ইংল্যান্ড সফরে পাকিস্তানের ৪ মিডিয়া ম্যানেজার!

আগামী ইংল্যান্ড সফরে পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে চারজন মিডিয়া ম্যানেজার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যে সিদ্ধান্ত ইতিমধ্যেই জন্ম দিয়েছে ব্যাপক সমালোচনারও।
ইংলিশ ও ওয়েলস ক্রিকেট বোর্ড পাকিস্তান ক্রিকেট দলের কার্যক্রমের যে বিবরণ প্রকাশ করেছে, তাতে চারজন মিডিয়া ম্যানেজারের নাম রয়েছে। আগা আকবর, আমজাদ ভাট্টি ও রেজা রশিদ ও কাউন আলী নামের চারজন ইংল্যান্ড সফরের বিভিন্ন সময় দলের মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করবেন বলে জানা গেছে।
পিসিবি অবশ্য চার মিডিয়া ম্যানেজারের এই সিদ্ধান্তের পক্ষেই সাফাই গেয়েছে। তাদের মতে, এর মধ্য দিয়ে একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করার জন্য চারজনকে তৈরি করা যাবে, যা ভবিষ্যতে পাকিস্তান ক্রিকেটের কাজে আসবে।
এদিকে পিসিবির একটি সূত্র জানিয়েছে, বোর্ডের মিডিয়া বিভাগটি এই মুহূর্তে ক্ষমতার দ্বন্দ্বে বেহাল। এই বিভাগে মহাব্যবস্থাপক আগা আকবর ও পরিচালক আমজাদ ভাট্টি দুটো গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন, যে দুই গ্রুপকে দুই ভাগে ভাগ হয়ে পৃষ্ঠপোষকতা করছেন পিসিবির পরিচালকেরা। আলী রেজা ও কাউন আলী হচ্ছেন মিডিয়া বিভাগের দুই ম্যানেজার। আগা আকবর ও আমজাদ ভাট্টির সঙ্গে এই দুই ম্যানেজারও ইংল্যান্ড সফরে দায়িত্ব পালন করবেন। তাঁদের মতে, মূলত ক্ষমতার দ্বন্দ্ব প্রশমিত করতেই এই অদ্ভুত পথে হাঁটার সিদ্ধান্ত পিসিবির। সূত্র: পিটিআই।