ফ্র্যাঙ্ক ওরেল ট্রফি, উইজডেন ট্রফি। অ্যাশেজের পাশাপাশি একসময় এই নামগুলোও শিহরণ জাগাত। অ্যাশেজ এখনো স্বমহিমায়, তবে ফ্র্যাঙ্ক ওরেল ও উইজডেন ট্রফি রং হারিয়েছে অনেক আগেই। কারণটা সবারই জানা—ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের অধঃপতন। এখন ফ্র্যাঙ্ক ওরেল ট্রফি মানেই অস্ট্রেলিয়ার জয়, উইজডেন ট্রফিতেও ইংলিশ আধিপত্য।
র্যা ঙ্কিংয়ের দিকে তাকালে আজ শুরু তিন টেস্ট সিরিজেও পরিষ্কার ফেবারিট মানতে হবে ইংল্যান্ডকে। বিশ্বকাপে যতই খারাপ করুক, ইংল্যান্ড বরাবরই ওয়ানডের চেয়ে ভালো টেস্ট দল। টেস্ট র্যা ঙ্কিংয়েও সেটির প্রতিফলন—দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার পরই ইংল্যান্ড। আর ওয়েস্ট ইন্ডিজ যেখানে শুধু বাংলাদেশ ও জিম্বাবুয়ের ওপরে।
এই সিরিজে শুধুই তিনটি টেস্ট, তার পরও বিশ্বকাপের কথা ঘুরেফিরে আসছে। দুই দলই যে সেখানে চরম ব্যর্থ। ওয়েস্ট ইন্ডিজ তা-ও কোয়ার্টার ফাইনালে উঠেছিল, ইংল্যান্ডের বিশ্বকাপ শেষ হয়ে গেছে গ্রুপ পর্বেই। এরপর ব্যর্থতার কারণ অনুসন্ধান আর কেভিন পিটারসেনের ফিরে আসা না-আসা নিয়েই সময় কেটেছে ইংলিশদের।
পিটারসেন ফিরুন বা না-ফিরুন, এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট প্রত্যাবর্তন হতে পারে জোনাথন ট্রটের। অবসাদগ্রস্ত হয়ে ক্রিকেটকে সাময়িক বিদায় জানানো ইংলিশ ব্যাটসম্যান ক্যারিয়ারের ৫০তম টেস্ট খেলার জন্য মুখিয়ে আছেন। একাদশে সুযোগ পেলে ট্রট ব্যাটিং ওপেন করবেন বছর দেড়েক কোনো সেঞ্চুরি না পাওয়া অধিনায়ক অ্যালিস্টার কুকের সঙ্গে।
নিজেদের ফিরে পাওয়ার লড়াইটা ওয়েস্ট ইন্ডিয়ানরা শুরু করছে ভঙ্গুর এক দল নিয়ে। গত অক্টোবরের ভারত সফরের বিদ্রোহের রেশ রয়ে গেছে এখনো। স্কোয়াডের দিকে তাকালেই পরিষ্কার, বিদ্রোহের কুশীলবরা এখনো অপাঙ্ক্তেয়। নেই দেশের চেয়ে আইপিএলকে প্রাধান্য দেওয়া ক্রিস গেইল ও সুনীল নারাইন। ওয়েস্ট ইন্ডিজের নতুন করে যাত্রা শুরু অন্য অর্থেও—মাত্রই কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান ফিল সিমন্স। আট বছর আয়ারল্যান্ডের কোচ ছিলেন, চমকে দেওয়ার মতো সাফল্যও আছে। তবে এবারের দায়িত্বটা অনেক বেশি কঠিন। এ কারণেই ওয়েস্ট ইন্ডিয়ানদের খুব তাড়াতাড়ি বড় কিছু আশা না করতে বলেও দিয়েছেন। ক্রিকইনফো, ক্রিকেট নেক্সট।
টেস্টে উইন্ডিজ-ইংল্যান্ড
ম্যাচ ও. ইন্ডিজ ইংল্যান্ড ড্র
মোট ১৪৮ ৫৩ ৪৫ ৫০
ও. ইন্ডিজে ৬৫ ২৪ ১৩ ২৮