হেডিংলি টেস্টে সেঞ্চুরি পেয়েছিলেন। এবার জনি বেয়ারস্টো লর্ডসের শেষ টেস্টেও করেছেন সেঞ্চুরি। কাল ১০৭ রানে অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন। প্রথম ইনিংস শেষে ইংল্যান্ড করেছে ৬ উইকেটে ২৭৯।
লর্ডসে সর্বশেষ ২১ টেস্টের মধ্যে মাত্র একবারই হেরেছে প্রথমে ব্যাট করা দল। সকালে টসে জিতে ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুককে ব্যাটিং নেওয়ার জন্য দুবার ভাবতে হয়নি। দুই ইংলিশ ওপেনার ৫৬ রান যোগ করার পর হেরাথের বলে ফিরে যান হেলস (১৮)। এরপরই হঠাৎ করেই ইংল্যান্ডের ইনিংসে ছোট একটা ধস নামে, ২৮ রানের মধ্যে পড়ে যায় আরও ৩ উইকেট। পরে বেয়ারস্টোকে নিয়ে কুক ইংল্যান্ডকে টেনে তুলেছেন। দুজন পঞ্চম উইকেটে ৮০ রানের জুটিও গড়ে ফেলেছিলেন। কিন্তু ২৯তম সেঞ্চুরিটা ইংলিশ অধিনায়কের পাওয়া হয়নি, ৮৫ রানেই ফিরে গেছেন প্রদীপের দ্বিতীয় শিকার হয়ে।
এরপর মঈন আলীকে নিয়ে হাল ধরেছেন বেয়ারস্টো। ষষ্ঠ উইকেটে দুজন যোগ করেছেন ৫৯ রান। মঈন ২৫ রানে আউট হয়ে গেলেও বেয়ারস্টো মাঠ ছেড়েছেন সেঞ্চুরি নিয়ে। ক্রিকইনফো।