আহার বিরতিই 'আহ'র আক্ষেপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তামিম, ইংল্যান্ডের বিপক্ষে আরও একটি দারুণ ইনিংস। ছবি: প্রথম আলো
তামিম, ইংল্যান্ডের বিপক্ষে আরও একটি দারুণ ইনিংস। ছবি: প্রথম আলো

ডে-নাইট টেস্ট খেলে ফেলল বাংলাদেশ! শেষ তিন ওভারেরও বেশি সময় খেলা তো পুরো ফ্লাড লাইটেই হলো। আর সেই তিনটি ওভার কী যে চরম মানসিক শক্তির পরীক্ষা নিল বাংলাদেশের সমর্থকদের! দ্বিতীয় দিনের যে চিত্রনাট্য, তাতে বিরতিতে যাওয়ার আগে বড় কোনো ক্ষতির আশঙ্কায় বুক তো কাঁপাই স্বাভাবিক। তার ওপর উইকেটে যদি থাকে নাইটওয়াচম্যান!
না, শফিউল ভালোয় ভালোয় পার করলেন। সবচেয়ে বড় কথা, সাকিব আল হাসানকে দিয়ে গেলেন প্রয়োজনীয় আড়ালটা। সাকিব নিরাপদে অপরাজিত থেকে ফিরলেন। এই পরিকল্পনা দিনের প্রথম দুই সেশনের শেষ মুহূর্তেও ভালোভাবে কাজে লাগাতে পারলে গল্পটা আরও অন্য রকম হতেই পারত। হাতে ৫ উইকেট রেখে ৭২ রানে পিছিয়ে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষেও ভালো অবস্থানে। কিন্তু আরও ভালো হতেই পারত!
হলো না কারণ তিনের তিন সেশনের বিরতির ঠিক আগমুহূর্তে চারটি উইকেট হারিয়ে বাংলাদেশ। লাঞ্চের আগের ওভারে দুটি। চা বিরতির আগের ওভারে একটি। দিনের বিরতির ১৫ বল আগে আরও একজন! ৫ উইকেটে ২২১ স্কোরটা আরও ভালো হতেই পারত, নয় কি?
বিরতিতে যাওয়ার আগেই গড়বড় করে ফেলার এই আক্ষেপটা নিশ্চয়ই পোড়াবে বাংলাদেশকে। ৩৫ রানের মধ্যে শেষ ৩ উইকেট নিয়ে ইংল্যান্ডকে ২৯৩ রানে অল আউট করে দেওয়ার পর ওপেনিংয়েও ভালোই শুরু করেছিলেন তামিম-ইমরুল। কিন্তু লাঞ্চে যাওয়ার ঠিক আগের ওভারে মঈন আলীর জোড়া আঘাত। ইমরুলের পর রানের খাতা খোলার আগেই ফিরেছেন মুমিনুল। এতে অবশ্য ব্যাটসম্যানদের দায়ের চেয়ে মঈনের দুর্দান্ত দুটি ডেলিভারির কৃতিত্বই বেশি।
কিন্তু মাহমুদউল্লাহ আর মুশফিক বোলারদের ভালো বলের অজুহাত দিতে পারবেন? ২৯ রানে ২ উইকেট পড়ে যাওয়ার পর তামিমের সঙ্গে ৯০ রানের দারুণ এক জুটি গড়ে তোলেন মাহমুদউল্লাহ। যেটি এখনো ম্যাচে সর্বোচ্চ জুটি। কিন্তু চা বিরতির সময় সাজঘরে ফেরার সময় মাহমুদউল্লাহর মুখের ভঙ্গিটাই বলে দিচ্ছিল, নিজের ওপরই কতটা বিরক্ত ছিলেন তিনি। আদিল রশিদের বলটা ছাড়তেও পারবেন। কিংবা খেলতে পারতেন সোজা ব্যাটে। ব্যাটের কানায় লেগে ধরা পড়লেন স্লিপে। অথচ ৩৮ রান করে উইকেটে বেশ থিতু হয়েছিলেন।
প্রথম আর দ্বিতীয় সেশনকে মেনে চলল তৃতীয় সেশনের শেষটা। এবার তামিম-মুশফিক ৪৪ রানের জুটি গড়লেন। ইংল্যান্ডের বিপক্ষে নিজের নবম ইনিংসে সপ্তম পঞ্চাশ পেরোনো স্কোর করলেন তামিম। কিন্তু পঞ্চম ফিফটিটাকে তৃতীয় সেঞ্চুরির রূপ দিতে পারলেন না। ১৭৯ বলে করলেন ৭৮। ব্যাটির বলে ক্যাচ দিলেন উইকেটরক্ষককে। তামিম অবশ্য বলতে পারেন, বলটা দারুণ ছিল। তা ছাড়া তখন তো আর সেশনের বিরতিও ছিল না।
যে দুটি দায়ে অভিযুক্ত করা যায় টেস্ট অধিনায়ককে। সিরিজের শেষ ওয়ানতে রানে ফেরার আভাস দেওয়া মুশফিক এত সাবলীল খেলছিলেন। ৭৭ বলে ৪৮ করলেন। সাকিবের সঙ্গে ৫৮ রানের জুটিও হলো পঞ্চম উইকেটে। কিন্তু দিনের তিন ওভারেরও কম সময় বাকি, সে সময় খোঁচা মেরে ক্যাচ দিলেন পেছনে। ১৪টি উইকেট পড়ার পর এই প্রথম শিকারের সন্ধান পেলেন কোনো পেসার—বেন স্টোকস।
ইংল্যান্ড দ্রুতই স্পিন আক্রমণে চলে গেছে। তিন পেসার মিলে বল করেছেন ২৩ ওভার। ওদিকে ১৯৮২ সালের পর এই প্রথম এক ইনিংসে চার স্পিনারকে দিয়ে বল করাল ইংল্যান্ড। যেটি এই টেস্টের সামনের তিনটি দিনের সম্ভাব্য ছবিটারও ইঙ্গিত দিয়ে যাচ্ছে।

সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ১০৫.৫ ওভারে ২৯৩/১০ (মঈন ৬৮, বেয়ারস্টো ৫২, রুট ৪০, ওকস ৩৬, স্টোকস ২৬, ব্রড ১৩, ব্যাটি ১*; মেহেদী ৬/৮০, সাকিব ২/৪৬, তাইজুল ২/৪৭, শফিউল ০/৩৩, কামরুল ০/৪১)।
বাংলাদেশ ১ম ইনিংস: ৭৪ ওভারে ২২১/৫ (তামিম ৭৮, ইমরুল ২১, মুমিনুল ০, মাহমুদউল্লাহ ৩৮, মুশফিক ৪৮, সাকিব ৩১*, শফিউল ০*; মঈন ২/৬৬, স্কোকস ১/১৭, ব্যাটি ১/৫১, ব্যাটি ১/৫১)।
(দ্বিতীয় দিন শেষে)