ইংলিশ-বধের এই তো ছক!

ইংলিশদের বধ করার জন্য নিশ্চয় ছক কেটে রেখেছেন মাশরাফি। কোচ হাথুরুসিংহের ল্যাপটপের গোপন ফোল্ডারে নিশ্চয়ই রাখা আছে রণকৌশলের বিশেষ ‘ফাইল’। না, কোচের ল্যাপটপ হ্যাক হয়নি। এখনো সুরক্ষিত আছে সেই গোপন ফাইলটি। তবে এ লেখা থেকে কিছুটা আন্দাজ করে নিতে পারেন কী আছে পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত করে রাখা সেই ফাইলে। বিশ্বকাপে ইংল্যান্ডের আগের চার ম্যাচ বিশ্লেষণের আতশকাচের নিচে রেখে খুঁজে বের করা হয়েছে ইংলিশদের ‘একিলিস হিল’। বেহুলার বাসরঘরের সেই ফোকর, বজ্র আঁটুনির সেই ফসকা গেরো।
ইংলিশদের আসল ছবি: বিশ্বকাপে ইংলিশদের অবস্থা ছেড়ে দে মা কেঁদে বাঁচি। আর এর মূল দায় ব্যাটসম্যানদের। টপ অর্ডারের ব্যর্থতা সামলে নেওয়ার জন্য থাকে মিডল অর্ডার। একে অন্যের ব্যর্থতা সামলে নেওয়ার দায়িত্ব বর্তায় বোলার-ব্যাটসম্যানদের ওপর। কিন্তু এই টুর্নামেন্টে ইংল্যান্ডের টপ এবং মিডল অর্ডারের ব্যাটসম্যানরা যেন পণ করে নেমেছেন খারাপের দিক দিয়ে একে অন্যকে ছাপিয়ে যাওয়ার। অধারাবাহিকতার দিক দিয়েই সবচেয়ে বেশি ধারাবাহিক তারা। কোনো ব্যাটসম্যানের ব্যাটেই নিয়মিত রানের দেখা নেই। আর যেদিন ব্যাটসম্যানরা ভালো করছেন সেদিন ডুবিয়ে দিচ্ছেন বোলাররা।
তাকান পরিসংখ্যানে: এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা প্রথম ২৫ জনের মধ্যে নেই কোনো ইংলিশ ব্যাটসম্যানের নাম! ভাবা যায়! মাত্র চার ব্যাটসম্যান টুর্নামেন্টে পেরোতে পেরেছেন ১০০ রানের মাইলফলক। বোলারদের অবস্থাও তথৈবচ। এখন পর্যন্ত টুর্নামেন্টে উইকেট শিকারির তালিকায় সেরা ২০-এ আছেন মাত্র একজন। তা-ও আবার ২০তম অবস্থানে। সর্বোচ্চ উইকেট শিকারি ৩৭ জনের মাঝেও নেই আর কোনো ইংলিশ বোলারের নাম। ভাবা যায়!
