ইংল্যান্ড ক্রিকেট দলে পীড়নের সংস্কৃতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংলিশ ক্রিকেটে পীড়নের সংস্কৃতি তুলে ধরলেন পিটারসেন। ছবি: এএফপি
ইংলিশ ক্রিকেটে পীড়নের সংস্কৃতি তুলে ধরলেন পিটারসেন। ছবি: এএফপি

ইংল্যান্ড ক্রিকেট দল নাকি উৎপীড়নের স্বর্গরাজ্য। দলের জুনিয়র ও অন্যরা কিছু সিনিয়র খেলোয়াড়ের কাছ থেকে এমন উৎপীড়নের শিকার হন, যা অনেক সময়ই সীমা ছাড়িয়ে যায়। অভিযোগটা এসেছে ইংল্যান্ড দল থেকে কিছুদিন আগেই ‘বরখাস্ত’ হওয়া সাবেক অধিনায়ক কেভিন পিটারসেনের কাছ থেকে। তাঁর মতে, ইংলিশ ক্রিকেট দলের সাবেক কোচ অ্যান্ডি ফ্লাওয়ার দলে একটি ভীতিকর সংস্কৃতি গড়ে তুলেছিলেন। তিনি নাকি এমন আচরণ করতেন, যা দলের সাধারণ সদস্যদের মধ্যে ভীতির সঞ্চার হতো।
আজ সোমবার ইংলিশ পত্রিকা দ্য ডেইলি টেলিগ্রাফ-এর সঙ্গে এক একান্ত আলাপচারিতায় পিটারসেন তুলে ধরেছেন ইংল্যান্ড দলের তাঁর অভিজ্ঞতার নানা দিক। খুব শিগগির প্রকাশিত হতে যাচ্ছে তাঁর আত্মজীবনী। টেলিগ্রাফের সঙ্গে সাক্ষাৎকারের ব্যাপারটি নাকি ওই আত্মজীবনী বইয়ের প্রকাশনা ও তার প্রচারের উদ্দেশ্যেই।
তিনি নাকি এখনো জানেন না ঠিক কোন কারণে তাঁকে দল থেকে বরখাস্ত করা হয়েছে। টেলিগ্রাফের সঙ্গে সাক্ষাৎকারের একপর্যায়ে তিনি বলেছেন, ‘আমি এখনো জানি না কেন আমি ইংলিশ দল থেকে বরখাস্ত হয়েছি। কেউ কি আমাকে কারণটা বলবেন। আমি সত্যিই তা জানতে চাই।’
পিটারসেন মনে করেন, তাঁর বরখাস্ত হওয়ার ব্যাপারটি বর্তমান অধিনায়ক অ্যালিস্টার কুককে ফেলে দিয়েছে অসম্ভব এক কঠিন পরিস্থিতির মধ্যে, যাঁর জন্য অন্য কেউ নয়, দায়ী ইংলিশ অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডই (ইসিবি)।
৩৪ বছর বয়সী পিটারসেনকে বিভিন্ন অভিযোগে অস্ট্রেলিয়াতে গত বছরের অ্যাশেজ বিপর্যয়ের পরপরই ইংল্যান্ড দল থেকে বরখাস্ত করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়, তিনি নাকি এক ‘কিম্ভূত চরিত্র’।
পিটারসেন অভিযোগ করেন, ইংলিশ দলে গ্রায়েম সোয়ান, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসনের বোলার এমনকি উইকেটরক্ষক ম্যাট প্রায়ররা সহ-খেলোয়াড়দের বিভিন্ন ভুলে ভয়ংকর প্রতিক্রিয়া দেখান। একটি মিস ফিল্ডিং বা ক্যাচ মিসের পর এসব খেলোয়াড় অন্যদের যেভাবে নাজেহাল করেন, সেটা নাকি কোনো সভ্য দুনিয়ায় ঘটা সম্ভব নয়। তিনি ব্যাপারটির প্রতিবাদও নাকি করেছেন সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রস ও কোচ ফ্লাওয়ারের কাছে। কিন্তু কোনো প্রতিকার মেলেনি।
পিটারসেনের অভিযোগের জবাবে স্ট্রস ও ফ্লাওয়ার নাকি বলেছিলেন, ‘দেখো ওরা যা করছে তার দরকার আছে। মিস ফিল্ডিং বা ক্যাচ মিসের মতো ব্যাপারগুলো তো দলের জন্য মোটেও ভালো কিছু নয়।’
এসব ব্যাপার নিয়ে আলোচনার সময় একটি টিম মিটিংয়ে নাকি ব্রড, অ্যান্ডারসন ও প্রায়রের ওপর প্রচণ্ড খেপে গিয়েছিলেন পিটারসেন। কেন খেপেছিলেন, সেই ব্যাখ্যাও টেলিগ্রাফকে দিয়েছেন দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া সাবেক এই ইংলিশ ক্রিকেটার, ‘আমি সেই মিটিংয়ে বলেছিলাম ভুল-ভ্রান্তি খেলায় হতেই পারে। কিন্তু কোনো ভুলের জন্য কেউ যেন কাউকে কোনোভাবেই অপমান বা নাজেহাল না করে। এর উত্তরে ব্রড-প্রায়র-অ্যান্ডারসনরা বলেছিল, ক্যাচ-ট্যাচ পড়ে গেলে অন্যদের উচিত তাঁদের কাছে ক্ষমা চাওয়া—এই কথার পর আমি প্রচণ্ড রেগে গিয়েছিলাম। এতটাই রেগেছিলাম যে ওই দিন ড্রেসিং রুমে হাতাহাতির মতো ব্যাপার ঘটে যাওয়া অসম্ভব কিছু ছিল না। মনে মনে বলেছিলাম, ‘তোরা কে রে? যে তোদের কাছে অন্যদের ক্ষমা চাইতে হবে। তোরা মানুষ না? ভুল তোদের হতে পারে না?’
