আড়ালের নায়ক মাহমুদউল্লাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন শুরুর আগে l প্রথম আলো
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন শুরুর আগে l প্রথম আলো

এক ম্যাচে কত ঘটনা! ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক জয়ে সিরিজে ফিরেছে বাংলাদেশ। মাশরাফি বিন মুর্তজার ঝোড়ো ব্যাটিংয়ের পর অসাধারণ বোলিং। নাসির হোসেনের স্মরণীয় প্রত্যাবর্তন, তাসকিন আহমেদের দারুণ এক স্পেল। অবশ্য মাঠের পারফরম্যান্স ছাপিয়ে সবার মনোযোগ জস বাটলার ও বেন স্টোকসের সঙ্গে বাংলাদেশের খেলোয়াড়দের লেগে যাওয়ার ওই ঘটনাতে।
ঘটনার ঘনঘটায় যেন আড়ালেই পড়ে গেছে মাহমুদউল্লাহর ৭৫ রানের উজ্জ্বল ইনিংসটি। ২৬ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। উইকেটে এসেই ক্রিস ওকসকে ফ্লিকে বাউন্ডারি মেরে মাহমুদউল্লাহ যেন জানিয়ে দিলেন, চাপের মধ্যে ভালো খেলাই তাঁর কাজ! কিন্তু এক প্রান্তে যখন তিনি দলকে কক্ষপথে ফেরানোর চেষ্টা করছেন, অন্য প্রান্তে চলছে সতীর্থদের আসা-যাওয়া।
মাহমুদউল্লাহ অবশ্য ধৈর্যহারা হননি, বরং ধৈর্যের প্রতিচ্ছবি হয়ে ছিলেন। ব্যাটিংয়ে তাঁর সহজাত পেলবতা ছিলই, ঝুঁকিপূর্ণ শট না খেলে এক-দুই করে সচল রেখেছেন রানের চাকা। বাউন্ডারি থেকে তুলেছেন ২৪ রান, বাকি ৫১ দৌড়ে। এর মধ্যে সিঙ্গেলই আছে ৩৪টি। মাশরাফি-ঝলকের আগে বাংলাদেশের ইনিংসে উজ্জ্বলতম দিক তো মাহমুদউল্লাহর ব্যাটিংটাই।
তারপরও এই ম্যাচেও ‘আনসাং হিরো’ হয়েই থাকলেন মাহমুদউল্লাহ। নেপথ্যের নায়ক হয়ে থাকা অবশ্য তাঁর জন্য নতুন নয়। হয় ম্যাচে অন্য কারও জাদুকরি পারফরম্যান্স কিংবা ভিন্ন ঘটনায় মাহমুদউল্লাহর ব্যাটিং অনেক সময় চলে যায় আড়ালে। অসাধারণ খেলেছেন কিন্তু আলোচনা হয়েছে সামান্য—মাহমুদউল্লাহর এমন পারফরম্যান্সের তালিকা করলে শুধু লম্বাই হবে। একটা উদাহরণ দেওয়া যেতে পারে। টেস্টে ইংলিশদের বিপক্ষে তামিমের পরিসংখ্যান এতটাই উজ্জ্বল যে প্রশ্নটা বাঁহাতি ওপেনারকে প্রায়ই শুনতে হয়, ইংল্যান্ড কি তাঁর ‘প্রিয়’ প্রতিপক্ষ? এই প্রশ্ন অবশ্য মাহমুদউল্লাহকে খুব একটা শুনতে হয় না। যদিও ওয়ানডেতে ইংলিশদের বিপক্ষে বর্তমান খেলোয়াড়দের মধ্যে তাঁর গড়ই সবচেয়ে বেশি—৪৪.২৫।
ঝলমলে ইনিংসটা নানা ঘটনায় চাপা পড়লেও কাল মাহমুদউল্লাহর ব্যাটিংয়ের অকুণ্ঠ প্রশংসা করলেন অধিনায়ক মাশরাফি, ‘রিয়াদের (মাহমুদউল্লাহ) ইনিংসটা ছিল অবিশ্বাস্য! ওই রকম পরিস্থিতিতে চাপের মধ্যে যেভাবে ব্যাটিং করেছে, আর কেউ সেটা পারেনি। দলকে একটা জায়গায় পৌঁছে দিয়েছিল সে। এরপর আমরা সেখান থেকে চেষ্টা করেছি। ওর সাম্প্রতিক ফর্মও ভালো। অনেকবার চাপের মুহূর্তে নেমে ভালো খেলেছে। এটার কৃতিত্ব ওর পাওনা। দলের সবাই তাকে অন্য রকম শ্রদ্ধা করে। ভবিষ্যতেও সেটা সে পাবে। আমাদের অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আশা করি, সে এভাবেই খেলে যাবে।’
ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ চার সাক্ষাতের তিনটিতেই চাপের মুখে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মাহমুদউল্লাহ। আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও হবে সেসব সুখস্মৃতির পুনরাবৃত্তি?