
জন্ম-বেড়ে ওঠা বার্মিংহামে। ১৫ বছর বয়সে তাঁর সঙ্গে চুক্তি করেছিল ওয়ারউইকশায়ার। ইংলিশ কাউন্টির সবচেয়ে প্রতিশ্রুতিশীল ক্রিকেটারের পুরস্কার ডেনিস কম্পটন অ্যাওয়ার্ড জিতেছেন টানা দুবার। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন ইংল্যান্ডকে। ওয়াউইকশায়ার ছেড়ে পরে পাড়ি দিয়েছেন উস্টারে। বছর খানেক আগে জায়গা পেয়েছেন ইংল্যান্ড জাতীয় দলেও। তার পরও মঈন মুনির আলী যেন ঠিক ইংলিশ নন!
তিনি ইংল্যান্ডেরই নাগরিক, পাকিস্তানি বংশোদ্ভূত হলেও মনেপ্রাণে ইংলিশ। কিন্তু ক্রিকেটের ধরনে বা মাঠের বাইরে জীবনাচরণে একদমই ‘অ-ইংলিশ।’ ধর্মানুরাগী। মূল্যবোধ যাঁর কাছে মহার্ঘ। কাউন্টি সার্কিটে ব্রিটিশ-এশিয়ানদের কাছে তিনি আদর্শ। ক্রিকেট-দর্শনেও একটু অন্য রকম। আক্রমণাত্মক আর দৃষ্টিনন্দন শব্দ দুটি ইংলিশ ক্রিকেটের সঙ্গে খুব কমই যায়। কিন্তু মঈন আলীর ব্যাটিং দুটিরই যোগফল!
আর বোলিং নিয়ে না বললে তো মঈনকে বোঝানো অপূর্ণই থেকে যায়। একসময়ের খণ্ডকালীন স্পিনার এখন ইংলিশ বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। পতৌদি ট্রফিতে স্পিনে দক্ষ ভারতীয় ব্যাটসম্যানদের নাকানিচুবানি খাওয়ানো যে কোনো ফ্লুক ছিল না, সেটির প্রমাণ দিয়ে যাচ্ছেন নিত্য। স্পিনে মঈন আছেন বলেই চার পেসার খেলাতে পারছে দল। সব মিলিয়ে ‘অ-ইংলিশ’ মঈন এক বছরেই হয়ে উঠেছেন ইংল্যান্ড দলের প্রাণ। দলের ‘এক্স ফ্যাক্টর।’ সেটির প্রমাণ মিলল কালও। প্রতিপক্ষ হয়তো পুঁচকে স্কটল্যান্ড। কিন্তু বাস্তবতা হলো, ক্রাইস্টচার্চে কাল ইংল্যান্ড ও স্কটল্যান্ডের পার্থক্য ছিল একজন মঈনই! ব্যাট হাতে করেছেন ১০৭ বলে ১২৮, দলের বাকি সবাই মিলে ১৯৪ বলে ১৫৪। বল হাতে দুটি উইকেট, একটি প্রতিপক্ষের সর্বোচ্চ রান করা ওপেনার কাইল কোয়েটজারের, আরেকটি মিডল অর্ডারে বিপজ্জনক রিচি বেরিংটনের!
মঈন অবশ্য নিজের বোলিংয়ে এখনো খুশি নন, তবে তৃপ্ত সেঞ্চুরিতে, ‘আজও আসলে খুব ভালো বোলিং করতে পারিনি। আরও অনেক ভালো করতে হবে। তবে উইকেটে অনেকটা সময় কাটাতে পেরে ভালো লাগছে। সেঞ্চুরি করা সব সময়ই বিশেষ কিছু। বিশ্বকাপের সেঞ্চুরি হলে তো কথাই নেই। উইকেট শুরুতে খুব সহজ ছিল না। প্রথম ১০ ওভার টেকাই ছিল আসল পরীক্ষা। ভালো লাগছে দলকে জেতানো সেঞ্চুরি করতে পেরে।’
দলই এখন মঈনের ভাবনাজুড়ে। আশা করছেন, কালকের জয় সামনে ছুটবে জয়রথ হয়ে, ‘স্রষ্টাকে ধন্যবাদ, আমরা জয়ে ফিরলাম। আশা করি, এবার আমরা ছুটব, জিতব পরের তিন ম্যাচও।’ ক্রিকইনফো, এএফপি, রয়টার্স।