আহা, কত কত রেকর্ডই না ডাকছে বাংলাদেশকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
মুশফিকের এই আউট যেন বাংলাদেশ দলে টেস্ট মানসিকতা ছত্রখান হওয়ার প্রতীকী ছবি। ছবি: এএফপি
মুশফিকের এই আউট যেন বাংলাদেশ দলে টেস্ট মানসিকতা ছত্রখান হওয়ার প্রতীকী ছবি। ছবি: এএফপি

অ্যান্টিগায় প্রথম ইনিংসেই নিজেদের একটি রেকর্ড নতুন করে লিখিয়েছে বাংলাদেশ দল। দ্বিতীয় ইনিংসেও রেকর্ড গড়তে পারে তারা। সে জন্য চাই আরেকটু ঢিলে মানসিকতা...

দ্বিতীয় ইনিংসে কালই ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। ৬ উইকেটে ৬২ রান নিয়ে দ্বিতীয় দিনটা কোনোমতে পাড়ি দিয়েছেন মাহমুদউল্লাহ-নুরুল হাসান। আজ কিন্তু তাঁদের একটি হিসাব কষে ব্যাটিংয়ে নামতে হবে। যে হিসাবটা কষছেন বাংলাদেশের সমর্থকেরাও, ‘২৭ বলের মধ্যে গুটিয়ে গেলে রেকর্ড ভাঙব, ২৮ বল খেলে ফেললে রেকর্ড ছুঁব।’

রেকর্ডটা কী—তা জানার আগে ক্যারিবীয়দের মনের ইচ্ছাও আন্দাজ করা যাক। তারা অবশ্যই বাংলাদেশের ইনিংসটা যত দ্রুত সম্ভব গুটিয়ে নিতে চাইবে। তবে এখানেও একটি হিসাব আছে। জয় যে আসবে, সে তো সবাই জানে। কিন্তু শুধু জয় তুলে নিলে তো আর ‘অতিথি সৎকার’ পূর্ণতা পায় না! অতিথিকে পূর্ণ মর্যাদার সঙ্গে ‘সৎকার’ (!) করতে চাই যথাযথ ‘তোহফা’। সেটা যেনতেন হলে চলে! মনের রাখার মতো কিছু একটা তো হাতে ধরিয়ে দিতে হবে। সে লক্ষ্যেই এই ২৭ বলের সমীকরণ। কোনো অবস্থাতেই তা ২৮ হওয়া চলবে না। তাহলেই সুবর্ণ সুযোগ হাতছাড়া!

সুবর্ণ সুযোগ বাংলাদেশ দলের জন্যও। প্রথম ইনিংসে না হয় নিজেদের ইতিহাস (!) নতুন করে লেখা গেছে। দ্বিতীয় ইনিংসে সেই ইতিহাস ছাপিয়ে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু আশ্চর্য পতনের মিছিলেও দু-একজন কীভাবে যেন জমে গেলেন! তাই ৪৩-এর আগে থামা যায়নি। তবে চিন্তা কিসের, এই রেকর্ড হয়নি তো ওই রেকর্ড হবে! ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’ মানসিকতার বাঁধন আরেকটু ঢিলে করলেই কিন্তু সম্ভব। আর সমর্থকেরাও নিশ্চয়ই আশায় বুক বেঁধেছেন এই ভেবে যে ওঁদের দ্বারা যেকোনো কিছুই সম্ভব!

তামিম-মুমিনুলদের পারফরম্যান্সে এখন যেমন উঠে আসছে ১২২ বছর আগের এক টেস্ট ম্যাচ। ১৮৯৬, পোর্ট এলিজাবেথ টেস্ট। ইংল্যান্ডের জর্জ লোহম্যান ও ব্রোমলি-ডেভেনপোর্টদের তোপের সামনে দুই ইনিংসে মিলিয়ে মাত্র ১২৩ রান তুলতে পেরেছিল দক্ষিণ আফ্রিকা। ২০ উইকেট হারানোর সেই ‘মচ্ছব’ চলেছিল ২৪৮ বল পর্যন্ত। মানে, এ কয়টা বল খেলতেই দুবার গুটিয়ে গেছে প্রোটিয়ারা। টেস্টে যেটা আজও সবচেয়ে কম বল খেলে দুই ইনিংসে অলআউট হওয়ার রেকর্ড।

