ইংল্যান্ড সফরে নেই আফ্রিদি
টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার কারণে পাকিস্তানের অধিনায়কত্ব ছাড়তে হয়েছিল শহীদ আফ্রিদিকে। তবে দেশের হয়ে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছে জানিয়ে রেখেছিলেন ৩৬ বছর বয়সী অলরাউন্ডার। কিন্তু সেটি বোধ হয় আর হচ্ছে না। ইংল্যান্ড সফরের ঘোষিত প্রাথমিক দলেই যে ডাক পেলেন না আফ্রিদি!
ইংল্যান্ড সফরের প্রস্তুতির জন্য ৩৫ খেলোয়াড় নিয়ে একটি ক্যাম্প ডাকা হয়েছে। তাঁদের মধ্য থেকেই সফরের তিনটি দল সাজাবে পাকিস্তান। তাতে নেই আফ্রিদি, আহমেদ শেহজাদ ও উমর আকমল। পরের দুজনের বাদ পড়ার কারণ শৃঙ্খলা ভঙ্গ। আর আফ্রিদি প্রসঙ্গে কাল লাহোরে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক বলেছেন, ‘এ বছর আমরা আর মাত্র ৪টি টি-টোয়েন্টি খেলব। নতুন খেলোয়াড়দের সুযোগ দিতে চাই। এতে আফ্রিদি বিশ্রামও পাবে, স্থানীয় ক্রিকেটেও ভালো করার সুযোগ পাবে।’ ইনজামামের কথায় ইঙ্গিতটা পরিষ্কার, খেলোয়াড় হিসেবে আফ্রিদির পারফরম্যান্সে সন্তুষ্ট নন নির্বাচকেরা। সম্ভবত বিদায় বলে দিতেই হচ্ছে আফ্রিদিকে! এএফপি।