পিটারসেনের বিশ্বাস, কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের বিরাগভাজন হওয়ার কারণেই তাঁকে ইংল্যান্ড দলে বারবার সমস্যায় পড়তে হয়েছে। তাঁর মতে, এই লোকটি দলে ভীতির পরিবেশ তৈরি করেছিল। আমি তার প্রতিবাদ করেছিলাম। ফ্লাওয়ারকে সরাসরিই বলেছি, তুমি যেভাবে দল চালাচ্ছ, সেটা ঠিক হচ্ছে না। তুমি চাও, দলের খেলোয়াড়েরা তোমাকে প্রচণ্ড ভয় পাক। তবে মিস্টার ফ্লাওয়ার তুমি জেনে রেখো এই দলে আর যে-ই তোমাকে ভয় পাক, আমি তোমাকে পাই না। এসব কথা ফ্লাওয়ার সাহেবের নিশ্চয়ই ভালো লাগেনি।’
ম্যাট প্রায়রের প্রতিও প্রচণ্ড ক্ষোভ পিটারসেনের । তিনি বলেন, ‘এই লোকটির দুর্ব্যবহারের হাত থেকে কেউই রেহাই পায়নি। রেহাই পায়নি নিক কম্পটন, রবি বোপারা ও জোনাথন ট্রটের মতো খেলোয়াড়েরাও।’ ট্রটের মানসিক সমস্যা এই প্রায়র বা প্রায়রের মতো খেলোয়াড়দের জন্যই হয়েছে বলে সন্দেহ পিটারসেনের।
প্রায়রের বিরুদ্ধে প্রায়ই তিনি ইংলিশ সাজঘরে সোচ্চার হয়েছিলেন বলে জানিয়েছেন পিটারসেন, ‘আমি চাইতাম প্রায়রকে দল থেকে বের করে দিতে। প্রায়র একটা দুষ্টগ্রহের মতো। ওর জন্য পুরো ইংল্যান্ড দলের পরিবেশই বিপন্ন।
২০১২ সালে দক্ষিণ আফ্রিকা সফরে অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রসের সমালোচনা করে এক ম্যাচ বহিষ্কার হয়েছিলেন পিটারসেন। তবে যে শব্দটি উচ্চারণ করে স্ট্রসকে ‘অপমান’ করেছিলেন পিটারসেন, তার জন্য তাঁর যথেষ্ট অনুশোচনাই আছে। পিটারসেন বলেছেন, স্ট্রসকে ওই কথাটা বলা তাঁর উচিত হয়নি। কিন্তু পরক্ষণেই তিনি অনুযোগ করেছেন, ‘আমি স্ট্রসকে যা বলেছিলাম, সেটা অন্যায় ছিল, কিন্তু আমি মনে করি সেটা তেমন বড় কিছু ছিল না। চাইলেই ওটা এড়িয়ে যেতে পারতেন সাবেক ইংলিশ অধিনায়ক। কিন্তু টুইটারে আমাকে নিয়ে যে প্যারোডি বানানো হলো, সেটা কি আমার জন্য অপমানজনক কিছু ছিল না?’ পিটারসেন অভিযোগ করেন, টুইটারের যে অ্যাকাউন্টে ‘কেভিন পিটারসেন’ শিরোনামে তাঁকে নিয়ে অবমাননাকর একটি প্যারোডি পোস্ট করা হয়েছিল, সেই টুইটার অ্যাকাউন্টটি নিয়ন্ত্রিত হয় খোদ ইংলিশ সাজঘর থেকেই।
নিজেকে মোটেও ‘আত্মকেন্দ্রিক’ কিংবা ‘স্বার্থপর’ ব্যাটসম্যান মনে করেন না পিটারসেন। তিনি বলেছেন, সব সময়ই তিনি এমনভাবে খেলেছেন, যা দলের জন্য ভালো হয়। তারপরেও কেউ কেউ কেন তাঁকে ‘স্বার্থপর’ তকমা দিয়েছে, সেটা তিনি এখনো বুঝতে পারেন না।