ইংল্যান্ডকে পথ দেখাচ্ছেন বেয়ারস্টো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০৭ রানের ইনিংসের পথে জনি বেয়ারস্টো
১০৭ রানের ইনিংসের পথে জনি বেয়ারস্টো

গত মাসেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, হেডিংলিতে সেঞ্চুরি তাঁর ইচ্ছাপূরণের তালিকায় সবার আগে। এরপরই আছে লর্ডসে একটা সেঞ্চুরি। জনি বেয়ারস্টো তখন কি ভেবেছিলেন, মাত্র এক মাসের মধ্যে দুইটি ইচ্ছাই পূরণ হয়ে যাবে? হেডিংলির পর এবার লর্ডসের শেষ টেস্টেও করেছেন সেঞ্চুরি। ১০৭ রানে অপরাজিত থেকেই আজ মাঠ ছেড়েছেন। প্রথম ইনিংস শেষে ইংল্যান্ড করেছে ৬ উইকেটে ২৭৯।
অথচ দিনটা শ্রীলঙ্কারও হতে পারত। অন্তত দিনের প্রথম সেশন সেরকম ইঙ্গিতই দিচ্ছিল। সকালে টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। লর্ডসে সর্বশেষ ২১ টেস্টের মধ্যে মাত্র একবারই হেরেছে প্রথমে ব্যাট করা দল। কুককে সিদ্ধান্ত নেওয়ার জন্য তেমন একটা ভাবতে হয়নি। তবে প্রথম ইনিংসে ইংলিশ ব্যাটসম্যানদের ভালোই ভুগিয়েছেন শ্রীলঙ্কান বোলাররা। দুই ওপেনার ৫৬ রান যোগ করার পর রঙ্গনা হেরাথের বলে ফিরে যান অ্যালেক্স হেলস (১৮)। এরপরই হঠাৎ করেই ইংল্যান্ডের ইনিংসে ছোট একটা ধস নামে, ২৮ রানের মধ্যে পড়ে যায় আরও ৩ উইকেট। মাত্র ১ রান করেই সুরঙ্গা লাকমলের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন নিক কম্পটন। জো রুটও ৩ রান করে এলবিডব্লু লাকমলের বলেই। ১০ রানে জেমস ভিন্সকে ফিরিয়ে দিয়েছেন নুয়ান প্রদীপ।
তবে বেয়ারস্টোকে নিয়ে কুক ইংল্যান্ডকে টেনে তুলেছেন। দুজন পঞ্চম উইকেটে ৮০ রানের জুটিও গড়ে ফেলেছিলেন। কিন্তু ২৯তম সেঞ্চুরিটা ইংলিশ অধিনায়কের পাওয়া হয়নি, ৮৫ রানেই ফিরে গেছেন প্রদীপের দ্বিতীয় শিকার হয়ে।
এরপর মঈন আলীকে নিয়ে হাল ধরেছেন বেয়ারস্টো। ষষ্ঠ উইকেটে দুজন যোগ করেছেন ৫৯ রান। মঈন ২৫ রানে আউট হয়ে গেলেও বেয়ারস্টো একটু একটু করে এগিয়ে গেছেন সেঞ্চুরির দিকে। ভাগ্যের ছোঁয়াও অবশ্য পেয়েছেন। ১১ রানে মিড উইকেটে তাঁর ক্যাচ ফেলে দিয়েছেন শমিত ইরাঙ্গা। আবার ৫৬ রানের সময় সেই ইরাঙ্গাই দুর্ভাগ্যের শিকার। শ্রীলঙ্কার পেসারের এলবিডব্লুর জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। পরে রিভিউতে দেখা গেছে, বলটা মিডল ও লেগ স্টাম্পের মাঝামাঝিই আঘাত হানছিল। কিন্তু ‘আম্পায়ারস কলের’ জন্য ওই যাত্রা বেঁচে গেছেন বেয়ারস্টো। সুযোগটা কাজে লাগিয়ে পেয়েছেন সিরিজের দ্বিতীয় সেঞ্চুরি। ১৯৩০ সালে লেস এমেসের পর এই প্রথম কোনো ইংলিশ উইকেটকিপার এক সিরিজে দুইটি সেঞ্চুরি পেলেন।