আয়ারল্যান্ডেও সাফল্য চান মাশরাফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রিদেশীয় এই সিরিজে চ্যাম্পিয়ন-রানার্সআপ হওয়ার কোনো ব্যাপার-স্যাপার নেই। তিনটি দল পরস্পরের সঙ্গে শুধু দুবার করে ম্যাচ খেলবে। তবুও সিরিজটা গুরুত্বের সঙ্গেই নিতে হবে বাংলাদেশকে। র‍্যাঙ্কিংয়ের হিসাব-নিকাশ তো আছেই। চ্যাম্পিয়নস ট্রফির আগে নিজেদের আরও ভালোভাবে তৈরি করার এই অপূর্ব সুযোগ কি আর মিলবে! সুযোগটা তাই হাতছাড়া করতে চান না মাশরাফি বিন মুর্তজা।

বেলফাস্টে গতকাল প্রস্তুতি ম্যাচ খেলে আজ বৃহস্পতিবার ডাবলিনের মালাহাইডে পৌঁছেই বাংলাদেশ নেমে পড়েছে অনুশীলনে। চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো করতেই এ সিরিজে দুর্দান্ত কিছু করতে চান মাশরাফি, ‘অবশ্যই খুব গুরুত্বপূর্ণ সিরিজ এটা। গত দুই-আড়াই বছরে আমরা খুবই ভালো খেলেছি। সর্বশেষ শ্রীলঙ্কা সফরেও ভালো করেছি। ওখানে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে জিতেছি। এখানেও ভালো করলে সেটা চ্যাম্পিয়নস ট্রফিতে সহায়তা করবে।’

ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে কঠিন প্রতিপক্ষ মানলেও স্বাগতিক আয়ারল্যান্ডকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বাংলাদেশের। দেশের মাটিতে সব দলই ভয়ংকর। ২০১০ সালে সর্বশেষ আয়ারল্যান্ড সফরে বেলফাস্টে আইরিশদের কাছে ৭ উইকেটে হারের স্মৃতি নিশ্চয়ই ভোলেননি মাশরাফি। বাংলাদেশ অধিনায়ক তাই আয়ারল্যান্ডকে সমীহের চোখেই দেখছেন, ‘অবশ্যই অনেক বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। নিজেদের মাঠে সব সময়ই ফুরফুর মনে খেলা যায়। বিদেশের মাটিতে খেলা যেকোনো দলের জন্যই চ্যালেঞ্জিং। আয়ারল্যান্ড ভালো খেলছে। তারা জানে নিজেদের কন্ডিশনে কীভাবে খেলতে হয়। কঠিনই হতে যাচ্ছে সিরিজ। তবে ম্যাচ জিততে আমাদের ভালো খেলতে হবে, সেরাটাই দিতে হবে।’

কাল মাঠে নামার আগে আরেকবার ঝালিয়ে নিচ্ছেন তামিমরা। ছবি: বিসিবি
কাল মাঠে নামার আগে আরেকবার ঝালিয়ে নিচ্ছেন তামিমরা। ছবি: বিসিবি

শতভাগ প্রস্তুতি নিয়ে বাংলাদেশ শুরু করতে যাচ্ছে এই সিরিজ। মাশরাফিকে এটি বেশ আত্মবিশ্বাসী করছে, ‘ইংল্যান্ডে এসেছি ১৫ দিন আগে। প্রস্তুতি ভালোই নিয়েছি। গুরুত্বপূর্ণ খেলোয়াড়েরা সবাই ফিট আছে। যতটা পেরেছে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়েছে। ইংল্যান্ডে যখন এসেছিলাম ঠান্ডা ছিল বেশি। এখন আবার আবহাওয়াটা একটু ভালো। আবহাওয়া এমন থাকলে আমাদের জন্য ভালোই হবে। আমাদের ১৮ খেলোয়াড় ভালোভাবে প্রস্তুতি নিয়েছে। আশা করি ভালো কিছুই হবে।’

গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে স্লো ওভার রেটে এক ওয়ানডেতে নিষেধাজ্ঞা থাকায় এই ম্যাচে নিয়মিত অধিনায়ক মাশরাফিকে পাবে না বাংলাদেশ। তাঁর বদলে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান।