আসিতেছেশচীন...
দেশটি ক্রিকেটপাগল, চলচ্চিত্রেরও। দেশটি ভারত। সেই দেশেই ক্রিকেটারদের জীবনী নিয়ে চলচ্চিত্রের বড় অভাব। ভারতীয়দের সেই অভাব অবশ্য এবার ঘুচে যাচ্ছে। একটি-দুটি নয়, এ বছর যে ক্রিকেটারদের নিয়ে তিন-তিনটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে। সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনকে নিয়ে নির্মিত চলচ্চিত্র মুক্তি পাবে ১৩ মে। বর্তমান অধিনায়ক ধোনিকে নিয়ে নির্মিত এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি পর্দা কাঁপাবে আগামী সেপ্টেম্বরে। আর কালই জানা গেল শচীন টেন্ডুলকারকে নিয়ে নির্মীয়মাণ সিনেমাও এ বছরই মুক্তি পাবে। ২০১৫ সালের জানুয়ারিতেই শোনা গিয়েছিল ইংলিশ পরিচালক জেমস আরস্কিন টেন্ডুলকারকে নিয়ে চলচ্চিত্র বানাচ্ছেন। সে সময় নাম জানা যায়নি, কাল টুইটারে টেন্ডুলকার নিজেই বলে দিলেন চলচ্চিত্রের নাম শচীন: আ বিলিয়ন ড্রিমস। পোস্টারের ছবিও দিয়েছেন টেন্ডুলকার। টেন্ডুলকারের নিজেরও উপস্থিতি থাকবে। ডিএনএ।