ইংল্যান্ড এগিয়ে, খুব পিছিয়ে নেই বাংলাদেশ

দশ বছরের অপেক্ষা ফুরোচ্ছে বাংলাদেশের। ২০০৬ সালের পর আবারও চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে যাচ্ছে তারা। কারও অনুকম্পা নয়, নিজেদের যোগ্যতায় সেরা আট দলের একটি হয়ে সুযোগ করে নিয়েছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে এ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি। যে ম্যাচে ইংল্যান্ডকে এগিয়ে রাখলেও বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন হাবিবুল বাশার।
সাবেক অধিনায়ক শুধু অংশগ্রহণে তৃপ্ত নন, প্রাপ্তির খাতায় এ টুর্নামেন্ট থেকে আরও কিছু যোগ করতে চান, ‘বাংলাদেশ এখন যে পর্যায়ে এসেছে, তাতে নতুন করে কিছু প্রমাণ করার নেই। গত দুই বছরে যেকোনো দলকে হারানোর ক্ষমতা দেখিয়েছে তারা। আমি বলব, না জিতলেই বরং ব্যর্থতা হিসেবে দেখা যেতে পারে। এটা কিন্তু ভালো। দলের ওপর প্রত্যাশা বাড়া মানে ধারাবাহিকতা ও মানের উন্নতি হয়েছে।’
এরপরই দুই দলের শক্তি নিরীক্ষায় ব্যস্ত হয়েছেন হাবিবুল। তাঁর চোখে উদ্বোধনী জুটিতে দুই দলই সমতায় আছে, ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারবেন দুই দলের দুই ওপেনার, ‘জেসন রয় ও অ্যালেক্স হেলস অভিজ্ঞ এবং খুব ভালো ক্রিকেট খেলছে। তবে বাংলাদেশের তামিম ইকবাল ও সৌম্য সরকারও খুব পিছিয়ে নেই। তামিম দারুণ পরিণত। সৌম্য কিন্তু বাংলাদেশ দলে রয়ের কাজটা করে। সে যদি একবার ছন্দে আসে, তবে বাংলাদেশের জন্য খুব দারুণ হবে।’
এমন সমতা দুই দলের মিডল অর্ডারেও খুঁজে পাচ্ছেন বিসিবির অন্যতম নির্বাচক হাবিবুল। তাঁর মতে, ইংলিশ কন্ডিশনে নাকি বাংলাদেশের ব্যাটিং ইংল্যান্ডের সঙ্গে পাল্লা দিতে পারবে, ‘ইংল্যান্ডের মিডল অর্ডার খুবই পরিপূর্ণ। জো রুট, এউইন মরগান ও জস বাটলারের মতো ব্যাটসম্যান আছে ওদের। তবে বাংলাদেশের পক্ষে জবাব দিতে আছে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ ও সাকিব আল হাসান। আর সাকিবের উপস্থিতি স্পিনে এগিয়ে রাখছে বাংলাদেশকে।’
তবে বোলিংয়ে নিজেদের পিছিয়ে রাখতে হচ্ছে হাবিবুলকে। পেস-বান্ধব পরিবেশে মরগানের দলকেই শ্রেয়তর বলে মেন নিয়েছেন। তিনি মনে করেন, বেন স্টোকসের মতো একজন খেলোয়াড় শেষ পর্যন্ত ইংল্যান্ডের দিকে পাল্লাটা ভারী করে দেবে, ‘ইংল্যান্ডের যেমন পেসাররা বেশি ভালো। কারও আছে গতি, কেউ সুইং করতে পারে। আর বেন স্টোকসের উপস্থিতি ওদের এগিয়ে রাখছে। সত্যিকারের এক অলরাউন্ডার, যে বোলিং বা ব্যাটিং দিয়ে ম্যাচ শেষ করে দিতে পারে। সে বিধ্বংসী এবং খুবই আকর্ষণীয়। আর চোখের পলকে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।’
প্রকৃতিকেও বাংলাদেশের পক্ষে চাইছেন হাবিবুল। ভারতের বিপক্ষে মাত্র ৮৪ রানে অলআউট হওয়ার পর বাংলাদেশের ব্যাটিং যে কিছুটা ভয় জাগাচ্ছে। সুইং বোলিংয়ের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিংয়ের কঙ্কাল যেন বের না হয়, সে কারণে এমন আশা তাঁর, ‘আশা করছি, লন্ডনে একটা রৌদ্রোজ্জ্বল দিন পাব। উইকেট খুব ভালো থাকবে জানি। কিন্তু মেঘলা আকাশ থাকলে এশিয়ার দলগুলোর জন্য ইংল্যান্ডে ব্যাটিং খুব কঠিন। কারণ, সুইং ঝামেলায় ফেলে দেয়। এমন পরিবেশে আকাশে সূর্যের চেয়ে স্বস্তিদায়ক আর কিছু নেই। বাংলাদেশ তাই আবহাওয়াকে নিজেদের পক্ষে চাইবে।’ সূত্র : আইসিসি ক্রিকেট।