ইংলিশ কাউন্টিতে 'বিপিএল'
বিপিএল এবার উদাহরণ হয়ে দাঁড়াচ্ছে ইংলিশ কাউন্টি ক্রিকেটারদের সামনেও। ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলা কেন্টের অলরাউন্ডার ড্যারেন স্টিভেন্সের মাধ্যমেই হচ্ছে সেটা। তবে বিপিএল কাউন্টিতে যাচ্ছে ঠিক ক্রিকেটীয় কারণে নয়।
বিপিএলের দ্বিতীয় আসরে স্পট ফিক্সিং বিতর্কে জড়িয়ে পড়েছিল ইংলিশ অলরাউন্ডার স্টিভেন্সের নামও। স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও সংশ্লিষ্টদের সেটা না জানানোই ছিল তাঁর বিরুদ্ধে অভিযোগ। বিসিবির দুর্নীতি দমন ট্রাইব্যুনাল শেষ পর্যন্ত তাঁকে দায়মুক্তি দিলেও সেটার জন্য দীর্ঘ তদন্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে স্টিভেন্সকে। পেশাদার ক্রিকেটারদের সংস্থা পিসিএর বানানো এক ডিভিডিতে সেসব তিক্ত অভিজ্ঞতার কথাই জানিয়েছেন তিনি। ফিক্সিংবিরোধী সচেতনতা তৈরির উদ্দেশ্যে পরবর্তী কাউন্টি মৌসুমের আগে কাউন্টির সব ক্রিকেটারকেই দেখানো হবে সেই ডিভিডি।
শুনানিতে অংশ নেওয়ার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ডিভিডিতে স্টিভেন্স জানিয়েছেন, ‘বাংলাদেশে শুনানিটা হয়েছিল ছোট্ট একটা কক্ষে, যেখানে অনেক ক্যামেরা ছিল। বিভিন্ন জায়গা থেকে আসা আইনজীবীরাও ছিলেন ওই কক্ষে। দমবন্ধ হওয়ার মতো অবস্থা ছিল বলতে পারেন। চার সপ্তাহের মতো ওখানে ছিলাম, সপ্তাহের পাঁচ দিনই যেতে হতো শুনানিতে। সেখানে বসে থাকাটাই ছিল আমার জীবনের সবচেয়ে শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা।’ ক্রিকইনফো।