ইংল্যান্ড সিরিজের আগেই বিসিএল
ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশে পা রাখার কথা আগামী ৩০ সেপ্টেম্বর। সংশয়ের দোলাচল কাটিয়ে সিরিজটি হলে তাতে ব্যস্ত থাকবেন শুধু বাংলাদেশ দলের খেলোয়াড়েরাই। কিন্তু জাতীয় দলের বাইরের খেলোয়াড়দের সামনে থাকবে কী?
বিসিবির ক্রিকেট পরিচালনা-প্রধান আকরাম খান যা বললেন তাতে ইংল্যান্ড দল বাংলাদেশে আসার আগেই মাঠে নেমে পড়বেন খেলোয়াড়েরা। ২০ সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে যাবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির ক্রিকেট লিগ, বিসিএল। জাতীয় দলের খেলোয়াড়দের প্রস্তুতির সুযোগ করে দিতেই ইংল্যান্ড সিরিজের আগে লিগ শুরু করার এই পরিকল্পনা। আকরাম বললেন, ‘সিরিজ শুরু হওয়ার আগে আমাদের খেলোয়াড়েরা খেলতে পারলে তাদের আত্মবিশ্বাসটা উঁচুতে থাকবে।’
ইংল্যান্ড সিরিজ কিংবা বিসিএল শুরু হতে এখনো দুই মাস বাকি। মাঝের এই সময়েও খেলোয়াড়েরা বসে থাকছেন না। ২৫ জনকে নিয়ে কাল থেকে শুরু হয়ে গেছে হাইপারফরম্যান্স ইউনিটের (এইচপি) কার্যক্রম। এইচপিতে যোগ দিতে বিসিবি একাডেমি ভবনে চলে এসেছেন খেলোয়াড়েরা। আজ থেকে শুরু হবে তাঁদের ফিটনেস টেস্ট। চলবে পরশু পর্যন্ত। এরপর শুরু হবে তাঁদের ক্রিকেটীয় কার্যক্রম।
এইচপির কোচ সাইমন হেলমট এখনো ঢাকায় এসে পৌঁছাননি। ত্রিনবাগোর কোচ হিসেবে তিনি ব্যস্ত এখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। সিপিএল শেষে আগস্টের প্রথম সপ্তাহে তাঁর যোগ দেওয়ার কথা এইচপিতে। এ সময় বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুল আবেদীনের তত্ত্বাবধানে খেলোয়াড়দের নিয়ে কাজ করবেন স্থানীয় কোচরা।
৩০ জনকে নিয়ে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু হচ্ছে ২০ জুলাই থেকে। প্রথম এক সপ্তাহ কিংবা ১০ দিন খেলোয়াড়েরা কাজ করবেন ট্রেনার মারিও ভিল্লাভারায়নের তত্ত্বাবধানে। এরপর শুরু হবে তাঁদের ব্যাট-বলে শাণ দেওয়ার কাজ। যদিও এখনো জানা যায়নি জাতীয় দলের নতুন বোলিং কোচ কে হচ্ছেন? বিসিবি সভাপতি নাজমুল হাসান ঈদের আগেই বলেছিলেন বোলিং কোচ নিয়োগ প্রায় চূড়ান্ত। ঈদের ১০ দিন পরও বোলিং কোচের ব্যাপারে নির্দিষ্ট কিছু জানা যাচ্ছে না। কাল আকরাম বললেন পুরোনো কথাই, ‘বোলিং কোচের ব্যাপারে এখনো কথাবার্তা চলছে। হয়তো দু-তিন দিনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে।’
হলি আর্টিজানের সন্ত্রাসী ঘটনাই নাকি জাতীয় দলের নতুন বোলিং কোচ নিয়োগের প্রক্রিয়াটিকে শ্লথ করে দিয়েছে। আকরাম যদিও তা স্বীকার করেন না, ‘এই কারণে (নিরাপত্তাজনিত) কোনো সমস্যা হয়নি।’