আড়াই দিনেই আত্মসমর্পণ অস্ট্রেলিয়ার

তৃতীয় দিনে ট্রেন্টব্রিজে খেলা হলো মাত্র ১০.২ ওভার। আর তাতেই অস্ট্রেলিয়াকে ইনিংস আর ৭৮ রানে হারিয়ে অ্যাশেজ পুনরুদ্ধার করল ইংল্যান্ড। মাত্র ৫৯৯ দিনের ব্যবধান। আর তাতেই মুদ্রার অন্য দিকটাও দেখা হয়ে গেল অস্ট্রেলিয়ার। ৫৯৯ দিন আগেই যে অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ড হয়েছিল ধবলধোলাই!
অ্যালিস্টার কুকের ক্যারিয়ারও যেন অন্ধকার থেকে আলোর মুখ দেখল। একটি নতুন, অপেক্ষাকৃত নবীন খেলোয়াড়দের নিয়ে গড়া ইংলিশ দল তাঁর নেতৃত্বেই পেছনে ফেলল অপেক্ষাকৃত অভিজ্ঞ অস্ট্রেলিয়াকে। ফর্মের কারণে কিছু দিন আগ পর্যন্ত শত সমালোচনায় বিদ্ধ কুক আর বেশি কি আশা করতে পারতেন!
সারা ক্রিকেট দুনিয়ার লাখো-কোটি দর্শকও অবাক বিস্ময়ে দেখল অস্ট্রেলিয়ার পতন। যাচ্ছেতাই পতন। প্রথম ইনিংসে মধ্যাহ্ন বিরতির আগেই ৬০ রানে অলআউট হয়ে যাওয়া দলটি দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ। ২৫৩ রানে শেষ হওয়া দ্বিতীয় ইনিংসে ক্রিস রজার্স, ডেভিড ওয়ার্নার আর অ্যাডাম ভোজেস না থাকলে হয়তো প্রথম ইনিংসের মতোই লজ্জায় লুটিয়ে পড়তে হতো তাদের।
স্টুয়ার্ট ব্রড সারা জীবন মনে রাখবেন ট্রেন্ট ব্রিজকে। ইংলিশ দর্শকেরা তো বটেই সারা দুনিয়ার ক্রিকেটপ্রেমীরাও কোনো দিন ভুলবেন না প্রথম সকালে তাঁর আগুন-ঝরা সেই বোলিং। মাত্র ১৫ রান দিয়ে ৮ উইকেট! দ্বিতীয় ইনিংসে বেন স্টোকসের ৬ / ৩৬-ও কিন্তু ব্রডের মতোই ম্যাচজয়ী বোলিং হিসেবে পরিগণিত।
অস্ট্রেলিয়ার ৬০ রানের প্রথম ইনিংসের পর ইংল্যান্ডের দরকার ছিল কেবল খেলে যাওয়া। নির্ভার-চিত্তে অস্ট্রেলীয় বোলিংকে খুন করা। সেই কাজটা ইংলিশ ব্যাটসম্যানরা করেছেন দারুণভাবেই। জো রুটের ১৩০ রানের অনবদ্য ইনিংস অস্ট্রেলিয়াকে রানের পাহাড়ে চাপা দেওয়ার কাজটি সমাধা করেছে দারুণভাবেই। রুটের পাশাপাশি জনি বেয়ারস্টোর ৭৪ আর অ্যালিস্টার কুকের ৪৩, সঙ্গে ছোট অথচ কার্যকর কয়েকটি ইনিংসে পাওয়া ৩৩১ রানের লিডই আসলে অস্ট্রেলিয়ার প্রতিরোধ গড়ার শক্তিটুকু নিঃশেষ করে দিয়েছে অবলীলায়।
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া এর চেয়ে বেশি আর কী করতে পারতো! অনিশ্চয়তার ক্রিকেটে তো কত কিছুই ঘটে! ফলোঅন করেও জয়ের অনন্য রেকর্ড আছে এই টেস্ট ক্রিকেটেই। অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের কাছ থেকে তেমন কিছুরই প্রত্যাশা ছিল সমর্থকদের। সে লক্ষ্যে শুরুটা ভালোই করেছিল তারা। ১১৩ রানের উদ্বোধনী জুটি আশাও তৈরি করেছিল। কিন্তু তারপরেই সব কেমন যেন লেজে-গোবরে! নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দুই দিনের মধ্যে ইনিংস ব্যবধানে টেস্ট হারের শঙ্কাটাও পেয়ে বসেছিল তাদের। অ্যাডাম ভোজেসের প্রতিরোধ খেলাটির দৈর্ঘ্য বাড়াতেই কেবল সহায়তা করেছে। আজ তৃতীয় দিনে অস্ট্রেলীয় লেজ আবারও তাসের ঘর। ৬২ বলের ব্যবধানেই নেই শেষ তিনজন। আড়াই দিনেই শেষ ট্রেন্টব্রিজ টেস্ট।
অস্ট্রেলিয়ার এমন অসহায় আত্মসমর্পণ শেষ দেখেছিলেন কবে?