ইংল্যান্ডকে পাল্টা শাসালেন রিয়াজ

হুমকিটা আসলে প্রথম এসেছিল ইংল্যান্ডের দিক থেকে। সেই হুমকির জবাব দিতে একটুও দেরি করল না পাকিস্তান। দলের হয়ে জবাবটা দিলেন পেসার ওয়াহাব রিয়াজ। পরিষ্কার জানিয়ে দিলেন, শুধু মোহাম্মদ আমির কেন, অন্য যেকোনো পাকিস্তানি খেলোয়াড়কেও যদি স্লেজিং করা হয়, পাল্টা জবাব দেবেন তাঁরা। আর সে জবাব হতে পারে প্রতিপক্ষের চেয়ে আরও কঠিন। কাল থেকে সিরিজ শুরু। তার আগে এমন হুমকি-পাল্টা হুমকিতে সিরিজ জমে গেল কথার লড়াইও।
২০১০ সালে যে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের কারণে ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন, সেই লর্ডসেই প্রায় ছয় বছর পরে টেস্ট প্রত্যাবর্তন হচ্ছে পাকিস্তানি পেসার আমিরের। এটা নিশ্চিত হওয়ার পর থেকেই ব্রিটিশ সংবাদমাধ্যম আকার-ইঙ্গিতে বলে যাচ্ছে, তাঁর এই প্রত্যাবর্তন ভালোভাবে নাও নিতে পারে ইংল্যান্ডের দর্শকেরা। সাবেক ও বর্তমান অনেক ইংলিশ খেলোয়াড়ও প্রকাশ্যেই বলেছেন, লর্ডসে গালাগাল শুনতে হতে পারে আমিরকে। আর এমনিতেও ইংল্যান্ড-পাকিস্তান সিরিজে তো বৈরিতার ইতিহাস আছেই।
২০১০ সালের ওই সিরিজেও প্রকাশ পেয়েছিল তা। স্পট ফিক্সিং কেলেঙ্কারির পর ওয়ানডে সিরিজ শুরুর আগে লর্ডসের নেটে লেগে গিয়েছিল ওয়াহাব রিয়াজ ও ইংলিশ ব্যাটসম্যান জোনাথন ট্রটের। উত্তপ্ত বাক্য বিনিময়ের পর যখন প্রায় হাতাহাতির দশা, টেনে আলাদা করতে হয়েছিল দুজনকে। আরও একবার দুই দল মুখোমুখি হওয়ার আগে সেই ঘটনার কথাও বারবার আসছে। কাল রিয়াজ সংবাদ সম্মেলনে আসায় স্বাভাবিকভাবেই প্রসঙ্গটা উঠল। রিয়াজ কিন্তু এখনো মনে করেন ওই ঘটনায় দোষ ট্রটেরই ছিল, ‘সে একটু অভদ্র আচরণ করেছিল। রেগে ছিল তখন। রান করতে পারছিল না, শুরুতেই আউট হয়ে যাচ্ছিল ওয়ানডেতে। টেস্টেও ভালো করছিল না। ও আমার ওপর নিজের হতাশা ঝাড়তে চেয়েছিল।’
এবারও ইংল্যান্ডের কেউ সে রকম কিছু করলে ছাড় দিতে রাজি নন রিয়াজ, ‘যদি অভদ্র আচরণের ব্যাপার আসে, পাকিস্তানকে কেউ হারাতে পারবে না। যখন দরকার হয়, আমাদের চেয়ে অভদ্র আর কেউ হতে পারে না। এমনিতে আমরা ভালো মানুষ। কিন্তু কেউ যদি আমাদের সঙ্গে অভদ্র আচরণ করে, আমরা ছেড়ে দেব না।’ আমিরকে নিয়ে বেশি খোঁচাখুঁচিটাও যে তাঁর পছন্দ নয়, ব্রিটিশ সংবাদমাধ্যমকে সেটা পরিষ্কার করেই জানিয়ে দিলেন রিয়াজ, ‘যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন বর্তমান নিয়ে বাঁচুন।’ এএফপি।