আহত হয়ে মাঠ ছাড়লেন ওয়ার্নার

দ্রুতগতির বাউন্সার মেরেছিলেন জশ হ্যাজেলউড। হুক করতে চেয়েছিলেন ডেভিড ওয়ার্নার। বল ব্যাটে তো লাগলই না, উল্টো আঘাত হানল ঘাড়ে। অধিনায়ক স্টিভেন স্মিথ ছুটে এলেন স্লিপ থেকে। আজ ডারউইনে নিজেদের মধ্যকার প্রস্তুতি ম্যাচে ঘাড়ে চোট নিয়ে মাঠ ছেড়েছেন অস্ট্রেলিয়া দলের সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
তবে ওয়ার্নারের চোট গুরুতর কিছু নয়। আঘাতের পর মাঠে পড়ে গিয়েছিলেন। আবার সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়িয়েছেন। ডাক্তার রিচার্ড শ মাঠে ছুটে এলেও তাঁর সাহায্য ছাড়াই মাঠ ছেড়েছেন। ড্রেসিংরুমে গিয়ে চোটে ডলেছেন বরফ।
বাংলাদেশ সফরের প্রস্তুতি হিসেবে ডারউইনে অনুশীলন করছে অস্ট্রেলিয়া। প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে ৪ রানে আউট হয়েছিলেন ওয়ার্নার। দ্বিতীয় ইনিংসে ১৪ বলে ২ রান করার পরই ওই আঘাত। পরে আর ব্যাট করেননি এই বাঁহাতি। প্রস্তুতিটা ঠিক ভালো হলো না অস্ট্রেলিয়ার এ ওপেনারের।
২০১৪ সালের ২৫ নভেম্বর শেফিল্ড শিল্ডের ম্যাচে ঘাড়ে আঘাত পেয়েছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ফিল হিউজ। সিডনির সেই ঘটনার পর সরাসরি হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি হিউজকে। সেই থেকে ব্যাটসম্যানদের এ ধরনের ইনজুরি আতঙ্ক ছড়ায়। ওয়ার্নারের ইনজুরিতে স্মিথের ছুটে আসাতেই বোঝা যায় মর্মান্তিক সেই দুর্ঘটনা এখনো তাড়া করে অস্ট্রেলিয়া দলকে। সূত্র: সিএ
১১ বছর পর টেস্ট সিরিজ খেলতে শুক্রবার ১৪ জনের দল নিয়ে দেশ ছাড়ার কথা রয়েছে অজিদের। ফতুল্লায় প্রস্তুতি ম্যাচের পর ২৭ আগস্ট মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট।