ইংল্যান্ড সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অক্টোবরের ইংল্যান্ড সিরিজ কিছুটা হলেও অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে দেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, আগামী কয়েক মাসের অবস্থা দেখেই তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সফর নিয়ে। তবে বিসিবি আশাবাদী, ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজটা সময়মতোই হবে। এখনো পর্যন্ত দুই বোর্ডের আলোচনা সেদিকেই এগুচ্ছে বলে জানালেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

‘ইসিবির কাছ থেকে এখন পর্যন্ত আমরা সফর নিয়ে নেতিবাচক কিছু পাইনি। নিরাপত্তা পর্যবেক্ষণের কথা তারা বলেছেন সংবাদমাধ্যমে, বোর্ড থেকে আমরা সরাসরি সে রকম কিছুও শুনিনি। অক্টোবরের সিরিজ নিয়ে দুই বোর্ডের মধ্যে নিয়মিতই যোগাযোগ হচ্ছে’-আজ সকালে মুঠোফোনে ‘প্রথম আলো’কে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী।
তিন ওয়ানডে ও দুই টেস্টের বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজটি শুরু হওয়ার কথা আগামী ৭ অক্টোবর। সিরিজের আনুষ্ঠানিক সূচিও ঘোষণা হয়ে গেছে এর মধ্যে। খেলা হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। অনিশ্চয়তা কাটিয়ে সিরিজটি সময় মতো না হলে আবারও সংকটে পড়ে যাবে বাংলাদেশের ক্রিকেট। গত বছর অস্ট্রেলিয়া যেটা করেছে, এবার ইংল্যান্ডও যদি একইভাবে বাংলাদেশ সফর থেকে মুখ ফিরিয়ে নিলে দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট দেখার জন্য দীর্ঘ অপেক্ষায় থাকতে হবে সবাইকে।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে গত বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ার ফুটবল দল এক রাতের জন্য ঢাকা সফর করে গেছে। কিন্তু বিসিবি এবং রাষ্ট্রীয় পর্যায় থেকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দেওয়ার পরও তার আগের মাসে ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিল করে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। পরবর্তী সময়ে দুই বোর্ডের আলোচনায় সিদ্ধান্ত হয়, ২০১৭ সালের জুলাই মাসে দুই টেস্টের বকেয়া সিরিজটি খেলতে অস্ট্রেলিয়া দল বাংলাদেশে আসবে। কিন্তু এ বছরের অক্টোবরে ইংল্যান্ড না এলে সেটার নেতিবাচক প্রভাব পড়তে পারে অস্ট্রেলিয়া সিরিজেও।
আগামী এক-দেড় বছরের মধ্যে বাংলাদেশের জন্য নিশ্চিত হোম সিরিজ বলতে আছে ইংল্যান্ড সিরিজটাই। এর বাইরে সম্ভাবনা কেবল অস্ট্রেলিয়া সিরিজের। তবে সেটার সূচি ঘোষণা এখনো বাকি। ইংল্যান্ড সিরিজটি না হলে তাই বাংলাদেশ দলের খেলা দেখার জন্য বিদেশের মাটির আন্তর্জাতিক ক্রিকেটই হবে ভরসা। এদিক দিয়ে অবশ্য সামনে ব্যস্ত সময়ই আসছে। ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে যাবেন সাকিব-তামিমরা। ২০১৭-এর জানুয়ারি-ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কা সফরেরও কথা আছে। এরপর ফেব্রুয়ারিতেই হওয়ার কথা এক টেস্টের ভারত সফর। জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফিতেও আছে বাংলাদেশ। যেটির আগে আয়ারল্যান্ডে স্বাগতিক আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশ খেলবে প্রস্তুতিমূলক ত্রিদেশীয় সিরিজও।
আয়ারল্যান্ডের ক্রিকেট বোর্ড এই সিরিজের সূচি ঘোষণা করে দিয়েছে এরই মধ্যে। আগামী বছরের ১২ মে প্রথম ম্যাচটি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে। বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ ১৭ মে। আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের ফিরতি ম্যাচ ১৯ মে। আর ২৪ মে সিরিজের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।
বাস্তব কারণেই এই মুহূর্তে জাতীয় দলের জন্য নতুন কোনো সিরিজের আলোচনা করা যাচ্ছে না বলে জানিয়েছে বোর্ডের একটি সূত্র। আইসিসির দ্বি-স্তর বিশিষ্ট টেস্ট কাঠামোর আলোচনা কোন দিকে গড়ায়, সেটা নিশ্চিত না হয়ে নাকি ভবিষ্যৎ সফর বা সিরিজের ব্যাপারে আলোচনায় আগ্রহী নয় কোনো বোর্ড। তবে বিসিবি চেষ্টা করছে ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯ দল এবং এইচপি দলের জন্য কিছু সিরিজের ব্যবস্থা করতে। এডিনবরায় গত সপ্তাহে আইসিসির বোর্ড সভায় যোগ দেওয়ার পাশাপাশি কয়েকটি বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন নিজাম উদ্দিন চৌধুরী।