অস্ট্রেলিয়ার জন্য ম্যাচটা বাঁচা-মরার। এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলা ইংল্যান্ডের জন্য মর্যাদার। কেমন হবে ম্যাচ, পার্থক্য গড়ে দেবেনই বা কে? আইসিসির ওয়েবসাইটে লেখা কলামে নিজেদের ভাবনা জানিয়েছেন মাইক হাসি ও ইয়ান বেল

অস্ট্রেলিয়ার জন্য ম্যাচটা জেতো অথবা মরো। আশা করি, বৃষ্টি আসবে না, আর অস্ট্রেলিয়ানরা মাঠে তাদের দক্ষতা ও প্রতিভার প্রমাণ রাখবে। ম্যাচের ফল নির্ধারণের জন্য কয়েকটা ছোট প্লট অবশ্য আছে।
প্রথমত, আবহাওয়া। একটা দল কোনো ম্যাচ পুরোপুরি শেষ না করেই সেমিফাইনালে যেতে পারে, অথবা বাদ পড়তে পারে, এই ভাবনাটাই কেমন পাগুলে লাগছে। অস্ট্রেলিয়ার দিক থেকে ভাবলে দুটিরই তো সম্ভাবনা আছে।
হ্যাঁ, ইংল্যান্ড এই ম্যাচেও ফেবারিট। নিজেদের দুটি ম্যাচই ওরা জিতেছে, দুর্দান্ত ক্রিকেট খেলছে, আত্মবিশ্বাসও উঁচুতে। ইংল্যান্ডের কয়েকজন খেলোয়াড় দুর্দান্ত ফর্মে আছে, এটা অস্ট্রেলিয়ার জন্য অশনিসংকেত। ইংল্যান্ড অনেক গোছানো দল, সবাই তার ভূমিকাটা, তার কাছে প্রত্যাশা কী জানে।
নিউজিল্যান্ডের বিপক্ষে গড়পড়তা পারফরম্যান্সের পর বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বোলাররা ফিরে এসেছে। এটা ভালো। তবে (বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ার আগে) অস্ট্রেলিয়ার কোনো ব্যাটসম্যানই ক্রিজে বেশি সময় কাটানোর সুযোগ পায়নি। ইংল্যান্ডের মতো এত গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এটা আদর্শ প্রস্তুতি নয়।
দুই দলের মধ্যে তাড়নাগত একটা ব্যাপার থাকতে পারে। ইংল্যান্ড সেমিফাইনালে উঠে গেছে বলে চাপমুক্ত। অস্ট্রেলিয়ার জিততেই হবে, তাই সম্ভাব্য সেরাটা খেলার তাড়না থাকবে ওদের। তবে আমি নিশ্চিত, অস্ট্রেলিয়ার মতো ভয়ংকর দলকে বিদায় করে দেওয়াটা খুব পছন্দ হবে ইংল্যান্ডের।
অস্ট্রেলিয়ার জন্য গুরুত্বপূর্ণ হবে জানপ্রাণ দিয়ে চেষ্টা না করা। কারণ মাঝেমধ্যে মাত্রাতিরিক্ত খেলার চেষ্টা করলে খারাপই হয়।
মাইক হাসি: সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান