আসিফই পিটারসেনের সেরা বোলার

ক্যারিয়ারটা খুব বেশি লম্বা হয়নি মোহাম্মদ আসিফের। আর সেটা হতে পারেনি তাঁর নিজের দোষেই। স্পট ফিক্সিংয়ে জড়িয়ে ২০১১ সালে সাত বছর নিষিদ্ধ হওয়ার আগে ২৩ টেস্টে নিয়েছেন ১০৬ উইকেট। গড় ২৪.৩৬! এই সাফল্যেই বলছে, অল্প সময়ের মধ্যেই বল হাতে দলের নির্ভরতা হয়ে ওঠার কথা।
কিন্তু তাঁকে বিশ্বমানের কোনো ব্যাটসম্যান তাঁর দেখা সেরা বোলার বলবেন—এমনটা বোধ হয় খোদ আসিফও আশা করেন না। যা বললেন কেভিন পিটারসেন। দক্ষিণ আফ্রিকার বংশোদ্ভূত ইংলিশ এই ব্যাটসম্যানের চোখে পাকিস্তানের বাঁহাতি এই পেসারই তাঁর মুখোমুখি হওয়া সেরা বোলার।
আসিফকে সেরার স্বীকৃতি দিতে কেভিন পিটারসেন বেছে নিয়েছেন টুইটারকে। ৩৪ বছর বয়সী পাকিস্তানি এই পেসারকে নিয়ে গতকাল তিনি লিখেছেন, ‘আমি যেসব বোলারদের মুখোমুখি হয়েছি, তাদের মধ্যে মোহাম্মদ আসিফই সেরা।'
টুইটারের সে পোস্টে একটা ভিডিও জুড়ে দিয়েছেন। যেখানে দেখা যাচ্ছে সাদা পোশাকের ক্রিকেটে আসিফের বলে শূন্য রানে আউট হয়ে ফিরে আসছেন পিটারসেন। আসিফকে ‘সেরা বোলার’ বলার আগে আরও একটা লাইন লিখেছেন পিটারসেন, ‘আমার মনে হয় ,সে নিষিদ্ধ হওয়ায় বিশ্বের অনেক ব্যাটসম্যানই খুশি হয়েছে।' নিষিদ্ধ হওয়ার কারণেই যে তাঁদের আর আসিফের মুখোমুখি হতে হয়নি।
আসিফের সঙ্গে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ হয়েছিলেন তাঁর নতুন বলের জুটি মোহাম্মদ আমির ও ব্যাটসম্যান সালমান বাট। নিষেধাজ্ঞা কাটিয়ে আমির পাকিস্তানের জাতীয় দলে জায়গা করে নিলেও আন্তর্জাতিক ক্রিকেটে আর ফেরা হয়নি আসিফ ও বাটের।