আহা!

ওয়েলিংটনে এটা কী হলো?
কেন, টেস্ট ক্রিকেটের জয়!
আবারও যদি প্রশ্ন করি, ওয়েলিংটনে এটা কী হলো?
উত্তর হবে: বাংলাদেশ দলের জন্য টেস্ট ক্রিকেটের একটা কমপ্লিট কোর্স।
বলা ভালো ‘ক্র্যাশ কোর্স’! এই একটা টেস্টে বাংলাদেশের ক্রিকেটাররা যা জানলেন, যা শিখলেন; দশ-পনেরোটা টেস্ট খেলেও অনেক সময় তা শেখা যায় না। কী সেই শিক্ষা? অনেক কিছুই। তবে মূল শিক্ষাটা হলো—রাজনীতির মতো টেস্ট ক্রিকেটেও শেষ কথা বলে কিছু নেই!
শুধু ক্রিকেটাররাই কেন, আমরাও কি কিছু শিখলাম না! কেউ শিখলাম, কেউ প্রথম জানলাম, কেউ বা পুরোনো সত্যিটাই জানলাম নতুন করে। কী সেই সত্যি? শুধু ক্রিকেটের তিন ফরম্যাটই নয়, অন্য সব খেলা ধরলেও টেস্ট ক্রিকেটের তুলনা শুধুই টেস্ট ক্রিকেট। মহাসাড়ম্বরে আবারও তা জানিয়ে দেওয়ার কাজটা করল এই ওয়েলিংটন টেস্ট। আদর্শ টেস্ট ম্যাচ যেন এক মহাকাব্য! যেটির একেকটা অধ্যায়ে একেক গল্প। শেষটায় গল্পে এমন মোচড় যে, দু-এক অধ্যায় আগেও যেটির নাগাল পায়নি কারও অনুমান।
এখানেই দেখুন না! দ্বিতীয় দিন শেষে কে কল্পনা করেছিল, ওয়েলিংটনে শেষটা এমন হবে! কেন উইলিয়ামসন অপরাজিত সেঞ্চুরির অদৃশ্য মালা পরে হাসতে হাসতে বেরিয়ে আসবেন বেসিন রিজার্ভ থেকে! সেঞ্চুরির মালার সঙ্গে জয়মাল্যও থাকবে কিউই অধিনায়কের গলায়!
আশ্চর্য এক টেস্ট! শীতের ভোররাতে উঠে টেলিভিশনের সামনে বসা গত পাঁচটি দিনের টুকরো টুকরো ছবি চোখে ভাসছে। কখনো কখনো মনে সংশয়ও জাগছে, যা দেখলাম তা কি সত্যি! যে টেস্টে চতুর্থ দিন চা-বিরতির পর দুই দলের একটি করে ইনিংস শেষ হয়, সেটিতে ড্রয়ের বদলে অন্য কোনো রেজাল্ট হয় কীভাবে! প্রথম ইনিংসে ৫৯৫ রান করে ডিক্লেয়ার করে দেওয়া একটা দল কীভাবে হারে! ওই যে, এর নাম টেস্ট ক্রিকেট! মেঘের যেমন অনেক রং হয়, টেস্ট ক্রিকেটেরও তা-ই।
শেষটা বাংলাদেশের জন্য নিদারুণ স্বপ্নভঙ্গের বলে টেস্ট ক্রিকেটের মহিমা বুঝে পুলকিত হওয়ার মতো মানসিক অবস্থা হয়তো অনেকের নেই। আসলে কিন্তু পুলকিত হওয়ার মতোই এক ম্যাচ! কী ছিল না এই টেস্টে! হ্যাঁ, একটা জিনিস ছিল না। সেই অর্থে দারুণ কোনো বোলিং পারফরম্যান্স। সেটি পুষিয়ে দিয়েছে শেষ দিনের তুমুল নাটকীয়তা।
জীবনে এত টেস্ট দেখেছি, বাংলাদেশের বেশির ভাগ টেস্টই প্রেসবক্সে বসে। সেসব ছাপিয়ে ওয়েলিংটনে শেষ দিনের প্রথম সেশনটা অনেক অনেক দিন মনে থাকবে। রেগে যাওয়া ফাস্ট বোলার বনাম দাঁতে দাঁত চেপে প্রতিজ্ঞায় শাণিত এক ব্যাটসম্যান! রীতিমতো শিহরণ জাগানো এক লড়াই!
ক্রিকেটে একটা সময় টেলএন্ডারদের বাউন্সার দেওয়াটাকে নীতিবিরুদ্ধ মনে করা হতো। সেসব দিন অনেক দিনই গত হয়েছে। কিউই ফাস্ট বোলার নিল ওয়াগনার তাই ব্যাটিংয়ের সময় জর্জরিত হয়েছেন কামরুলের বাউন্সারে। সেটির শোধ তো তিনি নেবেনই। মুশফিকুর রহিম ব্যাটিং করতে নেমেছেন চোট পাওয়া আঙুল নিয়ে। সেটিকে লক্ষ্য বানিয়ে ফেলার মধ্যে অনৈতিক কিছু খোঁজার কোনো অবকাশ নেই। ওটাও খেলারই অংশ, ওয়াগনার অন্যায় কিছু করেননি।
ওয়াগনার বাউন্সারের পর বাউন্সার দিয়ে গেলেন। একেবারে লক্ষ্যভেদী সব বাউন্সার। পিচে পড়ে সেগুলো ছোবল তুলল মুশফিকুরের আঙুল লক্ষ্য করে। টেস্ট ক্রিকেট যেন তার নিষ্ঠুর সৌন্দর্যে উদ্ভাসিত ওই সময়টায়। শৌর্যের পরীক্ষা, পরীক্ষা পুরুষকারের। ব্যথায় মুখ কুঁচকে, ঝিনঝিন করতে থাকা আঙুল ঝাড়া দিয়ে মুশফিকুর ঠিকই পার হয়ে গেলেন ওই সময়টা। জিতলেনও! ওয়াগনারকে বলের লাইন পরিবর্তন করতে বাধ্য করাটা তো জয়ই!
কিছুক্ষণ পর সেই মুশফিকুরই কেমন আতঙ্কের স্রোত বইয়ে দিলেন বেসিন রিজার্ভের সীমানা ছাড়িয়ে পুরো ক্রিকেট-বিশ্বে। ফিল হিউজের ওই মর্মান্তিক ঘটনার পর থেকে মাথায় বা ঘাড়ে বল লাগলেই ‘কু’ ডাক ডাকতে থাকে সবার মন। অমন মাঠে শুয়ে পড়া, মাঠে অ্যাম্বুলেন্স ঢোকা, ক্লোজআপে ধরা স্ট্রেচারে শুয়ে থাকা তাঁর মুখ…হঠাৎই জয়-পরাজয় সবকিছু তুচ্ছ করে দিয়ে একটা প্রার্থনাকেই করে তুলেছিল চরম সত্যি—মুশফিকের যেন কিছু না হয়!
আঙুলে চোট নিয়ে অমন লড়াই…ম্যাচে হেরে গেছেন তাতে কি, শেষ পর্যন্ত মুশফিকও নায়ক। ট্র্যাজিক নায়ক, এই যা!