ইংল্যান্ড দলে ওভারটন যমজ

ক্রিস জর্ডান চোট পেয়ে ছিটকে গেলেন। ডাক পেলেন ক্রেইগ ওভারটন।
দ্বিতীয় ওয়ানডেতে ঊরুর পেশিতে চোট ছিটকে দিল লিয়াম পাঙ্কেটকে। ডাক পেলেন জেমি ওভারটন।
দুদিন আগে-পরের ঘটনা।
নামের মিল দেখে যদি কিছু অনুমান করে থাকেন, ঠিকই করেছেন। দুজনের মধ্যে আত্মীয়তার বন্ধন আছে। ক্রেইগ ও জেমি যমজ ভাই।
দুই ওভারটনের বয়স ২১, খেলেন সমারসেটে। জেমি ফাস্ট বোলার। ক্রেইগ অলরাউন্ডার। কারোরই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি দুই ম্যাচে যদি একসঙ্গে খেলে ফেলেন দুজন, তাহলে একটা ইতিহাসই হবে। ইংল্যান্ডের পক্ষে যে এখনো দুই যমজ ভাইয়ের খেলার কোনো ঘটনা নেই। তবে যমজ ভাইদের ব্যাটের আগুনে পোড়ার অভিজ্ঞতা আছে। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বিখ্যাত যমজ অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ ও মার্ক ওয়াহ অন্য সব দেশের মতো ইংল্যান্ডকেও অনেক যন্ত্রণা উপহার দিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে যমজ দুই ভাইয়ের একসঙ্গে খেলার ঘটনা আর একটিই—নিউজিল্যান্ডের হামিশ ও জেমস মার্শাল। এএফপি।