ইংলিশ ক্রিকেটারের প্রতিশোধের জবাব দিলেন অশ্বিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবিচন্দ্র অশ্বিন। ছবি: টুইটার
রবিচন্দ্র অশ্বিন। ছবি: টুইটার
>

বিবিসির অনুষ্ঠানে রবিচন্দ্র অশ্বিনের ছবি মেশিনে টুকরো টুকরো করে কেটেছিলেন জেমস অ্যান্ডারসন। ইংলিশ পেসারকে তার জবাব দিলেন অশ্বিন

অমন কাজ সতীর্থ জস বাটলারের হয়ে প্রতিশোধ নেওয়ার চেষ্টা ছাড়া আরকি? বিবিসির অনুষ্ঠানে রবিচন্দ্র অশ্বিনের ছবি মেশিনে টুকরো টুকরো কেটেছিলেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। এ নিয়ে তুমুল সমালোচনাও হয়েছে। আর যা-ই হোক—কারও ছবি টুকরো টুকরো করে কাটা শোভন দেখায় না। তবে কিংস ইলেভেন পাঞ্জাব অধিনায়ক কিন্তু ঠান্ডা মাথায়ই জবাব দিয়েছেন অ্যান্ডারসনকে।

ভারতের সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’কে অশ্বিন বলেন, ‘জিমি অ্যান্ডারসন আজ হয়তো মনে করছে, আমি ভুল করেছি। কিন্তু কাল সে নিজেও এটা (মানকাড) করতে পারে, কে জানে? বিষয়টি আসলে ঠিক-বেঠিক উপলব্ধির। আমার মনে হয় না, এ ব্যাপারে তা ভাবার দরকার আছে। কারণ আমি যা করেছি তা আইনের ভেতরে থেকে। আমাকে যাঁরা জানে তাঁদের কাছে পরিষ্কার যে কোনো অনৈতিক কাজ আমি করি না। অনেক ক্রিকেটার পর্যন্ত আমাকে বলেছে যা করেছি ঠিক করেছি।’

আইপিএলে রাজস্থান-পাঞ্জাব ম্যাচে বাটলারকে ‘মানকাড’ আউট করেন পাঞ্জাব অধিনায়ক অশ্বিন। এমনিতেই মানকাড আউট হলেই ক্রিকেটীয় চেতনা নিয়ে প্রশ্ন ওঠে। আর অশ্বিন নিজের স্বাভাবিক বোলিং অ্যাকশন থামিয়ে ব্যাটসম্যান কখন ক্রিজের বাইরে যাবেন, তার অপেক্ষায় ছিলেন। ফলে আউটটি দেখতেও দৃষ্টিকটু লেগেছে। তবে ক্রিকেটের আইন কিছুটা পরিবর্তন হওয়ায় এখন একে বেআইনি বলার উপায় নেই। কিন্তু ম্যাচ জেতার জন্য এভাবে ‘নগ্ন’ চেষ্টা ভালো চোখে দেখেননি অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে এই আউটের পক্ষে-বিপক্ষে ঝড় বয়ে গেছে বেশ কিছুদিন। বাটলারের পক্ষে দাঁড়ান তাঁর ইংলিশ সতীর্থরা। অশ্বিনকেও সমর্থন দিয়েছেন তাঁর সতীর্থরা।

নিজের স্বাভাবিক বোলিং অ্যাকশন থামিয়ে মানকাড আউট করারও ব্যাখ্যা দিয়েছেন অশ্বিন, ‘বিতর্ক আছে যে, আমি তাঁর (বাটলার) ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়ার অপেক্ষায় ছিলাম। কিন্তু লোকে যেটা বুঝতে পারছে না, আমি ক্রিজে পৌঁছানোর আগেই সে বেরিয়ে যাচ্ছিল। অ্যাকশন শেষ হলে নিচু হয়ে স্টাম্প ভাঙা যায় না। মানুষের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে, বোলাররা আর হয়তো এটা করতে চাইবে না।’