ইংল্যান্ডকে উড়িয়ে ভারতের সামনে শ্রীলঙ্কা
জমজমাট একটা ম্যাচের প্রত্যাশা ছিল অনেকের। কিন্তু সেই প্রত্যাশায় জল ঢেলে একপেশে ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে যুব বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করল শ্রীলঙ্কা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তারা ইংল্যান্ডকে হারিয়েছে ৬ উইকেটে।
আগের দিন নামিবিয়াকে সহজেই হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। কিন্তু ফাইনালে যাওয়ার লড়াইটা বোধ হয় খুব সহজ হবে না ভারতীয় যুবাদের। কে না জানে ভারতের সঙ্গে শ্রীলঙ্কার লড়াইটা সব পর্যায়েই যথেষ্ট বারুদ ছড়িয়ে দেয়।
লঙ্কান বারুদে কাল পুড়েছে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। আগে ব্যাট করতে নেমে মাত্র ১৮ রানেই দুই ওপেনারকে হারায় ইংল্যান্ড। শুরুর এই ধাক্কা ইংল্যান্ডকে আর সামলে উঠতে দেননি লঙ্কান বোলাররা। ৪৯.২ ওভারে ইংল্যান্ড অলআউট হয়ে যায় ১৮৪ রানে। শ্রীলঙ্কার লেগ স্পিনার ওয়ানিদু হাসারাঙ্গা নিয়েছেন ৩৪ রানে ৩ উইকেট, ১৬ রানে ২ উইকেট পেসার আসিথা ফার্নান্দোর। ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪২ রান এসেছে ক্যালাম টেলরের ব্যাট থেকে।
জবাবে উদ্বোধনী জুটিই লঙ্কানদের জয়ের ভিত গড়ে দেয়। কাভিন বান্দারাকে (২২) নিয়ে ৭৬ রানের জুটি গড়েন আভিশকা ফার্নান্দো। ১০২ রানে দ্বিতীয় উইকেট পড়ার পর তৃতীয় উইকেটে আভিশকা ও চারিথ আসালাঙ্কার জুটি যোগ করে ৬৯ রান। ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা লক্ষ্যে পৌঁছে যায় ৮৬ বল হাতে রেখেই।
আজ ফতুল্লায় চতুর্থ কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে পাকিস্তান। ক্রিকইনফো।