ইংল্যান্ড দলে দুই নতুন মুখ
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। পরশু ঘোষিত ১২ সদস্যের দলে এসেছেন দুই নতুন মুখ—ওপেনার অ্যাডাম লিথ ও পেসার মার্ক উড। সিরিজের প্রথম টেস্ট লর্ডসে, ২১ মে থেকে।
গত মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ইয়র্কশায়ারের হয়ে ৬৭.৬৮ গড়ে ১৪৮৯ রান করেছেন লিথ। টেস্ট দলে ডাক পাওয়াটা সেই পারফরম্যান্সেরই পুরস্কার। ইংল্যান্ডের ওয়েস্ট ইন্ডিজ সফরে জোনাথান ট্রট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় লর্ডসে অধিনায়ক অ্যালিস্টার কুকের সঙ্গে লিথই ইংল্যান্ড ইনিংস ওপেন করবেন। অ্যান্ড্রু স্ট্রাউস, এখন যিনি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ক্রিকেট পরিচালক, তাঁর অবসরের পর কুক ওপেনিং সঙ্গী হিসেবে পেয়েছেন পাঁচজনকে—নিক কম্পটন, জো রুট, মাইকেল কারবেরি, স্যাম রবসন ও ট্রট। কিন্তু কেউই ওপেনার হিসেবে নয়টির বেশি টেস্ট খেলতে পারেননি। ইংলিশ নির্বাচকদের আশা, অ্যাডাম লিথ দলের ওপেনিং সমস্যার একটা সমাধান করবেন। এএফপি, রয়টার্স।
টেস্টে দলে নতুন হলেও একটি ওয়ানডে খেলেছেন মার্ক উড। গত সপ্তাহে আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টিতে ভেস্তে যাওয়া ম্যাচে ওয়ানডে অভিষেক হয় ডারহাম পেসারের।