আয়ারল্যান্ড যখন বাংলাদেশের আনন্দ-বেদনা

আয়ারল্যান্ড নামটা বাংলাদেশকে কখনো আনন্দের, কখনো কষ্টের অনুভূতি দেয়। ক্রিকেটের কূলীন শ্রেণিভুক্ত বাংলাদেশকে বেশ কবার ধাক্কা দিয়েছে আইসিসির এই সহযোগী সদস্য দেশ। ধাক্কা এতটাই জোরালো ছিল যে বৈশ্বিক টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে হয়েছে বাংলাদেশকে। তাও একবার নয়, দুই বার!
বারবাডোজের কেনসিংটন ওভালে ২০০৭ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের সুপার এইটে ওঠার তৃপ্তি ম্লান করে দিয়েছিল আয়ারল্যান্ডের বিপক্ষে ৭৪ রানের পরাজয়। শুধু ৫০ ওভারের বিশ্বকাপই নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের ‘কান্না’র নাম আয়ারল্যান্ড!
২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের ট্রেন্টব্রিজে আবার ‘ফিরে’ এসেছিল কেনসিংটন ওভাল। ওই ম্যাচটা বাংলাদেশের জন্য হতে পারত সুপার এইটে ওঠার সেতু। কিন্তু সেই সেতু থেকে বাংলাদেশকে ছিটকে ফেলল আয়ারল্যান্ড। ৬ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বাংলাদেশের বিদায়।
টস জিতে সেদিন বাংলাদেশকে ব্যাটিং করতে পাঠিয়েছিল আয়ারল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ১৩৭। এই রানটা আইরিশরা টপকে গিয়েছিল ১০ বল বাকি থাকতেই। এই পরাজয়ে সবচেয়ে বড় দুঃখ পাওয়ার কথা মাশরাফি বিন মুর্তজার। ব্যাটিংয়ে নেমে ১৬ বলে করেছিলেন অপরাজিত ৩৩ রান। বোলিংয়ে নিয়েছিলেন সর্বোচ্চ ২ উইকেট। শেষ পর্যন্ত বৃথা গিয়েছিল মাশরাফির দারুণ এই অলরাউন্ড পারফরম্যান্স।
ছোট সংস্করণে আয়ারল্যান্ডের কাছে এই পরাজয়ের ক্ষতে বাংলাদেশ প্রলেপ বুলিয়েছিল অন্যভাবে। ২০১২ সালের জুলাইয়ে আয়ারল্যান্ডের মাটিতেই আইরিশদের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করে এসেছিল মুশফিকুর রহিমের দল। ক্রিকেটের ছোট সংস্করণের ইতিহাসে একাধিক ম্যাচ খেলা সিরিজে বাংলাদেশ একটি মাত্র দলকেই হোয়াইটওয়াশ করেছে, সেটি আয়ারল্যান্ড।
বেলফাস্টে সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশ করেছিল ৫ উইকেটে ১৯০ রান। যেটি এখনো টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। সিরিজটা মাশরাফির জন্যও বিশেষভাবে স্মরণীয়। আয়ারল্যান্ডের ধবলধোলাই নিশ্চিত হয়েছিল মাশরাফির হাত ধরেই। বোলিংয়ে সেদিন দেখা মিলেছিল দুর্দান্ত এক মাশরাফির। ৪ ওভার বোলিং করে ১৯ রানে নিয়েছিলেন ৪ উইকেট। ওটাই টি-টোয়েন্টিতে তাঁর সেরা বোলিং। শেষ বলে নিষ্পত্তি হওয়া স্নায়ুক্ষয়ী ম্যাচে ব্যাট হাতেও মাশরাফির ছিল বিরাট অবদান, নয়ে নেমে ১৩ বলে করেছিলেন ৩০ রান। মুশফিকুর রহিমের সঙ্গে সপ্তম উইকেট জুটিতে ৪৮ রান যোগ করে ফসকে যাওয়া ম্যাচটা আবার নিজেদের নিয়ন্ত্রণে এনেছিলেন মাশরাফি। ম্যাচের নায়কও তিনি।
চার বছর পর আবারও সেই আয়ারল্যান্ড। এবার মাশরাফি অধিনায়ক। বৈশ্বিক টুর্নামেন্টে আইরিশদের বিপক্ষে পুরোনো হিসাব-নিকাশ চুকানোর এটি যে বড় সুযোগ!