ইংলিশদের হারিয়েই দিল উইন্ডিজ

জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্যমাত্রা ছিল ১৯২। লক্ষ্যে পৌঁছতে গিয়ে ৮০ রানে ৫ উইকেট হারিয়ে দল যখন বিপদে, ঠিক তখনই ড্যারেন ব্রাভো আর জারমেই ব্ল্যাকউড ঘুরে দাঁড়ালেন। শতরানের এক জুটিতে দলকে নিয়ে গেলেন জয়ের বন্দরে। ৫ উইকেটে বারবাডোজ টেস্ট জিতে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে ১-১-এ সমতা ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
অ্যালিস্টার কুকের জন্য ব্যক্তিগতভাবে বারবাডোজ টেস্ট ছিল নিজেকে ফিরে পাওয়ার। দীর্ঘ দিন পর নিজে টেস্ট সেঞ্চুরি পেলেও লো স্কোরিং ম্যাচে দলের বাকি ব্যাটসম্যানরা ছিলেন ফ্লপ। প্রথম ইনিংসে ২৫৭ রানে অলআউট হয়ে ক্যারিবীয়দের ১৮৯ রানে শেষ করলেও দ্বিতীয় ইনিংসে নিজেরা ১২৩ রানে গুটিয়ে গিয়ে খেলাটা স্বাগতিকদের হাতেই তুলে দেয় ইংল্যান্ড।
প্রথম ইনিংসে কুক পেয়েছিলেন সেঞ্চুরি। তাঁর ১০৫ রানের ইনিংস মান বাঁচালেও দ্বিতীয় ইনিংসে তিনি করতে পারেননি কিছুই। জস বাটলার আর বেন স্টোকস যথাক্রমে ৩৫ ও ৩২ রানের দুটি ইনিংস না খেললে উইন্ডিজকে ১৯২ রানের লক্ষ্যমাত্রাও দিতে পারত না তারা।
অথচ এই টেস্টে ইংলিশ বোলাররা বল করেছিলেন দুর্দান্ত। প্রথম ইনিংসে ৬৮ রানের লিডটা পাওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জেমস অ্যান্ডারসন ৪২ রানে ৬ উইকেট তুলে নিয়ে। কিন্তু দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতা ইংলিশ বোলারদের সব প্রচেষ্টাকে মিথ্যে বৃথা প্রমাণ করে।
১৯২ রানের লক্ষ্যেও ওয়েস্ট ইন্ডিজকে ভালোই বিপদে ফেলেছিল ইংলিশ বোলাররা। ৮০ রানে ৫ উইকেট হারিয়ে বসে দলটি। জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ক্রিস জর্ডান, মঈন আলী, বেন স্টোকস—প্রত্যেকেই তুলে নিয়েছিলেন একটি করে উইকেট। কিন্তু ব্রাভো আর ব্ল্যাকউড পঞ্চম উইকেট জুটিতে ১০৮ রান তুলে দলকে রক্ষা করেন। ব্রাভোর ব্যাট থেকে আসে ৮২, ব্ল্যাকউডের ৪৭। সূত্র: এএফপি।