
ভালো আর খুব ভালোদের সঙ্গে গ্রেটদের পার্থক্য কোথায়?
গা গরম-টরম করার পর স্পট বোলিং অনুশীলন করে তবেই আজকাল মাঠে নামেন বোলাররা। তার পরও প্রথম বলটি জায়গামতো পড়ে না অনেক সময়। ছন্দ খুঁজে পেতে কখনো কখনো লেগে যায় ২-৩ ওভার। জেমস অ্যান্ডারসন কাল মাঠে নেমেছিলেন সাড়ে চার মাস পর। প্রথম ওভার সব কটি বল ডানহাতি অজিঙ্কা রাহানের অফ স্টাম্প ঘেঁষে, মেডেন ওভার। পরের ওভারের প্রথম বল বাঁহাতি শিখর ধাওয়ানকে। অফ স্টাম্পে পিচ করে হালকা বেরিয়ে যাওয়া নিখুঁত ডেলিভারি, ধাওয়ানের ব্যাটে চুমু দিয়ে কিপারের গ্লাভসে! জড়তা কিংবা অস্বস্তির বালাই নেই বোলিংয়ে। ধাওয়ানকে দিয়ে শুরু করেছিলেন, শেষ স্পেলে আরও ৩ উইকেট নিয়ে অ্যান্ডারসন গুটিয়ে দিয়েছেন ভারতকে।
অ্যান্ডারসনের দুই স্পেলের মাস্টারক্লাসের মাঝে ছিল স্টিভেন ফিনের তারুণ্যের চঞ্চলতা। সুইং, বাউন্স, আগ্রাসন। তাতে নাকাল ভারত। এক বছর আগে এই ব্রিসবেনেই থমকে গিয়েছিল ফিনের ক্যারিয়ার। অ্যাশেজে একাদশে সুযোগ মিলছিল না। আত্মবিশ্বাস ছিল তলানিতে, অনুশীলনে ব্রিসবেনের নেটে বোলিংই করতে পারছিলেন না। অবস্থা বুঝে টিম ম্যানেজমেন্ট প্রস্তাব দিয়েছিল ছুটি নেওয়ার। জানতেন, ছুটি নেওয়া মানে দল থেকেও আপাতত ছুটি। তার পরও বিপর্যস্ত ফিন সেই প্রস্তাব লুফে নিয়ে ফিরেছিলেন দেশে। পরে ফিরেছেন দলে। তবে লড়ছিলেন জায়গা পাকা করতে। কাল যেন পূর্ণতা পেল ফিনের ফেরা। রঙিন পোশাকে প্রথম ৫ উইকেটে গুঁড়িয়ে দিলেন ভারতের শক্তিশালী ব্যাটিং।
এই অস্ট্রেলিয়ান গ্রীষ্মে যেসব উইকেট খেলা হচ্ছে, এই ব্রিসবেনেই কেবল মিলছে খানিকটা সুইং ও চেনা অস্ট্রেলিয়ান বাউন্স। থিতু হয়ে গেলে অবশ্য এই উইকেটও ব্যাটিংয়ের জন্য দারুণ। কিন্তু ওই বাউন্সেই কাবু ভারত। ১৫৪ রান তাড়ায় ইংল্যান্ড জিতেছে ৯ উইকেট আর ১৩৫ বল হাতে রেখে। দুটি হিসাবেই ভারতের বিপক্ষে ইংল্যান্ডের সবচেয়ে বড় জয়।
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ভারত কাল পায়নি আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রোহিত শর্মাকে। ওপেনিংয়ে তাই রাহানে, রোহিতের বদলি রায়ডু তিনে। ১ রানে ধাওয়ানের বিদায়ের পর ৫৬ রানের জুটি গড়েছিলেন এই দুজন। দুজনই ফিনের শিকার। অ্যান্ডারসনকে এড়াতেই হয়তো তিনে খেলানো হয়নি কোহলিকে। ১৮ ইনিংসে ৮ বার অ্যান্ডারসনের শিকার হয়েছেন কোহলি। তবে শেষ রক্ষা হয়নি, ফিনের বাড়তি বাউন্সে ফিরেছেন ভারতীয় ব্যাটিংয়ের প্রাণভোমরা। ৬৭ রানে ৫ উইকেট হারানো ভারতকে দেড় শর কাছাকাছি নিয়ে গেছে ধোনি ও বিনির ৬০ রানের জুটি। ৫৫ বলে ৪৪ করা স্টুয়ার্ট বিনির উইকেটসহ শেষ স্পেলে ৩ রানে ৩ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। প্রথম স্পেলে তিন উইকেট পাওয়া ফিন দ্বিতীয় স্পেলে ফিরে নিয়েছেন দুটি। পাঁচটি ডিসমিসাল করেছেন জস বাটলার। ভারত শেষ ৫ উইকেট হারিয়েছে ১৬ রানে। স্টার স্পোর্টস, ক্রিকইনফো।
ইয়ান বেল হয়তো পরে আক্ষেপ করেছেন ভারতের রান আরও কিছু বেশি হলো না বলে! সেঞ্চুরিটা পেতে পারতেন, শেষ পর্যন্ত অপরাজিত ৯১ বলে ৮৮ রানে। বেল ও জেমস টেলরের অবিচ্ছিন্ন ১৩১ রানের দ্বিতীয় উইকেট জুটিতে ইংল্যান্ড জিতেছে বোনাস পয়েন্টসহ। পরশু হোবার্টে ইংলিশদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ৩৯.৩ ওভারে ১৫৩ (রাহানে ৩৩, ধাওয়ান ১, রায়ডু ২৩, কোহলি ৪, রায়না ১, ধোনি ৩৪, বিনি ৪৪, অক্ষর ০, ভুবনেশ্বর ৫, শামি ১, যাদব ০; ফিন ৫/৩৩, অ্যান্ডারসন ৪/১৮, মঈন ১/৩১);
ইংল্যান্ড: ২৭.৩ ওভারে ১৫৬/১ (বেল ৮৮*, মঈন ৮, টেলর ৫৬*; বিনি ১/৩৪)।
ফল: ইংল্যান্ড ৯ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: স্টিভেন ফিন