ইংল্যান্ড দলে ৩ নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসিব হামিদ, বেন ডাকেট, জাফর আনসারি
হাসিব হামিদ, বেন ডাকেট, জাফর আনসারি

০, ৬৩, ১, ১। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ চার ইনিংসে এউইন মরগানের রান। সেদিকে ইঙ্গিত করে মরগানকে নিয়ে মজা করছেন অনেকেই। ‘নিরাপত্তাশঙ্কা নয়, খারাপ খেলার ভয়েই আসছেন না মরগান।’ রসিকতা; তবে পরিসংখ্যানও বলছে, ওয়ানডেতে মরগানের ব্যাটিং গড় ৩৭ হলেও বাংলাদেশের বিপক্ষে যা ২৯!
কারণ যা-ই হোক, ওয়ানডে অধিনায়কের বাংলাদেশে না আসার সিদ্ধান্তটা অবাক করেছে অনেককেই। সাবেক অধিনায়ক মাইকেল ভনের চোখে, ‘মরগান অনেক বড় একটা ভুল করল। একজন অধিনায়ক দলকে শক্ত হয়ে সামনে এগোতে বলে। ভবিষ্যতে সে এ কাজটি কীভাবে করবে, বুঝতে পারছি না।’

তবে মরগানের সৌভাগ্য ইংল্যান্ডের প্রধান নির্বাচক জেমস হুইটেকার ভনের সঙ্গে একমত নন। নিরাপত্তাশঙ্কায় বাংলাদেশে না পেলেও ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজেই অধিনায়ককে ফিরে পেতে চান হুইটেকার, ‘অধিনায়ক হিসেবে এউইন অসাধারণ কিছু কাজ করেছে। অধিনায়কত্বের জন্য সে ভালো একটা ভিত্তি গড়েছে। আমরা একটু হতাশ যে সে এ সুযোগটা (বাংলাদেশে আসার) নিচ্ছে না, কিন্তু আমরা ভারতে তাকেই অধিনায়ক হিসেবে দেখতে চাই।’

অধিনায়ক সরে দাঁড়ানোয় দলের দায়িত্বটা চেপেছে উইকেটকিপার ব্যাটসম্যান জস বাটলারের কাঁধে। এ তো হলো নেতৃত্বের হাতবদল, কিন্তু মরগানের মতো ব্যাটসম্যানের শূন্যস্থানও তো পূরণ করতে হবে! কঠিন কাজটি দেওয়া হয়েছে বেন ডাকেটকে। নর্দাম্পটনশায়ারের এই বাঁহাতি ব্যাটসম্যানকে ওয়ানডেতে গুরুদায়িত্বই পালন করতে হবে। মরগান ছাড়াও টপ অর্ডারে যে নেই অ্যালেক্স হেলস-জো রুটও। অবশ্য ডাকেটের এতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। ৩৩টি লিস্ট ‘এ’ ম্যাচে ৫৪.৮০ গড়ে ১৩৭০ রান তাঁর। এর মাঝে ২২০ রানের ইনিংসও আছে আগ্রাসী এই ব্যাটসম্যানের।

ডাকেট অবশ্য টেস্ট দলেও ডাক পেয়েছেন। প্রথম শ্রেণিতেও দুর্দান্ত ফর্মে আছেন এই ব্যাটসম্যান। তবে টেস্ট দলে ডাক পাওয়া অন্য দুই নতুন নামই আলোচনার জন্ম দিয়েছে। মাত্র ৯ মাস আগেই স্বপ্ন ভাঙার কষ্ট পেয়েছিলেন হাসিব হামিদ, জানতে পেরেছিলেন বাংলাদেশে আসা হবে না তাঁর। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলে সুযোগ পাননি তিনি! এরপর ল্যাঙ্কাশায়ারের হয়ে কাউন্টিতে এমনই রানের বন্যা বইয়ে দিলেন যে এবার মূল দলের সঙ্গেই বাংলাদেশে আসছেন তিনি। কাউন্টিতে ১৯ ম্যাচে এবার ১৪১১ রান করেছেন ১৯ বছর বয়সী এই পাকিস্তানি বংশোদ্ভূত ব্যাটসম্যান।

ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়েছেন আরও এক পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়। জাফর আনসারি অবশ্য একেবারে নতুন মুখ নন। গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষেই ওয়ানডেতে অভিষেক হয়েছিল সারের এই বাঁহাতি স্পিনারের। কিন্তু বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচে ব্যাটিং-বোলিং কোনোটাই করা হয়নি তাঁর। গত বছর পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে ডাক পাওয়ার পরই চোট পান, ফলে টেস্ট অভিষেকটা পিছিয়ে যায় তাঁর। বাংলাদেশ সফর আবারও তাঁকে সুযোগ করে দিল স্বপ্নের টেস্ট অভিষেকের। এএফপি।

তাঁরা তিন

ডানহাতি ব্যাটসম্যান

বয়স: ১৯

বেন ডাকেট

বাঁহাতি ব্যাটসম্যান

বয়স: ২১

জাফর আনসারি

অলরাউন্ডার

বয়স: ২৪

ইংল্যান্ড ক্রিকেট দলের সফরসূচি

৪ অক্টোবর                  এক দিনের প্রস্তুতি ম্যাচ         ফতুল্লা

৭ অক্টোবর                  ১ম ওয়ানডে (দিবারাত্রি)        মিরপুর

৯ অক্টোবর                  ২য় ওয়ানডে (দিবারাত্রি)        মিরপুর

১২ অক্টোবর                 ৩য় ওয়ানডে (দিবারাত্রি)       চট্টগ্রাম

১৪-১৫ অক্টোবর             দুই দিনের প্রস্তুতি ম্যাচ          চট্টগ্রাম

১৬-১৭ অক্টোবর             দুই দিনের প্রস্তুতি ম্যাচ          চট্টগ্রাম

২০-২৪ অক্টোবর             ১ম টেস্ট                        চট্টগ্রাম

২৮ অক্টোবর-১ নভেম্বর      ২য় টেস্ট                        মিরপুর