ইংল্যান্ড বলেই মনে পড়ছে শফিউলের ব্যাটিং

সুখস্মৃতি ভোলা যায় না। পাঁচ বছর আগে ইংল্যান্ডের বিপক্ষে শফিউল ইসলামের সেই কীর্তিও ভোলার নয়। বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড হলেই মনে পড়বে শফিউলের সেই ২৪ রান।
১৬৯ রানে তখন ৮ উইকেট নেই বাংলাদেশের। চট্টগ্রামে ২০১১ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেই স্নায়ুক্ষয়ী মুহূর্তে ব্যাট হাতে দাঁড়িয়ে গেলেন বোলার শফিউল। বোলার পরিচয়টা তখন হয়তো ভুলেই গিয়েছিলেন। ইংলিশদের চোখ হতভম্ব করে দিয়ে মারলেন ৪টি চার, বিশাল ১টি ছয়। জয়টা দূরে সরে যাওয়ার আগেই মাহমুদউল্লাহর সঙ্গে নবম উইকেটে গড়লেন অবিচ্ছিন্ন ৫৮ রানের দারুণ এক জুটি। ২৪ বলে অপরাজিত ২৪ রানের দারুণ এক ইনিংস খেলে এনে দিলেন স্বপ্নের এক জয়।
আরেকটি ইংল্যান্ড সিরিজের আগে শফিউলকে মনে করিয়ে দেওয়া হলো সেই দুর্দান্ত ব্যাটিংয়ের কথা। উজ্জ্বল এই স্মৃতি হয়তো তাঁর হৃদয়ে এখনো দোলা দেয়। কিন্তু অতীত আঁকড়ে থাকতে চান না শফিউল। তাঁর লক্ষ্য, বোলিংয়ে দুর্দান্ত কিছু করে দলকে জেতাতে, ‘আগের কথা চিন্তা করে লাভ নেই। আল্লাহ লিখে রেখেছিল আর মানুষের দোয়া ছিল বলেই ব্যাটিং করে জিতিয়েছিলাম। তবে এতে যে ব্যাটিংয়ে মনোযোগী, তা নয়। বোলিংটা করে যাচ্ছি। আবারও এমন পরিস্থিতি যদি আসে, ব্যাটিংয়ে কিছু না করতে পারলে কেউ কিছু বলবে না। কিন্তু বোলিংয়ে যদি এমন পরিস্থিতি তৈরি হয় এবং না জেতাতে পারি, তবে কথা উঠবে। আমি আমার কাজ করে যাচ্ছি। বোলিংটাই আমার মূল কাজ।’
ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে হারানোর আরেক ম্যাচেও শফিউলের ছিল বড় ভূমিকা। ২০১০ সালে ব্রিস্টলে স্মরণীয় এক জয় এনে দিয়েছিল তাঁর শেষের ওভার। টেস্টে তাঁর একমাত্র হাফ সেঞ্চুরিও ইংল্যান্ডের বিপক্ষে। ২০১০ সালের মার্চে ঢাকা টেস্টে ইংলিশদের সঙ্গে করেছিলেন ৫৩ রান। জাতীয় দলে নিজের জায়গা যখন অনেকটাই অনিশ্চিত, ‘ইংল্যান্ড’ নামটাও তো শফিউলকে তাতিয়ে দিতে পারে।
এখন জাতীয় দলে পেসারদের তীব্র প্রতিদ্বন্দ্বিতা। ইংল্যান্ড সিরিজ সামনে রেখে প্রাথমিক দলেই আছেন ৯ পেসার। পেসারদের এই প্রতিদ্বন্দ্বিতা ইতিবাচকভাবেই নিচ্ছেন শফিউল, ‘আগেই বলেছি, চ্যালেঞ্জ জিনিসটা আমার খুব ভালো লাগে। পেছনে যত খেলোয়াড় থাকবে নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করতে পারব। আগে প্রতিযোগিতা কম ছিল। বাংলাদেশের এখন যে অবস্থা, একজনের পেছনে পাঁচজন। আমি খারাপ করলে আরেকজন চলে আসবে। এতে পারফরম্যান্স আরও বেশি ভালো করতে হবে। নিজের কাজ করে যাচ্ছি। সুযোগ পেলে ভালো করার চেষ্টা করব।’