শিকার হয়ে ফিরে যাওয়ার পর আর মাত্র ৭ ওভার টেকে নিউজিল্যান্ডের ইনিংস। অন্য কোনো কিউই ব্যাটসম্যান ৩০ রানও করতে পারেননি। ৫ উইকেটে ১৫৫ থেকে ১৭১ রানে অলআউট স্বাগতিক দল!
৪৪ বছর পর নিউজিল্যান্ডের মাটিতে কোনো অতিথি স্পিনার পরপর দুই টেস্টে ইনিংসে ৫ উইকেট পেলেন। সর্বশেষ এ কীর্তিটা ছিল পাকিস্তানি লেগ স্পিনার ইন্তিখাব আলমের, ১৯৭৩ সালে ডানেডিনে। এক সিরিজে টানা দুই টেস্টে কোনো দক্ষিণ আফ্রিকান স্পিনার ইনিংসে ৫ উইকেট পেলেন ১৪ বছর পর। ২০০৩ সালে সর্বশেষ কীর্তিটা ছিল পল অ্যাডামসের, বাংলাদেশের বিপক্ষে। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ২৬৮ ও ৬৩.২ ওভারে ১৭১ (রাভাল ৮০, ওয়াটলিং ২৯, ব্রুম ২০; মহারাজ ৬/৪০, মরকেল ৩/৫০)। দক্ষিণ আফ্রিকা: ৩৫৯ ও ২৪.৩ ওভারে ৮৩/২ (আমলা ৩৮*, এলগার ১৭; সাউদি ১/২৭, ওয়াগনার ১/১৮)।
ফল: দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: কেশব মহারাজ।