ভাবা না গেলেও এটাই ইংলিশদের বর্তমান চিত্র। আর এ চিত্রটাই আশার গান শোনাচ্ছে মাশরাফিদের। তা ছাড়া বেশ ভালো ফর্মে আছেন মুশফিক–সাকিব। গত ম্যাচে তামিমও ফিরেছেন ছন্দে।
টস ফ্যাক্টর: ‘গুড টস টু উইন’ ক্রিকেটের অনেক প্রাচীন প্রবাদ। আজ ম্যাচ জেতার অন্যতম শর্ত টসে জেতা। অ্যাডিলেডে প্রথমে ব্যাট করা জেতা ম্যাচের সংখ্যা ৪৩টি, পরে ব্যাট করে জেতা ম্যাচের সংখ্যা ৩৩। এবারের বিশ্বকাপেও প্রথমে ব্যাট করে জেতা ম্যাচের সংখ্যা ১৮টি, পরে ব্যাট করলে যেটা নেমে এসে দাঁড়ায় ১৩ তে। আর আজকের ম্যাচটি যেহেতু অলিখিত ‘নক-আউট’ ম্যাচ, স্নায়ুচাপের বেশির ভাগটাই বইতে হবে পরে ব্যাট করা দলকে। যদি প্রথমে ব্যাট করা দলটি স্কোরবোর্ডে ২৬০-২৮০ রান জমা করতে পারে। অতএব, টস জিততে হবে মাশরাফিকে। শুরুতেই নিতে হবে ব্যাটিং। আর একটা ভালো সংগ্রহ যে চাই তা না বলে দিলেও চলছে।
তবে টস হেরে আগে বোলিং পেলেও মাশরাফিদের মানসিকভাবে পিছিয়ে পড়ারও কারণ নেই। কারণ সর্বশেষ ম্যাচটিতেই ৩০০-এর বেশি রানের পুঁজি নিয়েও সেটি ‘ডিফেন্ড’ করতে পারেনি ইংল্যান্ড। ৩০৯ রান করেও শ্রীলঙ্কার কাছে হেরেছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে। তবে ‘টস জিতলে অবশ্যই ব্যটিং নাও’ এটাও কিন্তু ক্রিকেটের আরেক প্রাচীন প্রবাদ।
চাই আক্রমণাত্মক ব্যাটিং: ইংলিশ বোলারদের করুণদশার কথা আগেই বলা হয়েছে। প্রথম ম্যাচেই স্টিভেন ফিন হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট নিলেও দিয়েছিলেন ৭১ রান। সেদিন অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ক্রিস ওকস এবং মঈন আলীর প্রত্যেকেই দিয়েছেন ৬০ রানেরও বেশি। নিউজিল্যান্ডের ম্যাচটিতে ইংলিশ বোলাররা প্রথম দশ ওভারে রান বিলিয়ে দেয় ১১৬টি। একইভাবে তারা রান দিয়েছে শ্রীলঙ্কার বিপক্ষেও। ইংলিশ বোলারদের আত্মবিশ্বাস ঠেকে গেছে একদম তলানিতে। এবারের টুর্নামেন্টে ইংলিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল (৮ উইকেট) যিনি সেই স্টিভেন ফিন রান খরচের দিক দিয়েও সবচেয়ে উদার। ওভারপ্রতি প্রায় ৭-এর কাছাকাছি রান দিয়েছেন। ফলে ইংলিশ বোলারদের বাড়তি সমীহ করার কিছুই নেই। তামিম-সাকিব-মুশফিকরা নির্ভয়ে খেলতে পারেন নিজেদের স্বাভাবিক খেলাটাই।
বোলিংয়ে চাই শুরুতেই আঘাত: নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে রান তাড়া করতে নেমে প্রথমেই মুখ থুবড়ে পড়ে ইংল্যান্ডের টপ অর্ডার। সে ধাক্কা সামলাতে পারেনি মিডল অর্ডারও। ৯২ রান জমা করতেই ইংল্যান্ড হারিয়েছিল ছয় উইকেট। টপ অর্ডারের ব্যর্থতা ছিল পরের ম্যাচেও। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৭ রানে তিন উইকেট হারায় তারা। এ দু ম্যাচেই শুরুর এই ধাক্কা ইংল্যান্ড আর সামলে উঠতে পারেনি। আজও শুরুতেই আঘাত হানতে হবে মাশরাফিদের।
দায়িত্ব নিতে হবে পেসারদের: স্পিনের বিপক্ষে ইংলিশদের দুর্বলতা ‘ওপেন সিক্রেট’। আজও ভাগ্য নিয়ন্ত্রক হয়ে উঠতে পারেন স্পিনাররা। কিন্তু পেসারদেরও নিতে হবে বাড়তি দায়িত্ব। ইতিহাসও বলছে স্পিন বাংলাদেশের মূল শক্তি হলেও গত বিশ্বকাপে ইংল্যান্ডকে হারাতে বড় ভূমিকা রেখেছিলেন বাংলাদেশের পেসাররাও। তা ছাড়া গত দুই বছরে ইংলিশদের ব্যাটিং বিশ্লেষণ করে দেখা যাচ্ছে তারা পেসারদের কাছে দিয়েছে ২২০ উইকেট, আর স্পিনারদের কাছে ১১৬টি।
লড়াইটা আসলে সবার। ব্যাটসম্যানদের, বোলারদেরও। তাই লড়তে হবে কাঁধে কাঁধ মিলিয়ে।