ইংল্যান্ডকে দিয়ে আক্ষেপটা ঘোচাতে চান বাবর আজম

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের হতাশা টি-টোয়েন্টি সিরিজে ভোলাতে চান বাবর।ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর রেকর্ড দেখলে মনে হবে, বাবর আজমের আবার কীসের আক্ষেপ! গড় ৫০.৭২। স্ট্রাইক রেট ১২৮.১৩। যত ম্যাচে তিনি খেলেছেন, তার ৬৮ শতাংশেরও বেশি ম্যাচে জিতেছে পাকিস্তান। ৩৮ ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৩টি ফিফটিও আছে ২৫ বছর বয়সী পাকিস্তানি ব্যাটসম্যানের। তাহলে আক্ষেপটা কী? সেঞ্চুরির ঘরটা যে এখনো শূন্য!

ক্যারিয়ারে ২৯ টেস্টে ১৫ ফিফটির পাশাপাশি ৫টি সেঞ্চুরি আছে তাঁর। ওয়ানডেতেও ৭৪ ম্যাচে ১৫ ফিফটির পাশাপাশি সেঞ্চুরি আছে ১১টি। টি-টোয়েন্টিতেই শুধু তিন অঙ্কের দেখা পাওয়া হলো না বাবরের। আক্ষেপটা ঘোচাতে চান বাবর, এবং সেটি খুব দ্রুতই। ম্যানচেস্টারে আজ বাংলাদেশ সময় রাত ১১টায় ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে নামবে পাকিস্তান। এই সিরিজেই টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরিটা পেতে চান পাকিস্তানের টি-টোয়েন্টি ও ওয়ানডে অধিনায়ক বাবর।

‘যতটা সম্ভব ভালো খেলার চেষ্টা তো সব সময়ই থাকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করা আমার লক্ষ্যগুলোর একটি। সত্যি বলতে, আমার লক্ষ্য এই সিরিজেই একটা সেঞ্চুরি করা’—সিরিজের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপে বলেছেন বাবর।

টি-টোয়েন্টিতে সেঞ্চুরির খুব কাছে অবশ্য বাবর গিয়েছিলেন দুবছর আগেই। ২০১৮ সালের এপ্রিলে করাচিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ওপেনিংয়ে নেমে ৫৮ বলে ৯৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে অপরাজিত ছিলেন বাবর। কিন্তু ১৩ চার ও ১ ছক্কায় গড়া সেই ইনিংসটা সেঞ্চুরির পূর্ণতা পায়নি শেষ ওভারে বাবরেরই ব্যর্থতায়। কেসরিক উইলিয়ামসের করা শেষ ওভারের ৫টি বলই খেলেছিলেন বাবর, কিন্তু তাতে এক চারে নিতে পেরেছেন ৮ রান। গত বছর ফেব্রুয়ারিতে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯০ রান করে আউট হয়েছিলেন বাবর।

সেঞ্চুরির কাছে যেতে পারেননি, তবে ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে না পারার আফসোস অবশ্য এবার ইংল্যান্ডে এসেও হয়েছে বাবরের। তিন টেস্টের সিরিজে পাঁচ ইনিংসে দুটি ফিফটি বাবরের (৬৯ ও ৬৩*), এর বাইরে আরেক ইনিংসে করেছেন ৪৭ রান। টি-টোয়েন্টিতে ইনিংস বড় করার ইচ্ছা বাবরের, ‘ভালো শুরু পেয়েও সেগুলোতে বড় স্কোর করতে পারিনি, এটা হতাশার। কিন্তু এই ভুলগুলো থেকে শিখব আমি। ওই ইনিংসগুলো নিয়ে বিশ্লেষণ করেছি আমি, যাতে সামনের সিরিজে আরও ভালো করতে পারি।’

টেস্ট সিরিজটা অবশ্য ভালো কাটেনি পাকিস্তানের। বৃষ্টিতে দ্বিতীয় টেস্ট ভেসে গেছে, আর তৃতীয় টেস্টটা হয়েছে ড্র। তিন টেস্টের সিরিজ পাকিস্তান হেরেছে ১-০ ব্যবধানে।