ইংরেজি না পারার ভান করে দলকে হারিয়েছিলেন ইয়াসির

উপমহাদেশ বিশেষ করে বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটারদের ইংরেজিজ্ঞান নিয়ে বিশ্ব ক্রিকেটে বেশ আলোচনা হয়। শুধুমাত্র মোস্তাফিজুর রহমান ভালো ইংরেজি বলতে পারছেন না দেখে আইপিএলে ডেভিড ওয়ার্নার ভিন্ন উপায় খুঁজে নিয়েছিলেন যোগাযোগের জন্য। সাধারণত ইংরেজি বলতে না পারাটা অসুবিধার কারণ হয়ে ওঠে। কিন্তু ইয়াসির শাহ এটাকেই নিজের সুবিধার জন্য কাজে লাগিয়েছিলেন!
কাউন্টি ক্রিকেটের নতুন এক গল্প জানা গেল পডকাস্টের সুবাদে। ২০১৭ সালে কেন্টে খেলতে গিয়েছিলেন ইয়াসির শাহ। সেখানে অধিনায়কের কথা পাত্তা না দেওয়ার জন্য ইংরেজি বুঝতে না পারার ভান করেছিলেন। তাঁর এমন আচরণের ফলে দলকে সেদিন হারতেও হয়েছিল। টু হ্যাকস, ওয়ান প্রো-এর নতুন পডকাস্টে সাবেক কেন্ট অধিনায়ক স্যাম নর্থইস্ট জানিয়েছেন সে গল্প।
আবির্ভাবের পর খ্যাতির চূড়ান্তে উঠেছিলেন ইয়াসির শাহ। ডোপ টেস্টে নিষিদ্ধ হওয়ার আগে টেস্টে বিশ্বের সেরা স্পিনারও ছিলেন কিছুদিন। কেন্টে খেলেছেন ওই সময়টাতেই। তিন ম্যাচের জন্য ইয়াসিরকে পাওয়া সৌভাগ্য মনে হয়েছিল নর্থইস্টের কাছে, 'মৌসুমের শুরুতে ওয়েইন পারনেল খেলেছিল আমাদের সঙ্গে, এর পর সে চলে গেল। অ্যাডাম মিলনে যোগ দিয়েছিল শেষে। এর মাঝের ফাঁকা সময়টায় শুধু ইয়াসির শাহকেই নেওয়া সম্ভব ছিল। আর বিশ্বের সেরা স্পিনারকে পাওয়ার সুযোগ পেলে তা হাতছাড়া করা যায় না।'
সেরা অস্ত্র হাতে থাকলেই হয় না, তাঁকে ব্যবহার করতে জানতে হয়। কিন্তু নর্থইস্ট যে সেই অস্ত্রকে বাগেই আনতে পারেননি, 'ওরচেস্টারে খেলা ছিল আমার অধিনায়ক দিনের সবচেয়ে বাজে দিন ছিল সেটা। আমরা ওদের ৪০০ (৩৯৯) এর মতো লক্ষ্য দিয়েছিলাম। এক দিনে সেটা করতে হবে, আমার কাছে ইয়াসির শাহ আছে। আমি সেদিন রাতে আয়েশ করে ঘুমিয়েছি, ভেবেছি মধ্যহ্নবিরতির মধ্যে খেলা শেষ হয়ে যাবে।'
নর্থইস্ট তো আর জানতেন না, ইয়াসিরের মাথায় অন্য কিছু কাজ করছিল, 'লাঞ্চের মধ্যে ওদের মাত্র এক উইকেট পড়েছিল এবং ইয়াসির তখনো উইকেট পায়নি। আমি ওকে ভিন্ন ফিল্ডিং সাজাতে বলছিলাম এবং কীভাবে বোলিং করতে হবে তা বলছিলাম। কিন্তু সে এমন ভান করল যে আমার কথা বুঝছে না। আমি ডাকছিলাম, ইয়াসির..., সে আমার প্রতি কোনো আগ্রহই দেখাচ্ছিল না। অন্যদের সঙ্গে ঠিকই ইংরেজিতে কথা বলছিল। আমি তো অবাক, “কী হচ্ছে? আমার কথা শুনছে না একদম!”'
মধ্যাহ্নবিরতির পরও পরিস্থিতি বদলায়নি, 'বিরতিতে আমি ওর আগের পাঁচ উইকেট পাওয়ার বোলিং দেখছিলাম আর ভাবছিলাম এর পর নিশ্চয় সে ওদের শেষ করে দেবে। অন্যরা এসে বলল, ইয়াসিরের আরেকটু ধীরে বল করা উচিত। আমি বললাম, আমিও সেটা বলার চেষ্টা করছি কিন্তু সে শুনতে চাইছে না। সে বিশ্বের এক নম্বর বোলার, তাই ওকে খুব বেশি ঘাটাইনি।'
অধিনায়ক হিসেবে এভাবে অন্যের ওপর দায়িত্ব ছেড়ে দেওয়াটা কাল হয়েছিল নর্থইস্টের, 'ওরা জিতে গেল। চা বিরতির পর ও ধীরে বল করা শুরু করল। এর আগে একটা উইকেটও পায়নি। এর মধ্যেই ড্যারিল মিচেল ও জো ক্লার্ক এমন অবিশ্বাস্য খেলেছে (১৭৫ রানের জুটি), ম্যাচ প্রায় শেষ। কিন্তু বলের গতি কমানোর কিছুক্ষণের মধ্যে.২০ মিনিটে ছয়টার মতো (পাঁচ) উইকেট পেয়ে গেল। আমরা ম্যাচটা প্রায় জিতেই যাচ্ছিলাম কিন্তু তা হয়নি। আমার অধিনায়কত্ব সেদিন ভালো হয়নি। বিশ্বের সেরা স্পিনার দলে থাকলেও সবসময় সেটা দলের কাজে লাগে না।'
ইয়াসির শাহ সেদিন ইনিংস শেষ করেছিলেন ১৩২ রানে ৫ উইকেট নিয়ে। তাঁর ক্যারিয়ারের পরিসংখ্যানে আরেকটি পাঁচ উইকেট যুক্ত হয়েছিল, কিন্তু নিজের অহমের কারণে তাঁর দলকে হারানোর ব্যবস্থা করেছিলেন পাকিস্তানি লেগ স্পিনার।