ইংলিশ বোলার ওকসের অনন্য কীর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংলিশ বোলার হিসেবে ওকস ছাড়িয়ে গেলেন স্বদেশি সবাইকে। ছবি: রয়টার্স
ইংলিশ বোলার হিসেবে ওকস ছাড়িয়ে গেলেন স্বদেশি সবাইকে। ছবি: রয়টার্স

হাম্বানটোটায় সিরিজের তৃতীয় ম্যাচ, যেটিতে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৫ উইকেটে জিতেছিল ইংল্যান্ড, সেদিন দলের পক্ষে সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন ক্রিস ওকস। আজ পাল্লেকেলেতে পঞ্চম ওয়ানডেতে দলের পক্ষে সর্বোচ্চ উইকেট নিলেন ওকসই। তবে এ দিন অনন্য এক কীর্তিও গড়লেন এ ডানহাতি পেসার। প্রথম ইংলিশ বোলার হিসেবে ওয়ানডেতে একাধিকবার ৬ উইকেট ওকসের। বৃষ্টির কারণে শ্রীলঙ্কার দেওয়া ২৪০ রান তাড়া করতে আগামীকাল মাঠে নামবে ইংল্যান্ড।
টসে জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাট করতে পাঠান ইংলিশ অধিনায়ক। মাত্র ৩ রানে কুশল পেরেরার উইকেটটি হারায় শ্রীলঙ্কা। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ৫১ রান তুলে দলের বিপর্যয় সামাল দেন তিলকরত্নে দিলশান ও কুমার সাঙ্গাকারা। ১ উইকেটে ৫৪ থেকে ৩ উইকেট ৫৯—৫ রানের ব্যবধানে ফিরে যান দিলশান ও মাহেলা জয়াবর্ধনে। এরপর অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের সঙ্গে চতুর্থ উইকেটে ৮৫ রানের জুটি গড়েন সাঙ্গাকারা। এ বাঁ-হাতি তুলে নেন ৯১তম ওয়ানডে ফিফটি। ওকসের বলে ফেরার আগে সাঙ্গাকারার সংগ্রহ ৯১ রান। জর্ডানের বলে ফেরার আগে ম্যাথুসের সংগ্রহ ৪০ রান। শেষমেশ ৪৯ ওভারে শ্রীলঙ্কা অলআউট ২৩৯ রানে।
লঙ্কানদের অলআউট হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান ওকসের। শ্রীলঙ্কার শেষ ৬৬ রানে পড়েছে ৬ উইকেট। এর ৪টিই ওকসের। ইনিংসে ৪৭ রানে নিয়েছেন ৬ উইকেট। তবুও এটি ইংলিশ অলরাউন্ডারের সেরা ওয়ানডে বোলিং নয়।
২০১১ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই পেয়েছিলেন ৪৫ রানে ৬ উইকেট। ওয়ানডেতে ইংলিশ বোলারদের মধ্যে সবচেয়ে সেরা বোলিং পল কলিংউডের । ২০০৫ সালের জুনে নটিংহামে বাংলাদেশের বিপক্ষে কলিংউড ৩১ রানে নিয়েছিলেন ৬ উইকেট। তবে তিনিই একমাত্র ইংলিশ বোলার যিনি ওয়ানডেতে দুবার ৬ উইকেট পেয়েছেন, তা-ও আবার ২২ ওয়ানডে ক্যারিয়ারে!
বৃষ্টির কারণে আজ ব্যাট করতে নামতে পারেনি ইংল্যান্ড। ম্যাচের অবশিষ্ট অংশ অনুষ্ঠিত হবে আগামীকাল। শুরু হবে স্থানীয় সময় বেলা আড়াইটায়। টেনক্রিকেট, ক্রিকইনফো।