আসিফের দলে না ফেরার কারণ আইসিসি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তান দলে ফিরতে চান আসিফ। ছবি: সংগৃহীত।
পাকিস্তান দলে ফিরতে চান আসিফ। ছবি: সংগৃহীত।

একধরনের হতাশাই ভর করেছে মোহাম্মদ আফিসের মনে। গোটা একটা মৌসুম পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে নিজের সর্বোচ্চটা দিয়েও মন জয় করতে পারেননি নির্বাচকদের। সুযোগ পাননি পাকিস্তান দলে। অথচ গড়পড়তা পারফরম্যান্স কিংবা সীমিত প্রতিভা নিয়ে কয়েকজন ​পেসার নিয়মিতই খেলে যাচ্ছেন জাতীয় দলে!
২০১০ সালে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে সালমান বাট ও মোহাম্মদ আমিরের সঙ্গে নিষিদ্ধ হয়েছিলেন পেসার মোহাম্মদ আসিফ। সালমান বাট ও আসিফের নিষেধাজ্ঞার মেয়াদ অবশ্য ছিল সাত বছরের। সঙ্গে ছিল এক বছরের কারাদণ্ড। শাস্তি কাটিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলার ছাড়পত্র পেলেন ২০১৫ সালে। পাকিস্তান ওয়াপদার হয়ে পুরো মৌসুমে ভালো পারফরম করার পরেও ব্রাত্যই থেকে গেছেন পাকিস্তান দলে। অথচ মোহাম্মদ আমির নিষেধাজ্ঞা কাটিয়ে আসার খুব অল্প সময়ের মধ্যেই সুযোগ পেয়ে যান পাকিস্তান দলে। আসিফ ও বাটের ক্ষেত্রে ঘটেছে উল্টোটাই। আসিফের দুঃখ আরও বেড়েছে, যখন চোখের সামনে দেখছেন, খুব আহামরি কিছু না করেও আমির টিকে থাকছেন পাকিস্তান দলে।
এর কারণ হিসেবে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিকেই দায়ী করতে চান তিনি। বলেছেন, তাঁর কাছে তথ্য আছে, আইসিসিই নাকি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে তাঁকে এবং সালমান বাটকে জাতীয় ক্রিকেট দলে নিতে মানা করে রেখেছে ।
পাকিস্তানি দৈনিক দ্য ডনের সঙ্গে এক আলাপচারিতায় আসিফ এমন সন্দেহই পোষণ করেছেন। বলেছেন, ‘আমি জানি না আইসিসি পিসিবিকে আমার ব্যাপারে নিষেধ করে রেখেছে কি না, যে তথ্য আমার কাছে আছে, সেটি কতটুকু সঠিক, সেটিও আমি জানি না। তবে এটা ঠিক, আমি কিন্তু এ ব্যাপারে আইসিসিকে প্রশ্ন করার অধিকার রাখি। আমার দিক দিয়ে আমি পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই ​পারফরম করে যাচ্ছি। এখন আইসিসিকে জিজ্ঞেস ক​রতে হবে, তাদের আমার ব্যাপারে কোনো আপত্তি আছে কি না।’
পাকিস্তান দলের অন্যান্য পেসারদের পারফরম্যান্স দেখে নিজের হতাশাটা চেপে রাখতে পারেন না আসিফ, ‘অন্যরা নিশ্চয়ই বিশেষ কোনো ব্যবস্থায় বোলিং করে না। আমি অন্তত তাদের মতোই বল করি। হ্যাঁ, পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান পুরো বিষয়টিই নির্বাচকদের ওপর ছেড়ে দিয়েছে। কিন্তু নির্বাচকদের তো ন্যায়বিচারক হতে হবে। ঘরোয়া ক্রিকেটে যারা ভালো করবে তাদের তো বিবেচনায় নিতে হবে!’
পাকিস্তানের বর্তমান পেসারদের মধ্যে প্র​তিভার বড্ড আকালই দেখেন আসিফ, ‘ক্রিকেটে আমাদের প্রতিভা বলতে এরাই। অনেক বিষয় আপনি অর্জন বা রপ্ত করতে পারেন কঠিন পরিশ্রম দিয়ে। আবার অনেক কিছু পরিশ্রমে আসে না। সেগুলো ঈশ্বরপ্রদত্ত। আমি গোটা একটা মৌসু​ম মাঠে খেলে ফেলেছি, কিন্তু রাহাত আলী, সোহেল খান কিংবা ইমরান খানদের মধ্যে বিশেষ কোনো প্রতিভা লক্ষ করিনি। আমাদের পেস আক্রমণে বিশেষ কিছু নেই। এটি পুরোপুরিই গড়পড়তা একটি পেস আক্রমণ।’