ইংল্যান্ড সিরিজেই শেষ মিসবাহর?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স ৪১ পেরিয়ে গেছে। মিসবাহ-উল হককে পেয়েছে অবসরের ভাবনা। ইংল্যান্ডের সঙ্গে ১৩ অক্টোবর আবুধাবিতে শুরু হতে যাওয়া তিন টেস্টের সিরিজের আগে পাকিস্তানের টেস্ট অধিনায়ক ইঙ্গিত দিলেন, ‘এটাই হতে পারে আমার শেষ।’
টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ২০১২ সালে। গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর বিদায় বলে দিয়েছেন ওয়ানডে ক্রিকেটকেও। ৫৮ টেস্টে ৪৮.১৯ গড়ে ৪০০০ রান করা এই ব্যাটসম্যান হয়তো ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন টেস্টের সিরিজেই শেষবারের মতো নামছেন সাদা পোশাকে। নিজে জানেন, ক্যারিয়ারজুড়ে ভালো খেললেও মানুষ মনে রাখে শেষটাকেই। তাই বিদায় চান ভালো কিছু স্মৃতি নিয়েই। এ কারণেই হয়তো অবসর নিয়ে এখনো একটু দ্বিধায় আছেন, ‘আমি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি।’ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে আগামী ডিসেম্বর-জানুয়ারিতে নির্ধারিত সিরিজ খেলেই অবসর নেওয়ার ইচ্ছা ছিল মিসবাহর। কিন্তু দুই দেশের রাজনৈতিক বৈরিতায় ওই সিরিজটা এখন ঘোর অনিশ্চিত। এএফপি।