ইংলিশদের স্বস্তির জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জশ ডেভিকে ফেরালেন স্টিভেন ফিন ছবি: রয়টার্স।
জশ ডেভিকে ফেরালেন স্টিভেন ফিন ছবি: রয়টার্স।

স্কটল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড জিতেছে। এই জয়ের জন্য সমর্থকেরা ইংলিশদের পিঠ চাপড়ে দেবে না, প্রশংসায় হবে না পঞ্চমুখও। কিন্তু এই ম্যাচটি যদি ইংল্যান্ড হেরে যেত, তাহলেই হায় হায় রব উঠত চারদিকে। সেদিক দিয়ে স্কটল্যান্ডকে হারানোটা স্বস্তিরই বলতে হয়। তবে ইংলিশদের সবচেয়ে বড় স্বস্তির ব্যাপারটি বোধ হয় দুই ম্যাচের যাচ্ছেতাই পারফরম্যান্সের পর দেখা দেওয়া জয়ের বিষয়টিই। ক্রাইস্টচার্চে স্কটিশদের বিপক্ষে ইংলিশদের জয়টা ১১৯ রানের।
প্রথমে ব্যাট করে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ৮ উইকেটে ৩০৩। সংগ্রহটা আপাতদৃষ্টিতে স্বস্তিদায়ক মনে হলেও ইংল্যান্ডের করার কথা ছিল এর চেয়ে ঢের বেশি। মঈন আলী আর ইয়ান বেল ১৭২ রানের ওপেনিং জুটির যে ভিতটা গড়ে দিয়ে গিয়েছিলেন, সেখান থেকে অন্তত ৩৩০-৩৩৫ রানের পুঁজি পাওয়ার কথা ছিল, কিন্তু শেষ দিকের ব্যাটসম্যানদের ব্যর্থতা আর স্কটল্যান্ড বোলারদের দৃঢ়তায় সংগ্রহটা বড় হয়েও আকাশ ছুঁতে পারেনি। তবে দিন শেষে ১১৯ রানের জয়টা কিন্তু ইংল্যান্ডকে জোগাচ্ছে ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাসই।
মঈন আলী আজ খেলেছেন ১২৮ রানের দুর্দান্ত এক ইনিংস। ২৭ বছর পর নিউজিল্যান্ডের মাটিতে প্রথম কোনো ইংলিশ ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির কৃতিত্ব রাখলেন তিনি। উদ্বোধনী জুটিতে ইয়ান বেলকে সঙ্গে নিয়ে তিনি গড়েন ১৭২ রানের বিশাল এক জুটি। বিশ্বকাপে মঈন-বেলের এই জুটি কিন্তু ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ জুটি হিসেবেই নাম লিখিয়েছে। বেলের ব্যাট থেকে এসেছে ৫৪ রান।
মঈন তাঁর ১২৮ রানের ইনিংসটি সাজান মাত্র ১০৭ বলে। ১২ চার ও ৫ ছয়ের এই ইনিংসে ছিল প্রত্যয়দীপ্ত দৃঢ়তা একই সঙ্গে ছিল শৈল্পিক সৌন্দর্য। উইকেটের চারদিকে মঈন যে শটগুলো খেলছিলেন, তা মুগ্ধতা ছড়িয়ে গেছে ক্রাইস্টচার্চের দর্শকের মধ্যে। বেল কিন্তু যোগ্য সঙ্গী হয়েই ছিলেন মঈনের। ৫৪-তেই থেমে যাওয়া ইনিংসটিতে ছিল তাঁর ফর্মে ফেরার ইঙ্গিত। ৮৫ বলে তাঁর ইনিংসটিতে ছিল ২টি চারের মার।
আগেই বলা হয়েছে উদ্বোধনী জুটিটি কিন্তু ইংল্যান্ডকে স্বপ্ন দেখিয়েছিল অনেক বড় সংগ্রহের। অনেক বড় বলতে সংগ্রহটাকে খুব সহজেই ৩৩০-৩৩৫-এ নিয়ে যাওয়া যেত। কিন্তু শেষ দিকে ব্যাটসম্যানদের পথ হারানোর খেসারতে সুযোগ থাকা সত্ত্বেও দলীয় সংগ্রহটা আটকে গেছে ৩০৩ রানেই। মঈন আলী ও ইয়ান বেলের পাশাপাশি অধিনায়ক এউইন মরগানের ৪৬, জস বাটলারের ২৪ আর জেমস টেলরের ১৭ রান মোট সংগ্রহটা ৩০০ পেরোতে যথেষ্ট সহায়ক হিসেবে বিবেচিত হয়েছে।
স্কটল্যান্ডকে কৃতিত্ব কিন্তু দিতেই হচ্ছে। শেষের দিকে ইংলিশ ব্যাটসম্যানদের ওপর চাপ তৈরি করে বেশ কয়েকটি উইকেট তুলে নিয়ে রানটাকে বেশিদূর যেতে দেয়নি তারা। স্কটিশরা গর্ব করতেই পারে জশ ডেভিকে নিয়ে। ৬৮ রানের বিনিময়ে তিনি তুলে নিয়েছেন চার-চারটি উইকেট। ডেভির পাশাপাশি ইয়ান ওয়ার্ডল, অ্যালাসডাইর ইভানস, মাজিদ হক ও রিচি বেরিংটন—প্রত্যেকেই নিয়েছেন একটি করে উইকেট।
৩০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড কিন্তু ছিল যথেষ্টই ইতিবাচক। কিন্তু জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, স্টিভেন ফিনদের বিপক্ষে ইতিবাচক মনোভাবটা কিন্তু কাজে আসেনি। ভালো ইনিংসের শুরুটা করেছেন, কিন্তু শেষ করতে পারেননি স্কটিশ ব্যাটসম্যানরা। সর্বোচ্চ ৭১ রান আসে উদ্বোধনী ব্যাটসম্যান কাইল কোয়েতজারের ব্যাট থেকে। তবে এরপর অধিনায়ক প্রেস্টন মমসেনের ২৬, ম্যাথু ক্রসের ২৩ আর মাজিদ হকের ১৫ ছাড়া বলার মতো কোনো স্কোর নেই স্কটিশ কার্ডে।
ইংল্যান্ডের পক্ষে স্টিভেন ফিনই আসলে ভেঙে দেন স্কটিশ ব্যাটিংয়ের মেরুদণ্ড। ২৬ রানে তাঁর ঝুলিতে গেছে ৩ উইকেট। পাশাপাশি ক্রিস ওকস, জেমস অ্যান্ডারসন, মঈন আলী—প্রত্যেকেই নিয়েছেন দুইটি করে উইকেট। জো রুটের দখলে গেছে একটি স্কটিশ উইকেট। সূত্র: স্টারস্পোর্টস-৩