এখন নিশ্চয়ই মনে ঘাই মারছে? তাই তো! চাইলে তো এই রেকর্ডটা বগলদাবা করা সম্ভব। প্রথম ইনিংসে দল টি-টোয়েন্টি খেলেছে। টাটকা রোদের মধ্যে ক্যারিবীয়দের ফিল্ডিং করতে দেখে মনটা এতটাই অনুশোচনায় দগ্ধ ছিল যে ইনিংস টিকেছে ১৮.৪ ওভার। মানে ১১২ বল। দ্বিতীয় ইনিংসে অবশ্য একটু স্বার্থপর ছিল সবাই। ৬ উইকেট হারাতেই ১৮ ওভার খেলা শেষ। অর্থাৎ এই ইনিংসে ১০৮ বলা খেলা হয়েছে। দুই ইনিংস মিলিয়ে বলসংখ্যা মোট ২২০।

অর্থাৎ হিসাবটা পরিষ্কার। আজ তৃতীয় দিনের খেলা ৪.৪ ওভার পেরিয়ে গেলেই সব গুবলেট। নিমন্ত্রণ করেছেন যাঁরা, তাঁদের ‘তোহফা’ দেওয়ার ইচ্ছা পূরণ হবে না। আর যাঁরা নিমন্ত্রণ রক্ষা করতে গেছেন, তাঁরাও মনে রাখার মতো কিছু নিয়ে অ্যান্টিগার ময়দান ছাড়তে পারবেন না। যা করার ২৭ বলের মধ্যেই করতে হবে। মানে ৪.৩ ওভারের মধ্যে। দুই দলের মানসিক অবস্থান চিন্তা করলে কাজটা কিন্তু ‘জলবৎ তরলং’। শুধু দরকার একটু নৈবেদ্য—আমরা যেমন দিতে চাই, ওরা তেমন নিতেও (উইকেট) চায়।

ধরুন, এই চাওয়া-পাওয়ার হিসাব মিলল না। কপাল চাপড়ানোর কিছু নেই। পাতে রেকর্ডের মিহিদানা না পড়ুক, কিছু দানা ফেলার সুযোগটা তখনো কিছুক্ষণের জন্য থেকে যাবে। সেই ‘কিছুক্ষণ’—সময়টুকুই লুফে নিতে হবে। এই পথ বাতলে দেওয়ার আগে চলুন, ঘুরে আসি শতাব্দীর কাছাকাছি অতীত থেকে।

১৯৩২, মেলবোর্ন টেস্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ইনিংসেই অলআউট হয়ে মোট ৮১ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। টেস্টে দুই ইনিংসে ২০ উইকেট হারিয়ে এটাই সবচেয়ে কম রান তোলার রেকর্ড। এরপর ক্রমানুযায়ী আসবে যথাক্রমে—দক্ষিণ আফ্রিকা (৯০ রান, ১৮৮৯ সাল), নিউজিল্যান্ড (৯৬ রান, ১৯৪৬ সাল), ইংল্যান্ড (১১৫ রান, ১৮৮৮ সাল), নিউজিল্যান্ড (১২১ রান, ১৯৫৮) ও দক্ষিণ আফ্রিকা (১২৩ রান, ১৮৯৬ সাল)।

আমরা এখন দুই ইনিংস মিলিয়ে ১০৫ রানে আছি। অর্থাৎ চাইলেই কিন্তু এই তালিকায় জায়গা করে নেওয়া সম্ভব। যদি সেটাও সম্ভব না হয়?

হতাশ হবেন না। সমস্যা থাকলে সমাধান থাকবেই। অন্তত ‘দুধের স্বাদ তো ঘোলে মেটানো’ যাবে। আন্তর্জাতিক ‘কীর্তিমান’দের তালিকায় না হোক, নিজেদের রেকর্ডটা কিন্তু নতুন করে লেখানো খুব সম্ভব।

২০০২ সালে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে দুই ইনিংস মিলিয়ে ২২৬ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। বাংলাদেশের টেস্ট ইতিহাসে দুই ইনিংস মিলিয়ে এটাই সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড। অ্যান্টিগায় সেটি নতুন করে লেখানো খুব সম্ভব। শুধু চাই আরেকটু দ্রুত ফেরার নৈবেদ্য, আরেকটু পিছিয়ে পড়ার আত্মঘাতী ইচ্ছা...।