ইংলিশ সমর্থকেরাও স্মিথ-ওয়ার্নারদের 'প্রতিপক্ষ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। ছবি: টুইটার
ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। ছবি: টুইটার

৪৩২ দিন। গত বছর মার্চ মাসে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে খেলতে নেমেছিলেন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। তখন কি তাঁরা ভাবতে পেরেছিলেন মাঝে এতগুলো দিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসনে চলে যেতে হবে!

কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের অভিযোগে অস্ট্রেলিয়ার ক্রিকেটে এক বছরের জন্য নিষিদ্ধ হতে হয়েছিল সেই ম্যাচে অস্ট্রেলিয়ার অধিনায়ক ও সহ-অধিনায়ককে। নিষেধাজ্ঞা শেষ, ক্রিকেট বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার দুই ব্যাটসম্যান। নিষেধাজ্ঞা কাটিয়ে আজই আবার প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামছেন স্মিথ-ওয়ার্নার। সেদিক থেকে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি দুজনের জন্য অন্য রকম ফেরাই। কেপটাউন টেস্টের সেই ঘটনার পর থেকে দুজনকে নিয়ে নানা ধরনের কথা হয়েছে সংবাদমাধ্যমে। কথা হচ্ছে তাঁদের দলে ফেরানো আর বিশ্বকাপের দলে রাখা নিয়েও। সব মিলিয়ে শুধু আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিই নয়, এবারের বিশ্বকাপটাই অন্য রকম স্মিথ-ওয়ার্নারের কাছে।

আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচে দীর্ঘ বিরতি অবশ্য স্মিথ-ওয়ার্নারের ব্যাটে মরচে ধরাতে পারেনি। সদ্য শেষ হওয়া আইপিএলে ওয়ার্নার ছিলেন সর্বোচ্চ রানসংগ্রাহক। ১২ ম্যাচে একটি সেঞ্চুরি ও আটটি ফিফটিতে করেছেন ৬৯২ রান। আর স্মিথ ছন্দে ফিরেছেন বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার প্রস্তুতি ম্যাচগুলো দিয়ে। ২২, ৮৯*, ৯১*, ৭৬, ১১৬—সর্বশেষ পাঁচ ইনিংসে স্মিথের রান এ রকমই। ম্যাচগুলোর ওয়ানডে মর্যাদা নেই। তাতে কী? ছন্দে ফেরার আনন্দ নিয়ে বিশ্বমঞ্চে নামছেন স্মিথ।

মাঝের ২২ গজে কী হয় কে জানে, তবে ব্রিস্টলে তাঁদের ফেরাটা খুব একটা সুখকর হওয়ার সম্ভাবনা কম! স্মিথ ও ওয়ার্নার ২০১৯ বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার পর থেকেই বলাবলি হচ্ছিল—ইংল্যান্ডে তাঁদের জন্য অপেক্ষা করছে তেতো অভ্যর্থনা। সেটির একটা নমুনা এরই মধ্যে পাওয়া গেছে। ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে স্মিথ ও ওয়ার্নার ব্যাটিংয়ে নামার সময় দুয়ো দিয়েছে ইংলিশ সমর্থকেরা। স্মিথকে উদ্দেশ করে তো ‘প্রতারক’ বলে চিৎকারও করেছে। আজ ম্যাচটা আফগানদের বিপক্ষে হলেও ব্রিস্টলে আসা ইংলিশ সমর্থকেরা স্মিথ-ওয়ার্নারকে মানসিকভাবে এলোমেলো করে দেওয়ার চেষ্টায় হয়তো খামতি রাখবেন না!

অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গারও তেমন কিছু হবে বলেই ধরে রেখেছেন, ‘বিষয়টি নিয়ে আমরা অনেক কথা বলেছি। এমনটা হবে বলেই ধরে নিয়েছি। তবে আপনি যতই প্রস্তুতি নেন আর কথা বলেন এটা সামলানো সহজ নয়।’ তবে এমনটা হওয়া উচিত নয় বলেই মনে করেন ল্যাঙ্গার, ‘আমার মনে হয় অসাধারণ ক্রিকেটার হিসেবে ওদেরও কিছু সম্মান প্রাপ্য। ওরা ভুল করে ফেলেছে। এর অনেক বড় মূল্যও দিয়েছে।’

স্মিথ অবশ্য দর্শকদের এই বৈরী আচরণ গায়ে মাখছেন না। দুয়ো, গালাগাল আর নানা ধরনের চিৎকারের মধ্যেই ইংল্যান্ডের বিপক্ষে সেই প্রস্তুতি ম্যাচে মাথা ঠান্ডা রেখে খেলেছিলেন অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটসম্যান। খেলেছিলেন ১১৬ রানের ম্যাচজয়ী এক ইনিংস। আর ম্যাচ শেষে বলেছিলেন, তাঁকে দুয়ো দেওয়া আর হাঁসের পিঠে পানি দেওয়া একই ব্যাপার! কারণ এসবে তিনি কান দেন না, গায়েও মাখেন না!