>ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের নায়ক তাঁরা। এমন দুর্দান্ত জয়ে তাঁদের মুখে উচ্ছ্বাসের ছটা। বিজয়ের নায়কেরা শোনালেন নিজেদের অনুভূতির কথা—

মুশফিকুর রহিম
অবশ্যই ভালো লাগছে। অনেক সাধনার পর কোনো জিনিস পাওয়া গেলে অবশ্যই ভালো লাগে। এটাও তার ব্যতিক্রম নয়। সর্বশেষ টেস্টের পর সবাইকে বলেছিলাম এই ম্যাচে আমরা যদি জয়ের কাছাকাছি অবস্থা তৈরি করতে পারি, তবে সুযোগটা যেন না ছাড়ি। আল্লাহর রহমতে সেটা হয়েছে।
তামিম ইকবাল
আমার বেশি ভালো লাগছে কারণ, এ রকম স্পিনবান্ধব উইকেটে আমি দুই টেস্ট মিলিয়ে প্রায় আড়াই শ রান (আসলে ২৩১) করেছি, যা দুই দল মিলিয়েই সর্বোচ্চ। এ রকম উইকেটে আমরা খুব বেশি খেলিনি। আমার ১০ বছরের ক্যারিয়ারে সেরা জয়। একটাই আক্ষেপ, আমরা যদি আর ১০ শতাংশ ভুল কম করতাম, ওয়ানডে-টেস্ট মিলিয়ে সিরিজটা ৫-০ ব্যবধানে জিততাম।
ইমরুল কায়েস
এটা অবশ্যই আমার ক্যারিয়ারের বড় অর্জন। টেস্টে ইংল্যান্ডের মতো দলকে হারিয়েছি, তা-ও আবার তিন দিনেই। শুধু আমারই নয়, বাংলাদেশের টেস্ট ইতিহাসেই বড় অর্জন। অনুভূতি, কী বলব, অসাধারণ! আরও ভালো লাগছে এই জয়ে অবদান রাখতে পেরে। ২০১১ বিশ্বকাপে যখন ইংল্যান্ডকে হারিয়েছিলাম, সেদিনও আমি হাফ সেঞ্চুরি করেছিলাম। এবারও রান করেছি। ভালো লাগাটা তাই দ্বিগুণ হয়েছে।
মুমিনুল হক
ইংল্যান্ড টেস্টে বিশ্বের সেরা দুই দলের একটা। তাদের বিপক্ষে এমন জয়, তা-ও আবার তিন দিনেই ওদের হারিয়ে দিয়েছি, বুঝতেই পারছেন অনুভূতিটা কেমন! আরও ভালো লাগছে এই জয়ে অবদান রাখতে পেরে। ২০১৩ সালে নিউজিল্যান্ডের সঙ্গেও আমরা ভালো খেলেছিলাম। কিন্তু জিততে পারিনি। তবে এবার আমরা শক্তিশালী টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে জিতেছি। এটা আমাদের ক্রিকেটের জন্য একটা ইতিবাচক দিক। ভবিষ্যৎ প্রজন্মকে অনেক অনুপ্রাণিত করবে এই জয়।
সাব্বির রহমান
আমার ক্যারিয়ারে দুটি সেরা অর্জন। একটি ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা আর দ্বিতীয়টি এই জয়। দুটিই আমার কাছে সমান। চট্টগ্রামে প্রথম টেস্টটাও জয়ের কাছে চলে গিয়েছিলাম। দুর্ভাগ্য, জিততে পারিনি। তবে ঢাকা টেস্টে জিতেই গেছি। এটা ছিল আমার অভিষেক টেস্ট সিরিজ। টেস্ট ক্যারিয়ারের শুরুতেই এমন জয়ী দলের অংশ হতে পেরে গর্ব হচ্ছে।
তাইজুল ইসলাম
২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এক টেস্টে ৮ উইকেট পেয়েছিলাম, ওই সিরিজে ওদের হোয়াইটওয়াশও করেছিলাম। ওয়ানডে অভিষেকে হ্যাটট্রিক করেছি। তবে ইংল্যান্ডের বিপক্ষে এই জয়ের কাছে ব্যক্তিগত ওই অর্জনগুলো তেমন কিছু নয়! বাংলাদেশের ক্রিকেটের বিরাট মাইলফলক এটা। এমন বিজয়ী দলের অংশ হতে পেরে ভীষণ খুশি।
মেহেদী হাসান মিরাজ
অনুভূতি বুঝতেই পারছেন। সবচেয়ে বড় কথা বাংলাদেশ জিতেছে। এটাই আসলে বড় পাওয়া। আমি এত দিন যাদের খেলা টিভিতে দেখেছি, তাদের সঙ্গে খেলতে পেরে আরও বেশি ভালো লাগছে। নিজেও ভাবতে পারছি না যে জাতীয় দলে খেলছি! মুশফিক-তামিম-সাকিব-রিয়াদ ভাইদের সঙ্গে খেলতে পেরে ভীষণ রোমাঞ্চিত।
কামরুল ইসলাম
নিজেকে ভীষণ সৌভাগ্যবান মনে হচ্ছে এমন একটা দলে খেলার সুযোগ পেয়ে। যদিও ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে অতৃপ্তি আছে। যা হওয়ার হয়েছে। পেছনে তাকাতে চাই না। দলের এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে আরও সামনে এগোতে চাই। ইংল্যান্ডকে হারিয়ে প্রমাণ করেছি আমরা এখন টেস্টে যেকোনো দলকেই হারাতে পারি।