আয়ারল্যান্ডকে হারিয়ে ওমানের চমক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই সংস্করণের বিশ্বকাপে অভিষেকেই আলোড়ন তুলেছিল আয়ারল্যান্ড। পাকিস্তান ও বাংলাদেশের টেস্ট খেলুড়ে দলকে হারিয়ে সুপার এইটে উঠেছিল আইরিশরা। ক্রিকেট দুনিয়াকে কাঁপিয়ে দেওয়া আয়ারল্যান্ড এবার মুদ্রার উল্টো পিঠ দেখল ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে আসা ওমান প্রথম ম্যাচেই হারিয়ে দিয়েছে আইরিশদের।
ওমানকে ১৫৫ রানের লক্ষ্য দিয়েছিল আয়ারল্যান্ড। ২ উইকেট ও ২ বল হাতে রেখেই ম্যাচটা জিতে গেছে গ্রুপ ‘এ’তে বাংলাদেশের সঙ্গী ওমান। ওমানিদের জয়ের নায়ক সৈয়দ আমির আলী। সাত নম্বরে নেমে ১৭ বলে ৩২ রান করে শেষ ওভারের চতুর্থ বলে আউট হয়েছেন আমির। শেষ ওভারটা ওমান শুরু করেছিল ৬ বলে ১৪ রানের সমীকরণ নিয়ে।
এর আগে আইরিশদের ভালো সূচনা এনে দিয়েছেন দুই ওপেনার উইলিয়াম পোর্টারফিল্ড ও পল স্টার্লিং। শর্ট কাভারে পাখির মতো উড়ে স্টার্লিংয়ের ক্যাচ নিয়ে জিসান মাকসুদ ভেঙেছেন ৪৮ রানের উদ্বোধনী জুটি। দুই আইরিশ ওপেনারই আউট হয়েছেন ২৯ রান করে। আয়ারল্যান্ডের চ্যালেঞ্জিং স্কোরে বড় অবদান রেখেছেন গ্যারি উইলসন। মুনিস আনসারির বলে বোল্ড হওয়ার আগে তিনি করেছেন দলের সর্বোচ্চ ৩৮ রান।