ইংল্যান্ডকে পাত্তাই দিল না প্রোটিয়ারা
ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগান কোনটিকে বলবেন ম্যাচের টার্নিং পয়েন্ট? নিজেদের ইনিংসের শেষ দিকে ব্যাটসম্যানদের অমন আসা-যাওয়ার মিছিল? নাকি ডি ভিলিয়ার্স-আমলার বিধ্বংসী ব্যাটিং? দুইয়ে মিলেই তো কাল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও দক্ষিণ আফ্রিকার কাছে হারল ইংলিশরা।
হয়তো দক্ষিণ আফ্রিকার দুই ওপেনারের ঝড়ের কথাই বলবেন মরগান। ১৭১ রান খারাপ তো নয়, কিন্তু সেটিও যদি কোনো দল ৯ উইকেট আর ৩২ বল হাতে রেখে পেরিয়ে যায়, সে ক্ষেত্রে কৃতিত্বটা তাদেরই দিতে হবে। ডি ভিলিয়ার্স ২৯ বলে করলেন ৭১। আমলাও কম কিসে! ৬৯ রান করেছেন ৩৮ বলে! ডি ভিলিয়ার্স আউট হওয়ার আগে মাত্র ৮.১ ওভারেই ১২৫ করে ফেলে দক্ষিণ আফ্রিকা। পরে নেমে ২১ বলে ২২ রান করেছেন অধিনায়ক ফাফ ডু প্লেসি।
এর আগে ব্যাট করতে নেমে বাটলারের ২৮ বলে ৫৪ রানের সঙ্গে রুট-মরগানের দুটি ৩০ পেরোনো ইনিংসে ভর করে ৩ উইকেটে ১৫৭ করে ফেলেছিল ইংল্যান্ড। কিন্তু বাটলার আউট হতেই যেন মড়ক লাগল। ২০ বলের মধ্যে হারিয়ে ফেলল বাকি ৭ উইকেট! তাতে রান এসেছে মাত্র ১৪! সূত্র: ক্রিকইনফো।