ইংলিশ কন্ডিশনের জন্য প্রস্তুত তামিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংল্যান্ড নামটি তামিমকে স্মৃতিকাতর করে। ছবি: প্রথম আলো
ইংল্যান্ড নামটি তামিমকে স্মৃতিকাতর করে। ছবি: প্রথম আলো

চ্যাম্পিয়নস ট্রফির জন্য প্রস্তুত হচ্ছেন তামিম ইকবাল। তাঁর প্রস্তুতিটা স্পষ্ট ব্যাটিংয়ের ধরনেই। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের তিনটি ম্যাচের দিকে তাকান, কন্ডিশন অনুযায়ী নিজেকে দারুণভাবে গড়ে তুলছেন বাংলাদেশের এই ওপেনার। ব্যাটিংয়ে সেই মার-কাটারি ব্যাপারটা নেই। খুব ধীর, স্থির। বাজে বলের জন্য অপেক্ষা করছেন। ভালো বলকে সম্মান করছেন। ইংল্যান্ডের উইকেটে যে খেলতে হয় এভাবেই। ব্যাটিংয়ের ধরনটা আগেই বদলেছেন। সেটার কার্যকারিতা আরও একবার দেখা গেল আয়ারল্যান্ড সিরিজে। তামিম যে এখন ব্যাটিংয়ে দলের সবচেয়ে নির্ভরতার জায়গা।

সেই দায়িত্বভার কাঁধে নিয়েই তামিম প্রস্তুত চ্যাম্পিয়নস ট্রফির জন্য। ঘরোয়া ও আন্তর্জাতিক ওয়ানডে মিলে সর্বশেষ ৬ ইনিংসে তাঁর রান : ৪৭, ২৩, ৬৪*, ৮৬, ৪৬ ও ১৫৭। ২০১০ সালের পর এই প্রথম ইংল্যান্ডে খেলবেন, সর্বশেষ যে সফরে টানা দুই টেস্টে সেঞ্চুরি করে বেশ শোরগোল ফেলে দিয়েছিলেন।
ইংল্যান্ডের উইকেট নিয়ে একটু দুশ্চিন্তা আছে তামিমের। আইরিশ উইকেট ও ইংলিশ উইকেটের মধ্যে বেশ পার্থক্যই দেখেন এই মুহূর্তে দারুণ ফর্মে থাকা এই ওপেনিং ব্যাটসম্যান, ‘ইংল্যান্ডের উইকেট কিন্তু আয়ারল্যান্ডের উইকেট থেকে ভিন্ন। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে পাটা উইকেটে খেলা হলে সেটা আমাদের জন্য কঠিনই হবে।’
ইংলিশ কন্ডিশনটা বুঝতে আয়ারল্যান্ড সিরিজটা সহায়ক বলেই মনে করেন তামিম, ‘এখানে প্রত্যকেই কম-বেশি দুটি করে ইনিংসে ব্যাটিং করার সুযোগ পাচ্ছে। এরই মধ্যে প্রত্যেকে বুঝে গেছে রান পেতে গেলে কী করতে হবে। এমন কন্ডিশনে উইকেটের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগে। জমে গেলে অপেক্ষায় থাকতে হয় বাজে বলের জন্য।’
ব্যাটিংয়ের ধরন পরিবর্তন করেও ফল মিলেছে তামিমের। আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ডাবলিনের সবুজ উইকেটে বেশ বিপদেই ছিল বাংলাদেশ। কিন্তু তাঁর ধীর-স্থির এক ইনিংসে ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছিল দল। মাহমুদউল্লাহর সঙ্গে গড়েছিলেন দারুণ এক জুটি। তবে ম্যাচটা শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়। নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে ৪২ বলে ২৩ রান করে ভালো একটা ইনিংসের ভিত গড়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তার ফলটা তুলে নিতে পারেননি। শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে ফেরেন ৪৭ রানে।
নিউজিল্যান্ড-শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দারুণ ফর্মটাই যেন সঙ্গে করে নিয়ে গেছেন আয়ারল্যান্ডে। নিউজিল্যান্ড সফরে নেলসনের শেষ ম্যাচে করেছিলেন ৫৯। শ্রীলঙ্কার বিপক্ষে ডাম্বুলায় করলেন ১২৭। এর মধ্যে ছিল প্রিমিয়ার লিগের ঘরোয়া ক্রিকেটেও ভালো করা।
আয়ারল্যান্ড সিরিজে ভালো করার পর নিজের ‘ভালো ফর্ম’টা যদি চ্যাম্পিয়নস ট্রফিতে নিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু বাংলাদেশের দারুণ সুযোগ তৈরি হবে। ওয়ানডের পর সবচেয়ে বড় এই বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশ যে যথেষ্ট কঠিন গ্রুপেই।
চ্যাম্পিয়নস ট্রফির আগে আয়ারল্যান্ডের বিপক্ষে জয়টা সাহস জোগাচ্ছে তামিম ইকবালকে। বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচটাতে জিতলে দারুণ আত্মবিশ্বাস নিয়েই চ্যাম্পিয়নস ট্রফিতে যেতে পারবে বাংলাদেশ। দলের কাছে তামিমের চাওয়াও সেটিই, ‘এখান থেকে জিতে চ্যাম্পিয়নস লিগে পা রাখাটা হবে দারুণ।’
আগামী ১ জুন প্রতিযোগিতার প্রথম দিনই ওভালে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৫ জুন ওভালেই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ। শেষ ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে, ৯ জুন কার্ডিফের সোফিয়া গার্ডেনে। ২০০৫ সালে এই কার্ডিফের এই মাঠেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ।